APEC: 'যদি তোমার হাতে...,' ৮০ মিনিটের বৈঠকে পরমাণু অস্ত্রবিহীন পৃথিবী গড়ার ডাক জিনপিংয়ের, ইঙ্গিতবাহী বার্তা ট্রাম্পের
APEC Summit: এদিন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) তুলোধনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সূচনা ভাষণে জানিয়েছেন, ওই আদালতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার একজোট হওয়া দরকার।
APEC Summit: চিনের শেনজেনে এক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৮০ মিনিট ধরে সেই বৈঠক চলেছে। বৈঠক শেষে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন ডোনাল্ড ট্রাম্প। চিনে তাঁর তিন দিনের সফর শেষ। ত্রিপাক্ষিক বৈঠকে বিশ্ব শান্তি, আঞ্চলিক সংঘর্ষ দমন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। পরমাণু অস্ত্র মুক্ত পৃথিবী গড়ার ডাক দিয়েছেন শি জিনপিং। তবে মার্কিন প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছেন, তা সম্ভব নয়।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক (APEC) শীর্ষ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানেরা। ত্রিপাক্ষিক বৈঠকের আগে জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা করে আলোচনা করেন ট্রাম্প। দু’জনকেই ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন তিনি। পুতিন-ট্রাম্পের বৈঠকের একটি রেকর্ডিং প্রকাশ করেছে ক্রেমলিন। সেখানে ট্রাম্প পুতিনকে নিজের ‘বন্ধু’ হিসাবে অভিহিত করে বলেন, 'আমরা দু’জনেই এই বৈঠকের অপেক্ষায় ছিলাম। আমাদের মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে দীর্ঘ সময় ধরে চিনি। আমার মনে হয়, এই বৈঠকের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে। অনেক কিছুর নতুন করে সূচনা হতে পারে।' বৃহস্পতিবার অ্যাপেক বৈঠক শুরু হলে তিন জন পৃথক ভাবে সূচনা ভাষণ দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘আমরা সত্যিই একটা ইতিহাস তৈরি করছি। আমাদের তিন জনের অনেক কিছু আলোচনা করার আছে। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনও শান্তি প্রতিষ্ঠা করা যায়নি, যাবেও না।’
অন্যদিকে, তিন রাষ্ট্রের বৈঠকে আঞ্চলিক শান্তি এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টানেন পুতিন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক সংঘাতগুলির নিষ্পত্তির ক্ষেত্রে এই তিন রাষ্ট্রের অভিন্ন স্বার্থ রয়েছে। তার মধ্যে ইউক্রেনের সংঘাতও অন্যতম। সদ্য কোয়াড বৈঠক সেরে জিনপিং ও পুতিনের সঙ্গে এক টেবিলে বৈঠকে বসেছেন ট্রাম্প। চিনকে চাপে রাখতেই কোয়াড অক্ষের সৃষ্টি বলে মনে করেন বিশেষজ্ঞেরা। তাৎপর্যপূর্ণ ভাবে জিনপিং এদিন অন্য দুই প্রেসিডেন্টের উদ্দেশে বলেছেন,তিনি বৈঠকে বলেছেন, ‘ইতিহাস সাক্ষী, যখন বিশ্বের বড় শক্তিগুলির মধ্যে সম্প্রীতি বজায় থাকে, তখন পৃথিবী জুড়ে শান্তি বিরাজ করে। কিন্তু বড় শক্তিগুলির মধ্যে সংঘাত তৈরি হলে গোটা বিশ্বে অস্থির পরিস্থিতি তৈরি হয়।’ একাধিক চিনা সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকের সভাপতিত্ব করেছেন জিনপিং।
পরমাণু অস্ত্র সম্পূর্ণ ধ্বংস ও নিষ্ক্রিয় করে দেওয়ার প্রস্তাব দেন জিনপিং। বৈঠকে তিনি বলেন, ‘পরমাণু অস্ত্র মানবজাতির মাথার উপরে ঝুলে থাকা খাঁড়ার মতো। তা নিষিদ্ধ করা উচিত এবং সম্পূর্ণ ধ্বংস করে ফেলা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত পরমাণু অস্ত্র মুক্ত পৃথিবী গড়ে তোলা।’ পরমাণু যুদ্ধ কখনও জেতা যায় না, মনে করিয়ে দিয়েছেন চিনা প্রেসিডেন্ট। তবে জিনপিংয়ের ডাকে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার ডাকে অন্যেরা কতটা সায় দেবেন, স্পষ্ট নয়। ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন, ‘পরমাণু অস্ত্র এক বার যদি তোমার হাতে চলে আসে, সেটা আর সঙ্গে না-রাখা কঠিন। এ ভাবেই জীবন চলে।’ এদিন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) তুলোধনা করেছেন ট্রাম্প। সূচনা ভাষণে জানিয়েছেন, ওই আদালতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার একজোট হওয়া দরকার। বাকি দুই রাষ্ট্রপ্রধানের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের পারস্পরিক সহযোগিতার আর একটি ক্ষেত্র হতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো স্বেচ্ছাচারী বৈশ্বিক সংস্থাগুলির হাত থেকে নিজ নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা।’ এই আদালত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং দিন দিন এক্তিয়ারের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে জানান ট্রাম্প।
উল্লেখ্য, যুদ্ধাপরাধ, মানবতার বিরোধী অপরাধ এবং গণহত্যার বিচারের জন্য ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন বা রাশিয়া এর সদস্য নয়। দীর্ঘদিন ধরেই সংস্থাটির আচরণে ট্রাম্প ক্ষুব্ধ। এমনকী, গত মাসে ট্রাম্প প্রশাসন এই আদালতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
E-Paper

