যুদ্ধ আবহে প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি, লিটারে কত টাকা?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে তেলের দামের উপর।

Published on: Mar 20, 2026, 16:54:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার প্রিমিয়াম পেট্রলের দাম লিটারপিছু প্রায় ২ থেকে ২.৩ টাকা পর্যন্ত বাড়ানো হল। তবে স্বস্তির খবর, সাধারণ পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ দাম অপরিবর্তিত থাকছে।

প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি
প্রিমিয়াম পেট্রলের দাম বৃদ্ধি

তেল বিপণন সংস্থাগুলির ডিলার সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েলের এক্সপি ৯৫ এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের 'পাওয়ার পেট্রোল'-এর মতো জ্বালানিতে এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে আজ অর্থাৎ ২০ মার্চ থেকে। কলকাতায় ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রল এক্সপি ৯৫ বেড়েছে ২.০৯ টাকা। এতদিন দাম ছিল লিটার পিছু ১১২.৮৬ টাকা। এবার তা হল ১১৪.৯৫ টাকা। হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাওয়ার ৯৫-এর দাম ২ টাকা বেড়েছে।

প্রিমিয়াম পেট্রলের দাম বাড়ল কেন?

এই মূল্যবৃদ্ধির পেছনে কোনও আনুষ্ঠানিক কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি। তবুও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে তেলের দামের উপর। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১২০ ডলার পর্যন্ত ছুঁয়েছিল। যদিও শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম বেশ খানিকরা কমেছে। কিন্তু তবুও তা ১০০ ডলারের বেশি রয়েছে। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের একটি বড় অংশ আমদানি করে; আর বিশ্ববাজারে তেলের চড়া দাম এবং মুদ্রার বিনিময় হারের ওঠানামা দেশের অভ্যন্তরীণ জ্বালানির খরচের ওপর প্রভাব ফেলে। ভারতের অপরিশোধিত তেল আমদানির খরচ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির ওপর বিশেষ করে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতাদের ওপর চাপ বাড়িয়ে তুলেছে।

তবে তেল বিপণন সংস্থাগুলি আপাতত সাধারণ পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখে সীমিত পরিসরে মূল্যবৃদ্ধির পথ বেছে নিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের কৌশলগত সিদ্ধান্ত। কারণ, সাধারণ পেট্রল ও ডিজেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এই জ্বালানির দাম বাড়ালে বড় ধরনের জনঅসন্তোষ তৈরি হতে পারে। অন্যদিকে, প্রিমিয়াম পেট্রলের ব্যবহার তুলনামূলকভাবে কম হওয়ায় এই খাতে মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে কম প্রভাব ফেলবে। তবে যারা নিয়মিত পাওয়ার পেট্রোল ব্যবহার করেন, তাদের মাসিক জ্বালানি খরচ কিছুটা বাড়বে। যদিও এই বৃদ্ধি খুব বড় নয়, তবুও দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে। এই প্রসঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, 'শুধুমাত্র প্রিমিয়াম ক্যাটাগরির পেট্রলের দাম বেড়েছে। পেট্রোল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে এবং যে কোনও মূল্যবৃদ্ধি একটি কর্পোরেট সিদ্ধান্ত।'