BJP Rajya Sabha Candidates: 'ব্রাত্য' দুই কেন্দ্রীয় মন্ত্রী! রাজ্যসভার ১১ আসনের প্রার্থী ঘোষণা BJP-র, কারা টিকিট পেলেন?
BJP Rajya Sabha Candidates: মধ্যপ্রদেশ থেকে বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘকে রাজ্যসভা প্রার্থী করা হয়েছে। তাঁকে বেছে নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুর পরিবর্তে।
BJP Rajya Sabha Candidates: আগামী ১৮ জুন ১০টি রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনে নির্বাচন। আর আসন্ন রাজ্যসভা নির্বাচনে জন্য বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। মধ্যপ্রদেশ থেকে বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘকে রাজ্যসভা প্রার্থী করা হয়েছে। তাঁকে বেছে নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুর পরিবর্তে। ফলে রবনীত সিং বিট্টু এবার রাজ্যসভা টিকিট না পাওয়ায় নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভা থেকে তাঁর বিদায় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। একইভাবে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানকেও এবার রাজ্যসভায় পুনরায় মনোনয়ন করেনি বিজেপি। ফলে তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভায় ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা।

বিজেপির কেন্দ্রীয় সংসদীয় নির্বাচন সমিতির বৈঠকে মোট ১০ প্রার্থীর নামে সিলমোহর দেওয়া হয়। পাশাপাশি, ওড়িশার একটি আসনের উপনির্বাচনেরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরপরেই তরুণ চুঘকে ঘিরে নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা উঠে আসছে রাজনৈতিক মহলে। অন্যদিকে, মধ্যপ্রদেশ থেকে রাজ্যের মন্ত্রী রজনীশ আগরওয়ালের নামও প্রার্থী তালিকায় রাখা হয়েছে। বিজেপির এই সিদ্ধান্তে আরও একটি চমক হলো পাঞ্জাবের প্রবীণ নেতা ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুনীল জাখড়কে রাজ্যসভা টিকিট না দেওয়া। এই সিদ্ধান্তে পাঞ্জাব বিজেপির অন্দরে বিস্ময় তৈরি হয়েছে। রাজস্থানে তিনটি রাজ্যসভা আসনের মধ্যে দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। সেখানে সতীশ পুনিয়া এবং আলকা গুর্জরকে প্রার্থী করা হয়েছে। সতীশ পুনিয়া রাজস্থানের প্রাক্তন বিজেপি সভাপতি এবং দলের অন্যতম পরিচিত মুখ। আলকা গুর্জরও রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রাখেন।
অন্যদিকে, বিজেপির ঘোষিত তালিকা অনুযায়ী, অরুণাচল প্রদেশের একমাত্র আসনে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন তাই তাগাক। গুজরাটের চারটি আসনেও ভোট হবে। ওই চার আসনে দলের প্রার্থী হয়েছেন, রাজু ভাই শুক্লা, মুকেশভাই রাঠোয়া, মানসিং পারমার এবং জিতেন্দ্র মেঘঝিভাই কাঞ্জারিয়া। ১০ রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনের পাশাপাশি ওড়িশার একটি আসনেও ১৮ জুন উপনির্বাচন হবে। ওড়িশা থেকে রাজ্যসভা উপনির্বাচনের জন্য দেবাশিস সামন্ত্রয়কে প্রার্থী করেছে বিজেপি। এক সময়ের নবীন পট্টনায়েকের সঙ্গী দেবাশিস সামন্ত্রয়-কে সম্প্রতি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও বিজেপির শরিক দল টিডিপিও অন্ধ্রপ্রদেশের চারটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করবে। টিডিপি তিনটি আসন এবং চতুর্থটি এনডিএ-র আরেক শরিক দল জনসেনাকে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন মুখদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার কৌশল নিচ্ছে বিজেপি। এই তালিকা প্রকাশের মাধ্যমে রাজ্যসভায় নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে বিজেপি। একই সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ নেতাকে বাদ দেওয়া হওয়ায় এটিকে বড় ধরনের সাংগঠনিক রদবদল হিসেবেই দেখা হচ্ছে।
E-Paper

