'খুবই কার্যকর ব্যবস্থা!' ইজরায়েলের সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, বিরোধীদের ঘাড়ধাক্কা

হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব বিশ্বের দেশগুলিকেও ধন্যবাদ জানান ট্রাম্প।

Published on: Oct 13, 2025, 19:09:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তাঁর উদ্যোগেই আপাতত যুদ্ধে ইতি টেনেছে ইজরায়েল ও প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। সোমবারই তাদের হাতে বন্দি থাকা জীবিত ২০ ইজরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে বন্দি ২০০০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিতে শুরু করেছে ইজরায়েল। যুদ্ধ থামানোর কৃতিত্ব হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু ওই সম্মান গ্রহণের পরেই ইজরায়েলি সংসদে ভাষণ দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।

ইজরায়েলের সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, বিরোধীদের ঘাড়ধাক্কা (সৌজন্যে টুইটার)
ইজরায়েলের সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, বিরোধীদের ঘাড়ধাক্কা (সৌজন্যে টুইটার)

সোমবার গাজা যুদ্ধে বিরাট সাফল্য তুলে ধরে ইজরায়েলের সংসদে বক্তব্য রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক সেই সময়েই বাঁধে গোল। সংসদে উপস্থিত ২ জন বিরোধী সাংসদ আইমেন ওডেহ ও ওফার কাসিফ ট্রাম্পের সামনে প্ল্যাকার্ড তুলে ধরেন। যেখানে লেখা ছিল, ‘প্যালেস্টাইনকে স্বীকৃতি দিন।' যার জেরে খানিকটা হতচকিত হয়ে পড়েন ট্রাম্প। বিরক্ত হয়ে বক্তৃতাও থামাতে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ট্রাম্পের ভাষণে বাধা দেওয়ার অপরাধে দুই বামপন্থী সাংসদকে আইনসভা থেকে টেনেহিঁচড়ে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা। আর নিরাপত্তারক্ষীদের ওই সক্রিয়তাকে 'বাহবা' দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, ওই অবাঞ্ছিত ঘটনার জন্য মার্কিন প্রেসিডেন্টের কাছে দুঃখপ্রকাশ করেন আইনসভার স্পিকার আমির ওহানা। স্পিকার ওহানাকে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেলেও, ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, সম্ভবত দুজন সংসদ সদস্যকে বাইরে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-ভোটমুখী বিহারে বড় ধাক্কা RJD-র! আইআরসিটিসি দুর্নীতি-কাণ্ডে লালু-তেজস্বীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ কোর্টের

এরপর ট্রাম্প কটাক্ষ করে বলেন, 'ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা।' এরপর পুনরায় বক্তৃতা দেওয়া শুরু করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর।’ তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের এমন প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে স্লোগান দেন। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখায় আরব বিশ্বের দেশগুলিকেও ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, এটি এক অবিশ্বাস্য সাফল্য। তারা একসঙ্গে কাজ করেছে।

আরও পড়ুন-মুক্তির স্বাদ! বন্দি বিনিময়ে ইজরায়েলে উল্লাস, রেড কার্পেটে ট্রাম্পকে বিশেষ 'ধন্যবাদ'

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর ধরে চলা ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর উদ্যোগেই গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে যুযুধান সব শিবির। এদিন ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণ করতে তেল আভিভে পা রেখেছিলেন ট্রাম্প। পরে ইজরায়েলের আইনসভা 'নেসেট'-এ যান। সেখানে গাজায় শান্তিপ্রতিষ্ঠার জন্য ট্রাম্পের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আইনসভার স্পিকার আমির ওহানা।