...
...
Next Story

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিদেশযাত্রার অনুমতি না দেওয়ায় সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী ৩ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Published on: Jul 29, 2026, 10:26:36 IST
Advertisement

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিদেশযাত্রার অনুমতি না দেওয়ায় সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী ৩ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (PTI)
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (PTI)

সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের সমস্ত নির্দেশ তিনি মেনে চলেছেন। তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তবুও তাঁর বিদেশে গিয়ে চিকিৎসা করানোর আবেদন মঞ্জুর করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভুগছেন তিনি। সেই কারণেই প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

এর আগে ২০ জুলাই এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে একই চিকিৎসা দেশে সম্ভব নয়। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, অভিষেক কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেছেন কি না, তা স্পষ্ট নয়। তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়েছেন কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন আদালত। বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা যেতে পারে। সেই বোর্ড যদি মত দেয় যে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া অপরিহার্য, তাহলে আদালত বিষয়টি বিবেচনা করতে পারে।

পরবর্তীতে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর পর্যন্ত আইনি সুরক্ষা বা রক্ষাকবচের মেয়াদ বাড়ালেও বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয়নি। সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সরাসরি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। সাধারণত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে প্রথমে ডিভিশন বেঞ্চে যাওয়ার রীতি থাকলেও, অভিষেক সেই পথ এড়িয়ে সরাসরি সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন।

উল্লেখ্য, চোখের সমস্যার কারণে অতীতেও একাধিকবার বিদেশে চিকিৎসা করাতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় বাঁ চোখের নীচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। এরপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য ইতিমধ্যেই হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। বাঁ চোখে একাধিক অস্ত্রোপচারও হয়েছে তাঁর।

এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক ও আইন মহলের। আগামী ৩ আগস্টের শুনানিতে শীর্ষ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয় কি না, সেটাই হবে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe