Viral Video Nepal Flood: অমানবিক! নদীতে ভেসে আসা মৃতদেহের গয়না চুরি, ভিডিও ছড়াতেই নেপালে গ্রেফতার ২
Viral Video Nepal Flood: তদন্তে চিতওয়ান পুলিশ জানতে পারে, ঘটনাটি ভয়াবহ বন্যায় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মৃতদেহকে ঘিরে। ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সি মদন গুরুং এবং ৩৮ বছর বয়সি উমেশ চৌধুরীকে শনাক্ত করে।
জানা গিয়েছে, নেপালের নারায়ণী নদীতে বন্যার জলে ভেসে গিয়েছিল ওই মহিলার দেহ। পরে দুই ব্যক্তি কাঠের পাটাতনের সাহায্যে নদী থেকে দেহটি তোলেন। কিন্তু দেহ উদ্ধারের পরিবর্তে তাঁরা মহিলার কান থেকে সোনার দুল খুলে নেন বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কাঠের পাটাতনের সাহায্যে জলের মধ্যে থেকে মহিলার দেহ টেনে তোলার চেষ্টা করছেন। এরপর দুই ব্যক্তিকে মৃত মহিলার চুল ধরে টানতে এবং তাঁর দুই কান থেকে টান দিয়ে দুল খুলে নিতে দেখা যায়। ঘটনার সময় আশপাশে থাকা কয়েকজন পুরো বিষয়টি মোবাইলে রেকর্ড করেন। পরে নেপাল পুলিশও ভিডিওটি শেয়ার করে ঘটনার কথা জানায়।
তদন্তে চিতওয়ান পুলিশ জানতে পারে, ঘটনাটি ভয়াবহ বন্যায় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মৃতদেহকে ঘিরে। ভিডিও বিশ্লেষণ করে পুলিশ ২৫ বছর বয়সি মদন গুরুং এবং ৩৮ বছর বয়সি উমেশ চৌধুরীকে শনাক্ত করে। নেপালের সংবাদমাধ্যম 'খবরহাব' পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভারতপুর মেট্রোপলিটন সিটির-১ এলাকার পোখরা বাস পার্কের কাছে দু’জনকে গ্রেফতার করা হয়। নেপাল পুলিশ সতর্ক করে বলেছে, এই সংকটপূর্ণ সময়ে দুর্যোগে আক্রান্ত মানুষের সম্পদ লুট করা বা তাদের লক্ষ্য করে যে কোনও ধরনের অমানবিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
বিধ্বস্ত নেপাল
এদিকে, নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে পৌঁছানোর দুই দিন পর সীমান্তের তিব্বত অংশে ফের একটি লেক ফেটে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধারকর্মী ও সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপাল। বুধবার নেপাল-তিব্বত সীমান্তের লেহেন্দে নদীর কাছে বরফ ও পাথরের ধসের পর বিপুল পরিমাণ জল, পলি এবং পাথর নেমে আসে। এর জেরে ভোটে কোশী এবং ত্রিশূলী নদী ব্যবস্থায় জলস্তর দ্রুত বেড়ে যায়। এই ভয়াবহ বন্যায় এখনও বহু মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। এই বিপর্যয়ের মধ্যেই মৃতদেহ থেকে গয়না চুরির অভিযোগ সামনে আসায় নেপালজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
Home/News/Viral Video Nepal Flood: অমানবিক! নদীতে ভেসে আসা মৃতদেহের গয়না চুরি, ভিডিও ছড়াতেই নেপালে গ্রেফতার ২