...
...
Next Story

পুত্রবধূকে জেতাতে সভায় দাঁড়িয়ে কালমা পাঠ বিজেপির সাত বারের বিধায়কের!

ঘটনাটি রাজস্থানের চুরু জেলার পিথিসর গ্রামের। সেখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন রাজেন্দ্র রাঠৌড়। তাঁর পুত্রবধূ কনিকা সিং চুরু জেলা পরিষদের ২৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সমর্থনেই ওই সভার আয়োজন করা হয়েছিল।

Published on: Nov 14, 2026, 13:52:46 IST
Advertisement

ভোটের ময়দানে পুত্রবধূর হয়ে প্রচারে নেমে ইসলাম ধর্মের প্রথম কালমা পাঠ করলেন বিজেপির প্রবীণ নেতা রাজেন্দ্র রাঠৌড়। রাজস্থানের চুরু জেলার এক নির্বাচনী সভায় তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সভায় দাঁড়িয়ে শুধু কালমা পাঠই নয়, মহাত্মা গান্ধীর প্রার্থনাসঙ্গীতের পংক্তিও শোনান তিনি। বলেন, ঈশ্বর এক, আল্লাহও এক। আমাদের সবার শরীরে একই রক্ত বইছে। তবে বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠৌড়ের দাবি, রাজেন্দ্রর বক্তব্যকে কালমা বলা ঠিক নয়। অন্য দিকে, বিজেপির এই পদক্ষেপকে কটাক্ষ করেছে কংগ্রেস।

Jaipur, Oct 16 (ANI): Rajasthan Chief Minister Bhajanlal Sharma meets senior BJP Leader Rajendra Rathore at his residence, on Friday. (@BhajanlalBjp X/ ANI Photo) (@BhajanlalBjp X)
Jaipur, Oct 16 (ANI): Rajasthan Chief Minister Bhajanlal Sharma meets senior BJP Leader Rajendra Rathore at his residence, on Friday. (@BhajanlalBjp X/ ANI Photo) (@BhajanlalBjp X)

ঘটনাটি রাজস্থানের চুরু জেলার পিথিসর গ্রামের। সেখানে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন রাজেন্দ্র রাঠৌড়। তাঁর পুত্রবধূ কনিকা সিং চুরু জেলা পরিষদের ২৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সমর্থনেই ওই সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজেন্দ্র বলেন, “আমার শুধু একটাই অনুরোধ, খুদা এক হ্যায়, ভগবান এক হ্যায়।” অর্থাৎ ঈশ্বর এক, আল্লাহও এক। এর পরেই তিনি পাঠ করেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ’। ইসলামের প্রথম কালমা হিসেবে পরিচিত এই বাক্যের অর্থ, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই এবং মহম্মদ আল্লাহর রাসুল। তাঁর এই বক্তব্যের পর সভায় উপস্থিত মানুষের একাংশ হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান।

এর পরেই মহাত্মা গান্ধীর প্রার্থনাসঙ্গীতের কয়েকটি পংক্তি উদ্ধৃত করেন রাজেন্দ্র। বলেন, “ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সদবুদ্ধি দে ভগবান।” পাশাপাশি জাতপাত ও ধর্মের বিভেদ ভুলে একসঙ্গে থাকার বার্তাও দেন তিনি। তাঁর কথায়, মানুষের মধ্যে কোনও বিভেদ থাকা উচিত নয়। আমরা সবাই এক। আমাদের শরীরে যে রক্ত বইছে, তা-ও এক। এত বছর রাজনীতি করার পরেও তাঁর বিরুদ্ধে অসততা বা অন্যায়ের কোনও অভিযোগ নেই বলেও দাবি করেন বিজেপির এই প্রবীণ নেতা। তাঁর বক্তব্য, তিনি বরাবর মানুষের মধ্যে ভালবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়েছেন। ঘৃণা ছড়াননি।

তবে রাজেন্দ্রর বক্তব্য নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠৌড় দাবি করেছেন, এটি কালমা নয়। তাঁর কথায়, মানুষ না জেনেই একে কালমা বলছেন। কালমা কী, তা তিনি জানেন এবং তার প্রতিটি শব্দও তাঁর মনে রয়েছে। রাজেন্দ্র রাঠৌড়ের কালমা মনে আছে কি না, তা তিনি বলতে পারবেন না বলেও মন্তব্য করেন মদন।

অন্য দিকে, বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র স্বর্ণিম চতুর্বেদীর অভিযোগ, ভোটের স্বার্থে বিজেপি এখন মহাত্মা গান্ধীর প্রার্থনাসঙ্গীতের আশ্রয় নিচ্ছে। অথচ লোকসভা বা বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে তাদের অনীহা রয়েছে।

উল্লেখ্য, রাজেন্দ্র রাঠৌড় ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে সাত বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এক সময় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন তিনি। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। এ বার নিজের পুত্রবধূর নির্বাচনী প্রচারে তাঁর ধর্মীয় সম্প্রীতির বার্তা রাজস্থানের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ছেলে পরাক্রম রাঠৌড়ও চুরু জেলা পরিষদের ৩৯ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন। ফলে একই পরিবারের দু’জনের রাজনৈতিক ভবিষ্যৎ এখন স্থানীয় নির্বাচনের সঙ্গে জড়িয়ে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks