Seattle Diwali Celebration: সিয়াটেলে দীপাবলি উৎসবে বর্ণবিদ্বেষী আক্রমণ! তীব্র নিন্দা মার্কিন আইনপ্রণেতাদের
Seattle Diwali Celebration: এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বহু মার্কিনিরাও। মার্কিন কংগ্রেসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী প্রমিলা জয়পাল গোটা ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বর্ণবিদ্বেষী’ বলে অভিহিত করেছেন তিনি।
Seattle Diwali Celebration: মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল (Seattle) শহরে আলোর উৎসব দীপাবলির আনন্দ মাটি করার চেষ্টা চালাল উগ্র ও কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী তথা ডোনাল্ড ট্রাম্প সমর্থনকারী ‘মাগা’-র (মেক আমেরিকা গ্রেট এগেইন) কর্মীরা। শনিবার সিয়াটেল সেন্টার আর্মরিতে যখন প্রবাসী ভারতীয় ও স্থানীয় পরিবারগুলি একত্রিত হয়ে উৎসব উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই বর্ণবিদ্বেষী ও হিন্দুবিদ্বেষী প্ল্যাকার্ড নিয়ে সেখানে হাজির হয় একদল কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী। এই ঘটনায় মার্কিন রাজনীতি ও প্রবাসী ভারতীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিয়াটেল সেন্টার আর্মরিতে যখন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন চলছিল, ঠিক সেই সময়ই সেখানে প্রবেশ করে জেক ল্যাং (Jake Lang) নামের দুই পরিচিত রক্ষণশীল ও উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলিতে লেখা ছিল অত্যন্ত আপত্তিকর ও বর্ণবিদ্বেষী স্লোগান— 'ডিপোর্ট অল ডট হেডস' (Deport All Dot Heads) এবং 'স্টপ হিন্দু রিপ্লেসমেন্ট অব ক্রিশ্চিয়ানস' (Stop Hindu Replacement of Christians)। এই কদর্য স্লোগান ও প্ল্যাকার্ড দেখে অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও আয়োজকরা প্রতিবাদে ফেটে পড়েন। তীব্র উত্তেজনার সৃষ্টি হলে আয়োজক ও উপস্থিত জনতা তাদের জোরালোভাবে বাধা দেন এবং শেষ পর্যন্ত ওই বিক্ষোভকারীদের নিরাপত্তা কর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার পরেই ‘এক্স’-এ সেই বিশৃঙ্খলার ছবি পোস্ট করে হিন্দুদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন ল্যাং। টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়ের নেপথ্যে হিন্দুরাই দায়ী বলে অভিযোগ তোলেন তিনি। নিজের পোস্টে ল্যাং লেখেন, 'সিয়াটলের দীপাবলি উৎসবে ডজনখানেক অ্যান্টিফা (বামপন্থী ফ্যাসিবাদ-বিরোধী গোষ্ঠী) এবং হিন্দুরা আমাদের উপরে চড়াও হয়েছিল! আমার ধারণা, আমাদের প্ল্যাকার্ড ওদের পছন্দ হয়নি! হিন্দুরাই টেক্সাসকে ‘নীল’ (ডেমোক্র্যাটদের রঙ) করেছে।' ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামে একটি সংগঠনের প্রধান এই জেক ল্যাং ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। সেই ঘটনায় চার বছর জেল খাটার পর ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই তাঁকে ক্ষমা (পার্ডন) করে দেন।
অন্যদিকে, এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বহু মার্কিনিরাও। মার্কিন কংগ্রেসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী প্রমিলা জয়পাল গোটা ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বর্ণবিদ্বেষী’ বলে অভিহিত করেছেন তিনি। প্রমিলা জয়পাল এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই ধরনের জঘন্য আচরণে আমি ক্ষুব্ধ। দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আমাদের সম্প্রদায়ের মানুষ যেন এটি নিরাপদে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ দেশে বিদ্বেষের কোনও স্থান নেই।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন হিন্দু সংগঠনও এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। যদিও সিয়াটলের এই অপ্রীতিকর ঘটনার ঠিক আগেই হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রবাসী ভারতীয় প্রযুক্তি শিল্পোদ্যোগী বিশাল গোন্দল, শেফ বিকাশ খান্না ও অন্যদের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্যাপন করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ‘হনুমান চালীসা’-র একটি প্রতিলিপিও তুলে দেওয়া হয়। অন্যদিকে, ওয়াশিংটন প্রদেশের গভর্নর বব ফার্গুসনও অলিম্পিয়ার প্রাদেশিক আইনসভা ভবনে ভারতীয় কনসাল জেনারেল এবং সেনেটর মানকা ধিংড়ার সঙ্গে দীপাবলি পালন করেন।
E-Paper

