...
...
Next Story

Bengaluru Hotel: বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক দুর্ঘটনা, সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই বিদেশির

Hotel Swimming Pool Electrocution: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটে হোটেলের তিন তলায় অবস্থিত সুইমিং পুল চত্বরে। ঘটনার খবর পেয়েই দ্রুত তদন্তে নেমেছে বেঙ্গালুরু শহরের পূর্ব বিভাগের পুলিশ।

Published on: Oct 31, 2026, 16:51:06 IST
Advertisement

Hotel Swimming Pool Electrocution: বেঙ্গালুরুর একটি পাঁচতারা বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে (Foreign Nationals Death)। শুক্রবার সন্ধ্যায় হালাসুরু এলাকার 'কনরাড' হোটেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে একজন জার্মানির এবং অন্যজন স্লোভাকিয়ার নাগরিক। এই ঘটনায় আরও এক মার্কিন নাগরিক ও এক হোটেলকর্মী আহত হয়েছেন। বিশ্বখ্যাত আন্তর্জাতিক হোটেল চেইন ‘হিলটন ওয়ার্ল্ডওয়াইড’-এর অধীনস্থ এই বিলাসবহুল হোটেলে এমন নিরাপত্তাহীনতার ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যেই পুরো ঘটনায় পুলিশ মামলা রুজু করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক দুর্ঘটনা (সৌজন্যে এক্স )
বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক দুর্ঘটনা (সৌজন্যে এক্স )

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটে হোটেলের তিন তলায় অবস্থিত সুইমিং পুল চত্বরে। ঘটনার খবর পেয়েই দ্রুত তদন্তে নেমেছে বেঙ্গালুরু শহরের পূর্ব বিভাগের পুলিশ। এই ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন, জার্মানির বিমান সংস্থা লুফৎহানসা (Lufthansa)-র ক্রু সদস্য আলেকজান্ডার মাক্সিমিলিয়ান টাইস (৫৭) ও স্লোভাকিয়ার তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএম (IBM)-এ প্রজেক্ট ম্যানেজার ইউরাই হোরভাত (৪৫)। সুইমিং পুলের জলে ওই দুই বিদেশিকে সংজ্ঞাহীন ও বিপন্ন অবস্থায় ভাসতে দেখে তাঁদের বাঁচাতে সাহসিকতার সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়েন হোটেলে থাকা বছর একচল্লিশের মার্কিন নাগরিক ম্যাথিউ ডিস্যান্টিস এবং হোটেলের পুল অ্যাটেনডেন্ট তথা লাইফগার্ড রাহুল তিওয়ারি (২৮)। তবে জলে নামতেই তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান যে, বর্তমানে তাঁরা দুজনেই আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেঙ্গালুরু শহরের পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP East) বিক্রম আমাতে জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। একটি নামী আন্তর্জাতিক মানের পাঁচতারা হোটেলে কীভাবে এমন গুরুতর যান্ত্রিক ত্রুটি বা নিরাপত্তা লঙ্ঘন ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোটেলের সুইমিং পুলে কীভাবে বা কোথা থেকে বিদ্যুৎসংযোগ হল পড়ল, লাইটিং বা ফিল্টার সিস্টেমে কোনও শর্ট সার্কিট হয়েছিল কিনা - ঘটনাস্থলে তা খতিয়ে দেখছে ফরেনসিক টিম। এই ঘটনায় গাফিলতির অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে হোটেল কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। এদিকে, এই ঘটনার পর শনিবার সকালে হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে আগামী ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হোটেলের সুইমিং পুলটি সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks