Modi on Quota: মুসলিমদের সংরক্ষণ দিতে ওবিসি কোটায় কোপ চায় বিরোধীরা! সংবিধান দিবসে কংগ্রেসকে তোপ মোদীর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে একটি নিবন্ধ লেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় তাঁর সেই লেখা। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল।

Published on: Nov 26, 2026, 11:49:41 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সংবিধান দিবসেও বিরোধীদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ কমালেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত আসন কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চায় বিরোধীরা। সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত একটি নিবন্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী। তাঁর নিশানায় মূলত কংগ্রেস। মোদীর দাবি, সংবিধান প্রণেতারা, বিশেষ করে ডক্টর বি আর আম্বেদকর, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিরোধী ছিলেন। অথচ বিরোধী শিবির সেই পথেই এগোতে চাইছে। একই সঙ্গে সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কটাক্ষ, বিরোধী দল এখন আর বিরোধী পক্ষ নয়, বরং বাধা দেওয়ার পক্ষ বা 'অবরোধ পক্ষ' হয়ে উঠেছে।

মুসলিমদের সংরক্ষণ দিতে ওবিসি কোটায় কোপ চায় বিরোধীরা! সংবিধান দিবসে কংগ্রেসকে তোপ মোদীর (Handout)
মুসলিমদের সংরক্ষণ দিতে ওবিসি কোটায় কোপ চায় বিরোধীরা! সংবিধান দিবসে কংগ্রেসকে তোপ মোদীর (Handout)

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে নিজের ওয়েবসাইটে একটি নিবন্ধ লেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় তাঁর সেই লেখা। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই দিনটির স্মরণেই প্রতি বছর সংবিধান দিবস পালন করা হয়। নিবন্ধের শুরুতেই সংবিধান প্রণেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর এবং গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান মোদী।

এর পরেই সংরক্ষণ নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বিরোধী শিবিরের সবচেয়ে বড় দল ওবিসিদের সংরক্ষণের পরিমাণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইছে। মোদীর কথায়, সংবিধান প্রণেতারা এমন ব্যবস্থার বিরোধী ছিলেন। বিশেষ করে আম্বেদকর এই ধরনের পদক্ষেপের পক্ষে ছিলেন না বলে দাবি করেছেন তিনি। যদিও নিবন্ধে কংগ্রেসের নাম সরাসরি উল্লেখ করেননি প্রধানমন্ত্রী, তাঁর বক্তব্যের নিশানা যে কংগ্রেস, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মহিলা সংরক্ষণ বিল নিয়েও কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। তাঁর অভিযোগ, চলতি বছরের এপ্রিলে সংসদে মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ হতে দেয়নি বিরোধীরা। এর ফলে মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ বাধা পেয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, মহিলাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

উল্লেখ্য, লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল আনা হয়েছিল। তবে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে এই সংরক্ষণ কার্যকর করার প্রস্তাব যুক্ত থাকায় বিরোধীরা আপত্তি জানায়। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এপ্রিলে লোকসভায় বিলটি পাশ হয়নি।

সংসদে বিরোধীদের প্রতিবাদ ও অধিবেশন ভণ্ডুল করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, গণতন্ত্রে বিরোধীদের নির্দিষ্ট ভূমিকা রয়েছে। সরকারের সমালোচনা করা বিরোধীদের অধিকার। কিন্তু সংসদের কাজকর্মে বাধা দিয়ে সেই দায়িত্ব পালন করা যায় না। এই প্রসঙ্গেই 'বিরোধী পক্ষ' থেকে 'অবরোধ পক্ষ' হয়ে ওঠার কটাক্ষ করেছেন তিনি।

কংগ্রেসের আমলের সাংবিধানিক সংশোধনীগুলিও তুলে ধরেছেন মোদী। ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনী এবং জরুরি অবস্থার সময় ১৯৭৬ সালের ৪২তম সংশোধনী নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, এই সংশোধনীগুলির মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার এবং বিচারবিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছিল। এ ছাড়া বারবার ৩৫৬ অনুচ্ছেদ প্রয়োগ করে নির্বাচিত রাজ্য সরকার ফেলে দেওয়ার অভিযোগও তুলেছেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তকেও সংবিধানের পূর্ণ প্রয়োগের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

নিবন্ধের শেষ দিকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের কথাও বলেছেন মোদী। তাঁর মতে, দেশের উন্নতির জন্য চিন্তাভাবনায় 'ইন্ডিয়া ফার্স্ট' এবং কাজে কর্তব্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। সব মিলিয়ে সংবিধান দিবসের মঞ্চকে সামনে রেখে সামাজিক সংরক্ষণ, মহিলা অধিকার এবং সংসদীয় রাজনীতি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।