ল্যান্ডিংয়ের সময় পিছলে গেল বিমান, অজিত পাওয়ারের মৃত্যুর স্মৃতি উসকে ফের দুর্ঘটনা বারামতিতে

Trainer Aircraft Skids: ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ। পুণে পুলিশের এসপি সন্দীপ সিং গিল জানিয়েছেন, বিমানটি ল্যান্ড করার সময় এয়ারস্ট্রিপে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়।

Published on: Aug 9, 2026, 23:15:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Trainer Aircraft Skids: মহারাষ্ট্রের পুণে জেলার বারামতি এয়ারস্ট্রিপে (Baramati airstrip) রবিবার দুপুরে একটি বেসরকারি প্রশিক্ষণ বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। কার্ভার অ্যাভিয়েশনের সেসনা ১৭২ মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি রানওয়ে থেকে পিছলে যায়। বিমানে সামান্য ক্ষতি হলেও এর ভিতরে থাকা ট্রেইনি পাইলট এবং ক্যাডেট সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

অজিত পাওয়ারের মৃত্যুর স্মৃতি উসকে ফের দুর্ঘটনা বারামতিতে (PTI)
অজিত পাওয়ারের মৃত্যুর স্মৃতি উসকে ফের দুর্ঘটনা বারামতিতে (PTI)

জানা গেছে, ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ। পুণে পুলিশের এসপি সন্দীপ সিং গিল জানিয়েছেন, বিমানটি ল্যান্ড করার সময় এয়ারস্ট্রিপে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আরোহীদের নিরাপদ অবস্থায় উদ্ধার করে। বিমানটিতে থাকা দুই আরোহীই সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে চলতি বছরের একই বিমানবন্দরের কাছে লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)-সহ পাঁচজন নিহত হয়েছিলেন। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই-কে এক পুলিশ কর্মকর্তা বলেন, বিমানটিতে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল কিনা কিংবা অন্য কোনও সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের এই পর্যায়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

বারামতি এয়ারস্ট্রিপের নাম এর আগেও সংবাদে এসেছে। গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে এখানেই অজিত পাওয়ারকে বহনকারী লিয়ারজেট ৪৫ বিমানটি বারামতি বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও তাঁর নিরাপত্তা কর্মকর্তা, একজন সহকারী এবং বিমানের দুই ক্রু সদস্য নিহত হন। নিহত দুই ক্রু সদস্য ছিলেন পাইলট-ইন-কমান্ড সুমিত কাপুর এবং ফার্স্ট অফিসার শাম্ভাবি পাঠক। বেসরকারি চার্টার বিমানটি ভিএসআর ভেঞ্চারসের মালিকানাধীন ছিল। ওই দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। আগামী বছরের জানুয়ারির মধ্যে সংস্থাটির চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে গত ১৩ মে বারামতি বিমানবন্দরের কাছে আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। রেডবার্ড ফ্লাইট ট্রেনিং একাডেমির বিমানটি সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বিমানবন্দরসংলগ্ন গোজুবাভি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। ওই বিমানে শুধু একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। দুর্ঘটনার পর তিনি নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ তখন জানিয়েছিল, বিমানটি তুলনামূলক কম উচ্চতায় ওড়ার সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। জরুরি অবতরণের সময় বিমানটির এক পাশ একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করার পর সেটি মাটিতে পড়ে যায়। বারামতিতে কয়েক মাসের ব্যবধানে একাধিক বিমান দুর্ঘটনার পর রবিবার একই এলাকায় আবারও প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল।