Delhi News: তরুণীকে টেনে মার্সিডিজে তোলার জন্য ৩ জনের, দিল্লিতে ভয়ংকর অভিযোগ উঠল
Delhi News: পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ এবং মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ এবং ঘটনার অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে।
Delhi News: দিল্লিতে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা! চাণক্যপুরীর এক অভিজাত হোটেলের পার্কিং লটে নাগাল্যান্ডের তরুণীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে নারী সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগাল্যান্ডের এক তরুণী তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে একটি হোটেলে গিয়েছিলেন। রবিবার রাতে প্রায় সাড়ে তিনটে নাগাদ তাঁরা যখন হোটেল ছেড়ে বাইরে বের হচ্ছিলেন, সেই সময় একটি মার্সিডিজ গাড়ি নিয়ে সেখানে হাজির হয় তিন তরুণ। অভিযোগ, এসেই তারা ওই তরুণী এবং তাঁর এক বন্ধুকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। তরুণীর পুরুষ বন্ধুরা বাধা দিতে গেলে অভিযুক্তরা গাড়ি থেকে নেমে আসে। তাদের হাতে হকি স্টিক, লোহার চেন ও রড ছিল বলে জানা গিয়েছে। সেগুলি দিয়েই তরুণীর বন্ধুদের উপর হামলা চালানো হয়, যার জেরে বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সংস্থা এএনআই-কে আক্রান্ত নাগাল্যান্ডের তরুণী বলেন, 'আমরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিলাম, তখন তিনজন অপরিচিত ব্যক্তি আমাদের ধরে গাড়িতে তোলার চেষ্টা করে। আমার ডাক্তার বন্ধুরা যখন বাধা দিতে যান, তখন ওই যুবকরা হকি স্টিক ও লোহার রড দিয়ে তাঁদের ওপর হামলা চালায়, যার ফলে তাঁরা আহত হন।' তরুণীর অভিযোগ করেন যে, গাড়িটিতে কোনও নম্বর প্লেট ছিল না এবং পুলিশ তাঁর অভিযোগ নথিভুক্ত করতে গড়িমসি করছিল। তরুণীর দাবি, 'ওরা গাড়ির নম্বর প্লেট খুলে ফেলেছিল। আমরা পুলিশকে খবর দিই, কিন্তু ওই যুবকরা গাড়ির ভেতরেই বসে থাকে এবং গাড়ি চালিয়ে আমাদের দিকে আসার চেষ্টা করে। আমাদের থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু বারবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ শুরুতে কোনও এফআইআর বা অভিযোগ নথিভুক্ত করেনি।'
তরুণী আরও বলেন, 'আমরা ছিলাম পাঁচজন আর ওরা ছিল তিনজন। আমি নাগাল্যান্ডের বাসিন্দা এবং বহু বছর ধরে দিল্লিতে বসবাস করছি। আমি চাই সত্যটা বেরিয়ে আসুক এবং তাদের গ্রেফতার করা হোক, কারণ এটি হত্যা ও অপহরণের প্রচেষ্টা।' ওই তরুণীকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়। পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ এবং মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ এবং ঘটনার অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে।
এর আগেও দিল্লিতে একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। গত অগাস্টে নয়ডার দিকে যাওয়া একটি এসি স্লিপার বাসে এক কিশোরীকে গণধর্ষণ করে কাশ্মীরি গেটে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া সেপ্টেম্বরে স্বরূপনগরে এক কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনা এবং কালকাজি মন্দিরের পার্কের কাছে ভুয়ো পুলিশ সেজে কিশোরীকে হেনস্তার মতো ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই সমস্ত ঘটনাগুলির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল। নির্ভয়াকাণ্ডের সঙ্গে তুলনা টেনে শীর্ষ আদালত মন্তব্য করেছিল, রাজধানীর এই ধরনের ঘটনাগুলি স্পষ্ট করে দেয় যে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন ব্যর্থ হচ্ছে।
E-Paper

