Trump-Putin Call Scheduled: রাশিয়ায় প্লেগের আতঙ্ক! পুতিনকে ফোন করবেন ট্রাম্প, ‘গভীর আলোচনা’ আমেরিকার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে এমনই বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে ফোনে কথা হবে। রাশিয়ায় সন্দেহজনক প্লেগের ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই গভীর আলোচনা চলছে।

Published on: Oct 7, 2026, 09:52:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাশিয়ায় কি ছড়িয়ে পড়ছে প্লেগ? এক গবেষণাকেন্দ্রের কর্মীর মৃত্যুর পর এই প্রশ্নেই তোলপাড়। পরিস্থিতির দিকে নজর রাখছে আমেরিকাও। বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে এমনই বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে ফোনে কথা হবে। রাশিয়ায় সন্দেহজনক প্লেগের ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই গভীর আলোচনা চলছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঘটনার সূত্রপাত সাইবেরিয়ার ইরকুতস্কে। সেখানে একটি অ্যান্টি প্লেগ গবেষণাকেন্দ্রে কাজ করতেন ২৮ বছরের এক মহিলা কর্মী। গত ২ অক্টোবর তাঁর মৃত্যু হয়। রুশ কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্য, অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু ওই প্রতিষ্ঠানে প্লেগ নিয়ে গবেষণা হওয়ায় সন্দেহ তৈরি হয়। প্রশ্ন ওঠে, তিনি কি নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন? এখনও পর্যন্ত সেই যোগ নিশ্চিত করেনি রাশিয়া।

মৃত্যুর পর দ্রুত সতর্কতা বাড়ানো হয়। তাঁর সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে নজরদারিতে রাখা হয়েছিল। সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করা হয়। তবে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিদের পরীক্ষায় প্লেগ বা অন্য কোনও ভয়ংকর সংক্রমণের প্রমাণ মেলেনি। কিছু ক্ষেত্রে কোভিড এবং রাইনোভাইরাস ধরা পড়েছে। কিন্তু প্লেগের নমুনা পাওয়া যায়নি।

এই অবস্থায় ট্রাম্পের বক্তব্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি বিষয়টি নিয়ে ‘খুব গভীর আলোচনা’ করছে। পুতিনের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি নিয়ে আরও তথ্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প বলেছিলেন, প্রয়োজন হলে রাশিয়াকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা।

তবে আতঙ্কের মধ্যেও বিশেষজ্ঞদের বক্তব্য কিছুটা স্বস্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রাশিয়ার বাইরে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি এখন খুব কম। সংস্থাটি রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ঘটনাকে কোভিডের মতো কোনও মহামারির সঙ্গে তুলনা করার মতো তথ্য এখন নেই।

প্লেগ অবশ্য একেবারে নতুন কোনও রোগ নয়। এর জন্য দায়ী ইয়ারসিনিয়া পেস্টিস নামের একটি ব্যাকটেরিয়া। সাধারণত সংক্রমিত মাছির কামড়ের মাধ্যমে এই রোগ ছড়ায়। তবে নিউমোনিক প্লেগ হলে শ্বাস প্রশ্বাসের কণার মাধ্যমেও মানুষে মানুষে সংক্রমণ হতে পারে। দ্রুত চিকিৎসা না হলে তা প্রাণঘাতী হতে পারে। আবার সময়মতো অ্যান্টিবায়োটিক দিলে চিকিৎসাও সম্ভব।

এদিকে মস্কোও বিষয়টি নিয়ে সতর্ক। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মানুষকে গুজব বা জল্পনায় কান না দিয়ে সরকারি তথ্যের উপর ভরসা করতে বলেছেন। রাশিয়ার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা রসপোত্রেবনাদজোরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যোগাযোগে থাকা ব্যক্তিদের পরীক্ষা এবং নজরদারি চালানো হয়েছে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে টানাপড়েনের মধ্যেই এবার সামনে এল এই স্বাস্থ্য সংকট। ফলে ট্রাম্প-পুতিনের আসন্ন ফোনালাপ শুধু যুদ্ধ নয়, এই সন্দেহজনক রোগের বিষয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও একটাই। সত্যিই কি প্লেগ? নাকি অন্য কোনও সংক্রমণ? সেই উত্তর মিলবে পরীক্ষার চূড়ান্ত রিপোর্টে। এখন নজর রাশিয়ার দিকে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More