TMC MPs Secret Meeting: ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, গেলেন শুভেন্দু অধিকারী
জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগেই তিনটি গাড়িতে করে ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে যান তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ সাংসদ। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সরাসরি ওই বৈঠকে যোগ দেন সুখেন্দু শেখর রায়।
দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীনই রাজনৈতিক জল্পনা আরও উসকে দিল তৃণমূল কংগ্রেসের একাংশ সাংসদের গোপন বৈঠক। সূত্রের খবর, রাজধানীর ৯ নম্বর মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। উল্লেখ্য, এবারের বঙ্গ ভোটে বিজেপির পর্যবেক্ষক ছিলেন ভূপেন্দ্র যাদব। সহপর্যবেক্ষক ছিলেন বিপ্লব।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগেই তিনটি গাড়িতে করে সেখানে পৌঁছে যান তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ সাংসদ। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সরাসরি ওই বৈঠকে যোগ দেন সুখেন্দু শেখর রায়। উপ-রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই তিনি সেখানে পৌঁছন বলে সূত্রের দাবি। এরপর থেকেই তাঁর ফোন সুইচ অফ রয়েছে বলেও জানা যাচ্ছে।
বৈঠকে উপস্থিতদের মধ্যে ছিলেন শর্মিলা ঠাকুর, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বসু নিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, রয়েছেন অসিত মাল, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, অসিত মাল। রাজনৈতিক মহলের নজর এখন এই বৈঠকের পরবর্তী ফলাফলের দিকে। কারণ দলত্যাগবিরোধী আইন এড়িয়ে সংসদীয় দল ভাঙতে গেলে লোকসভায় তৃণমূলের অন্তত দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। সূত্রের খবর, বর্তমানে উপস্থিত সাংসদদের সংখ্যা সেই সীমা অতিক্রম করছে না। ফলে এখনই আলাদা ব্লক গঠন বা দল ভাঙার মতো পদক্ষেপ নেওয়া কঠিন।
তবে বৈঠকে আরও কয়েকজন সাংসদ উপস্থিত রয়েছেন বলে জোর গুঞ্জন রয়েছে। সেই কারণেই এই বৈঠককে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ তৈরির গুরুত্বপূর্ণ পর্ব হিসেবেই দেখছেন পর্যবেক্ষকদের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিচ্ছেন, ঠিক সেই সময় তৃণমূলের একাংশ সাংসদের বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই বৈঠক ঘিরে দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে। তবে বৈঠক শেষে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা রাজনৈতিক সিদ্ধান্ত সামনে আসে কি না, সেদিকেই এখন নজর।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


