Twisha Sharma: সংবাদমাধ্যমে বিবৃতি নয়! ত্বিষা মৃত্যুর মামলায় নিরপেক্ষ তদন্তে জোর, CBI-কে দায়িত্ব সুপ্রিম কোর্টের
Twisha Sharma: প্রধান বিচারপতি বলেন, মামলাটিকে কেন্দ্র করে জনমানসে যে মতামত তৈরি হয়েছে, তা নিয়ে আদালত উদ্বিগ্ন।বিশেষ করে এমন অভিযোগ উঠছিল যে মৃতার শাশুড়ি গিরিবালা সিং একজন প্রাক্তন জেলা বিচারক এবং তাঁর স্বামী একজন আইনজীবী হওয়ায় স্থানীয় প্রশাসন বা বিচারব্যবস্থা নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টি করছে।
Twisha Sharma: বিয়ের কয়েক মাসের মধ্যেই ত্বিষা শর্মার অস্বাভাবিক মৃত্যুতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। ত্বিষার রহস্যমৃত্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। সোমবার সেই মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার ঘটনার তদন্ত করতে সিবিআই-কে দায়িত্ব দিয়েছে।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্ষ কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চালির বেঞ্চ জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের উচিত সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা। এই ঘটনায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনার তদন্ত অবশ্যই 'নিরপেক্ষ, স্বাধীন এবং পক্ষপাতহীন' হতে হবে। তাই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের উচিত, কেবল মাত্র তদন্তকারী সংস্থার কাছেই বক্তব্য পেশ করা।
নিরপেক্ষ তদন্তের উপর জোর আদালতের
এদিন মামলার শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, মামলাটিকে কেন্দ্র করে জনমানসে যে মতামত তৈরি হয়েছে, তা নিয়ে আদালত উদ্বিগ্ন। বিশেষ করে এমন অভিযোগ উঠছিল যে মৃতার শাশুড়ি গিরিবালা সিং একজন প্রাক্তন জেলা বিচারক এবং তাঁর স্বামী একজন আইনজীবী হওয়ায় স্থানীয় প্রশাসন বা বিচারব্যবস্থা নিরপেক্ষ তদন্তে বাধা সৃষ্টি করছে। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, 'যে ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। সেই কারণেই সিবিআই তদন্তভার নেবে। আমরা রাজ্য পুলিশ এবং বিচারব্যবস্থার উপর আস্থা রাখি।' বেঞ্চ আরও জানায়, 'যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেখানে নিশ্চিত করতে হবে যাতে সম্পূর্ণ নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত হয়।'
একই সঙ্গে আদালত জানায়, খুব তাড়াতাড়ি এই ঘটনার তদন্তভার গ্রহণ করবে সিবিআই। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করেছে। সোমবার আদালত বলে, 'সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলব, যাতে সিবিআই দ্রুত তদন্ত শুরু করতে পারে সেটা দেখুন।'
সংবাদমাধ্যমে প্রচার নিয়ে উদ্বিগ্ন আদালত
পাশাপাশি, সুপ্রিম কোর্ট সংবাদমাধ্যম এবং মামলার সঙ্গে যুক্ত উভয় পক্ষকেই কড়া নির্দেশ দিয়েছে। কোনও সম্ভাব্য সাক্ষীর বয়ান বা সাক্ষাৎকার যাতে সংবাদমাধ্যমে সম্প্রচার না করা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিরা বলেন, 'আমরা সংবাদমাধ্যমকে অনুরোধ করছি সম্ভাব্য সাক্ষীদের বক্তব্যকে 'সাউন্ড বাইট' হিসেবে ব্যবহার করবেন না। এতে তদন্ত শেষ হওয়ার আগেই একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়।' প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমরা বিশ্বাস করি গণমাধ্যমের কারণে এই মামলার তদন্তে কিছুটা অগ্রগতি সাধিত হয়েছে। তবে আমাদের কোনও ধরনের ন্যারেটিভ তৈরি করা থেকে বিরত থাকা উচিত।’ একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের উচিত সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের উচিত, কেবল মাত্র তদন্তকারী সংস্থার কাছেই বক্তব্য পেশ করা।
সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য
রাজ্যের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় পার্সোনেল ও ট্রেনিং দফতর অর্থাৎ ডিওপিটি আজকালের মধ্যেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। তিনি আদালতকে জানান, মামলার অন্যতম অভিযুক্ত তথা ত্বিষার শাশুড়ি গিরিবালা সিং গত ১৫ মে আগাম জামিন পেয়েছেন। তবে পুলিশ তাঁকে বয়ান রেকর্ড করার জন্য ডাকলেও তিনি আসেননি। এমনকী পুলিশ তাঁর বাড়িতে গিয়ে বয়ান নেওয়ার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। তবে গত ১৫ মে-র জামিনকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও নিহতের পরিবার। এদিকে, ত্বিষার স্বামী সমর্থ সিং এফআইআর দায়ের হওয়ার পর থেকে ১০ দিন পলাতক ছিল। তবে গত ২২ মে ভোপাল পুলিশের কাছে আত্মসমর্পণ করে বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
ত্বিষা শর্মার পরিবারের আইনজীবী কী বললেন?
ত্বিষার পরিবারের আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতে জানান, ঘটনায় অন্যতম অভিযুক্ত গিরিবালা সিং বিভিন্ন টিভি চ্যানেলে মৃত তরুণীর ব্যক্তিগত জীবন নিয়ে এমন সব মন্তব্য করেছেন, যা মৃতের পক্ষে অসম্মানজনক। একই সঙ্গে ওই আইনজীবী জানান, মৃত্যুর তিন দিন পরে পুলিশ এফআইআর দায়ের করেছে। তদন্তকারীরা তথ্যপ্রমাণ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। মৃত তরুণীর শাশুড়ি তাঁর ফোনের কল ডিটেলস সর্বসমক্ষে প্রকাশ করেছেন, যা আদৌ সমর্থন যোগ্য নয়। অন্যদিকে, অভিযুক্তদের পক্ষের আইনজীবী সিদ্ধার্থ ডাভে ত্বিষার মৃত্যু নিয়ে মিডিয়া কভারেজের প্রবল আপত্তি জানান। তিনি তাঁর সওয়ালে জানান, ম্যাজিস্ট্রেটের কাছে যে গোপন জবানবন্দি দেওয়া হয়েছে, তা বিস্তারিত আকারে সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে।
E-Paper

