২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
USAID-র গোপন নথির ভাণ্ডার খুলে দিলেন ট্রাম্প! প্রকাশ্যে হাজার হাজার ইমেল
২৮ নভেম্বর নতুন করে চালু হওয়া ইউএসএআইডির ওয়েবসাইটে 'ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি' নামে একটি বিভাগ তৈরি করা হয়েছে। সেখানে রাখা হয়েছে প্রায় ১.১ গিগাবাইটের একটি ডাউনলোডযোগ্য নথিভান্ডার।
আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি (USAID) নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার পুরনো ওয়েবসাইট নতুন করে চালু করে বিপুল পরিমাণ অভ্যন্তরীণ নথি প্রকাশ করল ট্রাম্প প্রশাসন। সেই নথির মধ্যে রয়েছে সংস্থার কর্মীদের ইমেল, অভ্যন্তরীণ রিপোর্ট, বৈঠকের বিবরণ এবং সমাজমাধ্যম সংস্থাগুলির সঙ্গে যোগাযোগের তথ্য। বিশেষ নজর কেড়েছে গুগল, ইউটিউব ও মেটার সঙ্গে ইউএসএআইডির যোগাযোগ সংক্রান্ত নথি। অনলাইনে ভুয়ো খবর, অপতথ্য এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংস্থার বিভিন্ন কর্মসূচির বিস্তারিতও জায়গা পেয়েছে এই আর্কাইভে।

২৮ নভেম্বর নতুন করে চালু হওয়া ইউএসএআইডির ওয়েবসাইটে 'ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি' নামে একটি বিভাগ তৈরি করা হয়েছে। সেখানে রাখা হয়েছে প্রায় ১.১ গিগাবাইটের একটি ডাউনলোডযোগ্য নথিভান্ডার। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, আগের সরকারগুলির আমলে কীভাবে ইউএসএআইডি কাজ করত, তা আমেরিকার সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। বর্তমান প্রশাসনের অভিযোগ, আগের সরকারগুলির আমলে সংস্থাটিকে আমেরিকার মূল্যবোধের বিরোধী রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল।
কী রয়েছে প্রকাশিত নথিতে?
নতুন আর্কাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নজর কেড়েছে। তার মধ্যে রয়েছে 'ইউএস এআইড ডিসইনফরমেশন প্রাইমার' নামে ৯২ পাতার একটি রিপোর্ট। রয়েছে ইউটিউবের তৎকালীন প্রধান সুজান ওজসিকির সঙ্গে ইউএস এআইডের তৎকালীন প্রশাসক সামান্থা পাওয়ারের বৈঠক সংক্রান্ত ইমেল। মেটার সঙ্গে সংস্থার যোগাযোগ নিয়ে রয়েছে আলাদা নথি। গুগলের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো চিঠি এবং সমাজমাধ্যমে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার বিষয়ে আলোচনার বিবরণও প্রকাশ করা হয়েছে।
এছাড়া গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্স বা জিডিআই সংক্রান্ত একটি প্রস্তাবনাও রয়েছে। অনলাইনে ভুল তথ্য কীভাবে গণতন্ত্র, নির্বাচন এবং জনমতকে প্রভাবিত করতে পারে, তা নিয়ে ইউএসএআইডির বিভিন্ন কর্মসূচির তথ্যও সামনে এসেছে।
সেন্সরশিপের অভিযোগ কতটা সত্যি?
এই নথি প্রকাশের পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, সমাজমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণে ইউএসএআইডির কোনও ভূমিকা ছিল কি না। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, আগের সরকারের কাজকর্মের স্বচ্ছতা নিশ্চিত করতেই নথিগুলি প্রকাশ করা হচ্ছে। তবে শুধু গুগল, মেটা বা ইউটিউবের সঙ্গে যোগাযোগের নথি সামনে আসা মানেই যে সংস্থাগুলিকে কোনও নির্দিষ্ট বক্তব্য মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছিল, এমন প্রমাণ মেলে না। প্রকাশিত ওয়েবসাইটেও প্রতিটি যোগাযোগের প্রেক্ষাপট বা চূড়ান্ত সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে নথিগুলির প্রকৃত তাৎপর্য নিয়ে আরও তদন্ত ও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
ইউএস এআইডকে ঢেলে সাজাচ্ছেন ট্রাম্প
ক্ষমতায় ফেরার পর থেকেই আমেরিকার বিদেশি সাহায্য ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি একটি নির্বাহী নির্দেশে সই করেন। তাতে ৯০ দিনের জন্য বিদেশি উন্নয়ন সহায়তার নতুন অর্থ বরাদ্দ ও বিতরণ স্থগিত রেখে বিভিন্ন কর্মসূচি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল, আমেরিকার বিদেশনীতি ও জাতীয় স্বার্থের সঙ্গে সেই কর্মসূচিগুলির সামঞ্জস্য খতিয়ে দেখা।
এর পর ইউএসএআইডির একাধিক কাজের দায়িত্ব বিদেশ মন্ত্রকের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ২০২৫ সালের মে মাসে মার্কিন বিদেশ মন্ত্রকের পরিদর্শক দফতরের রিপোর্টেও পুনর্গঠনের কাজে কিছু প্রশাসনিক দুর্বলতার কথা উঠে এসেছিল। রিপোর্টে বলা হয়েছিল, পুরো প্রক্রিয়া সফল করতে আরও পদক্ষেপ প্রয়োজন।
সব মিলিয়ে, নতুন করে ওয়েবসাইট চালু করে ইউএসএআইডির অভ্যন্তরীণ নথি প্রকাশ ট্রাম্প প্রশাসনের স্বচ্ছতার প্রচারের পাশাপাশি পুরনো প্রশাসনের বিদেশনীতি ও সংস্থার কাজকর্ম নিয়ে বিতর্ককে আরও তীব্র করল। এবার প্রকাশিত তথ্য থেকে নতুন কোনও রাজনৈতিক বা প্রশাসনিক বিতর্ক তৈরি হয় কি না, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
E-Paper
