মহিলাদের সংরক্ষণে কোনও বাধাই মানবে না মোদী সরকার! বিরোধীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, ২০২৯-এর ভোটেই ৩৩% আসন মহিলাদের

প্রধানমন্ত্রী জানিয়েছেন, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই পথে যত বাধাই আসুক, তা সরিয়ে ফেলা হবে। যে রাজনৈতিক দলগুলি এই উদ্যোগের বিরোধিতা করছে, তারাও শেষ পর্যন্ত সফল হবে না।

Published on: Nov 28, 2026, 13:33:00 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে আর কোনও বাধা বরদাস্ত করবে না কেন্দ্র। সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করতে যে কোনও বাধা সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তাঁর স্পষ্ট বার্তা, মহিলাদের সংরক্ষণের বিরোধিতা করে কোনও রাজনৈতিক দল সফল হবে না। দেশের নারীশক্তিকে ন্যায্য অধিকার দেওয়া হবেই। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, এই অধিবেশনেই মহিলা সংরক্ষণ এবং নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত নতুন বিল আনার প্রস্তুতি নিয়েছে কেন্দ্র।

মহিলাদের সংরক্ষণে কোনও বাধাই মানবে না মোদী সরকার! বিরোধীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, ২০২৯-এর ভোটেই ৩৩% আসন মহিলাদের (PTI)
মহিলাদের সংরক্ষণে কোনও বাধাই মানবে না মোদী সরকার! বিরোধীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, ২০২৯-এর ভোটেই ৩৩% আসন মহিলাদের (PTI)

প্রধানমন্ত্রী জানিয়েছেন, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই পথে যত বাধাই আসুক, তা সরিয়ে ফেলা হবে। যে রাজনৈতিক দলগুলি এই উদ্যোগের বিরোধিতা করছে, তারাও শেষ পর্যন্ত সফল হবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, মহিলা সংরক্ষণের বিষয়টিকে আর পিছিয়ে রাখতে রাজি নয় তাঁর সরকার।

কেন নতুন করে বিল আনছে কেন্দ্র?

২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয়েছিল নারীশক্তি বন্দন অধিনিয়ম। এই আইনে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু আইন পাশ হলেও এখনও তা কার্যকর হয়নি। কারণ, এই সংরক্ষণ কার্যকর করার সঙ্গে জনগণনা এবং ডিলিমিটেশন প্রক্রিয়াকে যুক্ত করা হয়েছিল। ফলে পরবর্তী জনগণনা ও নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাস শেষ না হওয়া পর্যন্ত মহিলাদের সংরক্ষণ কার্যকর হওয়ার সুযোগ ছিল না।

কেন্দ্র এবার সেই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে। ২৭ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে। প্রস্তাব অনুযায়ী, লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। পাশাপাশি ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে সংসদীয় আসনের বর্তমান আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখার প্রস্তাব রয়েছে। এর ফলে উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা কমাতে চাইছে কেন্দ্র।

আগের বার ধাক্কা খেয়েছিল মোদী সরকার

মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য এর আগেও সংসদে সংবিধান সংশোধনী বিল এনেছিল কেন্দ্র। কিন্তু গত এপ্রিল মাসে লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি পাশ করানো সম্ভব হয়নি। ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়েছিল। বিপক্ষে ভোট দেন ২৩০ জন সাংসদ। ফলে বড় ধাক্কা খেয়েছিল সরকার।

বিরোধীদের আপত্তি ছিল, মহিলা সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশনকে যুক্ত করে কেন্দ্র আসলে দেশের নির্বাচনী মানচিত্র বদলাতে চাইছে। জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের রাজ্যগুলি বেশি লাভবান হতে পারে। অন্যদিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্য, মহিলা সংরক্ষণ কার্যকর করতে চাইলে সেটিকে ডিলিমিটেশন থেকে আলাদা রাখা উচিত।

৩০ নভেম্বর থেকে বিশেষ অধিবেশন

আগামী ৩০ নভেম্বর থেকে লোকসভার চার দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। ২ ডিসেম্বর থেকে রাজ্যসভার বৈঠকও বসবে। এই অধিবেশনেই নতুন বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর শাসকদল ডিএমকে নতুন প্রস্তাবে সমর্থনের কথা জানানোয় কেন্দ্রের রাজনৈতিক অঙ্কও কিছুটা সহজ হয়েছে।

সব মিলিয়ে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে চাইছে মোদী সরকার। তবে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ফলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পাশাপাশি বিরোধীদের আপত্তি এবং সংসদের ভোটাভুটিই ঠিক করবে, মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর এই উদ্যোগ কত দ্রুত বাস্তবায়িত হয়।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।