BJP Slams Rahul Gandhi: 'অরাজকতা সৃষ্টি করে...,' রাহুলকে 'সরকার উৎখাতের ষড়যন্ত্র'র তোপ BJP-র

BJP Slams Rahul Gandhi: গত মঙ্গলবার কংগ্রেসের সংখ্যালঘু উপদেষ্টা কমিটির এক বৈঠকে রাহুল গান্ধী নাকি বলেছিলেন, আগামী এক বছরের মধ্যে মোদী সরকার পড়ে যাবে। আর তাঁর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া এক্স-এ কড়া প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

Published on: May 24, 2026, 19:26:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

BJP Slams Rahul Gandhi: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশে 'অরাজকতা সৃষ্টি করে' নরেন্দ্র মোদীর সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-সহ একাধিক বিজেপি নেতার দাবি, রাহুল গান্ধী বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন। তাঁর 'পরিকল্পনা'ও ফাঁস হয়ে গিয়েছে।

রাহুল গান্ধীকে 'সরকার উৎখাতের ষড়যন্ত্র'র তোপ BJP-র (AICC)
রাহুল গান্ধীকে 'সরকার উৎখাতের ষড়যন্ত্র'র তোপ BJP-র (AICC)

এর আগে, গত মঙ্গলবার কংগ্রেসের সংখ্যালঘু উপদেষ্টা কমিটির এক বৈঠকে রাহুল গান্ধী নাকি বলেছিলেন, আগামী এক বছরের মধ্যে মোদী সরকার পড়ে যাবে। তাঁর দাবি, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করবে। আর তাঁর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া এক্স-এ কড়া প্রতিক্রিয়া জানান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি লেখেন, 'রাহুল গান্ধীর এই বক্তব্য কংগ্রেস, বিরোধী দল এবং টুলকিট গ্যাংয়ের বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এটি সাধারণ মন্তব্য নয়, বরং দেশে অরাজকতা তৈরির পরিকল্পনা।' তিনি আরও বলেন, 'যখন রাহুল গান্ধী ও তাঁর সহযোগীরা বুঝতে পারলেন যে, দেশের মানুষের হৃদয় থেকে নরেন্দ্র মোদী-কে সরানো সম্ভব নয় এবং গণতান্ত্রিক লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি-কে পরাজিত করা যাচ্ছে না, তখন তাঁরা দেশে হিংসা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছেন।'

পীযূষ গোয়েলের অভিযোগ, কংগ্রেস দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপমান করছে। তিনি বলেন, 'দেশের মানুষ যথেষ্ট সচেতন। তারা রাহুল গান্ধী, বিরোধী শিবির এবং দেশবিরোধী শক্তিগুলিকে খুব ভালোভাবেই চেনে। ইন্ডিয়া জোটের দেশকে অশান্ত করার চক্রান্ত কখনও সফল হবে না।' এদিকে, বিজেপি সাংসদ সম্বিত পাত্রও রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। এক ভিডিও বার্তায় তাঁর দাবি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও ঔদ্ধত্য দেখিয়েছেন। হিংসা উস্কে দিয়ে এবং অরাজকতার মাধ্যমে (মোদী) সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন তিনি। বিজেপি নেতা আরও অভিযোগ করেন, রাহুলের মন্তব্য থেকে এটা একেবারে স্পষ্ট যে তিনি জর্জ সোরোস এবং তাঁর বিদেশ ভ্রমণের অর্থায়নকারী বিদেশি সংস্থাগুলোর মতো 'প্রভুদের' নির্দেশে একটি 'বিদেশি এজেন্ডা' অনুসরণ করছেন, যার উদ্দেশ্য ভারতে গণতন্ত্রের অবসান ঘটানো। তাঁর কথায়, 'রাহুল গান্ধী অতীতেও এ ধরনের মন্তব্য করেছেন। ২০১৯ সালেও তিনি বলেছিলেন, এমন সময় আসবে যখন মানুষ রাস্তায় নেমে প্রধানমন্ত্রীকে লাঠি দিয়ে মারবে।' বিজেপি নেতার দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাতের কারণে যখন নানা দেশ সমস্যার সম্মুখীন হচ্ছে, তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, 'যতদিন এই সরকার জনগণের আশীর্বাদ পাবে, ততদিন দেশের সেবা করে যাবে।'