UGC NET Re-examination by NTA: প্রশ্নপত্রে ভুল! UGC-NET 2026-এর ৩ বিষয়ের পরীক্ষা বাতিল, ফের পরীক্ষা NTA-এর

UGC-NET জুন ২০২৬ পরীক্ষা দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ৮৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগ্যতা, জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়।

Published on: Aug 17, 2026, 09:06:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জাতীয় পরীক্ষা এজেন্সি বা NTA-এর UGC-NET জুন ২০২৬ পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত। ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্ব—এই তিন বিষয়ের পরীক্ষা ফের নেওয়া হবে। প্রশ্নপত্রে ভুল, ত্রুটি এবং ভাষাগত সমস্যার অভিযোগ পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে NTA। পরীক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখেই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

UGC NET-এ ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্ব—এই তিন বিষয়ের পরীক্ষা ফের নেওয়া হবে। (Rahul Sharma)
UGC NET-এ ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্ব—এই তিন বিষয়ের পরীক্ষা ফের নেওয়া হবে। (Rahul Sharma)

UGC-NET জুন ২০২৬ পরীক্ষা দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ৮৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগ্যতা, জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF এবং পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হয়।

কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্বের প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। পরীক্ষার্থীদের একাংশ প্রশ্নে ভুল তথ্য, ভুল বিকল্প এবং ভাষাগত অসঙ্গতির অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে NTA-র কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। এরপর অভিযোগগুলি খতিয়ে দেখে ওই তিন বিষয়ের পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের সিদ্ধান্ত নেয় সংস্থা।

NTA-এর এই সিদ্ধান্তের আগে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। জুন ২০২৬ UGC-NET-এর ৮৪টি বিষয়ের প্রোভিশনাল অ্যানসার কি প্রকাশ করা হয়েছে। তবে ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্বের পরীক্ষার্থীদের জন্য অ্যানসার কি প্রকাশ করা হয়নি। তিনটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে অভিযোগের বিষয়টি যাচাই করা হচ্ছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, যেসব বিষয়ের প্রোভিশনাল অ্যানসার কি প্রকাশ করা হয়েছে, সেগুলিতে উত্তর নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা অনলাইনে আপত্তি জানাতে পারবেন। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে আপত্তি জানানোর জন্য ২০০ টাকা প্রসেসিং ফি নির্ধারণ করা হয়েছে। ১৬ অগস্ট থেকে ১৮ অগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ রয়েছে।

প্রশ্নপত্রে ভুলের অভিযোগের জেরে পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্তে ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্বের পরীক্ষার্থীদের ফের প্রস্তুতি নিতে হবে। তবে একই সঙ্গে নতুন পরীক্ষার মাধ্যমে ভুল প্রশ্ন বা বিতর্কিত প্রশ্নের কারণে কোনও পরীক্ষার্থী যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই সুযোগও তৈরি হচ্ছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে হবে এই তিন বিষয়ের পুনরায় পরীক্ষা? NTA এখনও নতুন পরীক্ষার তারিখ, বিস্তারিত সূচি এবং সংশোধিত অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি। সংস্থার পক্ষ থেকে পরবর্তী ঘোষণা UGC-NET-এর সরকারি পোর্টালে দেওয়া হবে।

পরীক্ষার্থীদের তাই নিয়মিত সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ নতুন পরীক্ষার তারিখ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সেখানেই প্রকাশ করা হবে। একই সঙ্গে কোনও গুজব বা সামাজিক মাধ্যমে ছড়ানো অপ্রমাণিত তথ্যের ওপর নির্ভর না করে কেবল NTA-র সরকারি বিজ্ঞপ্তিকে চূড়ান্ত বলে ধরতে বলা হয়েছে।

NTA-এর এই সিদ্ধান্তে একদিকে যেমন পরীক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রস্তুতির চাপ তৈরি হয়েছে, তেমনই প্রশ্নপত্রের ত্রুটি নিয়ে ওঠা অভিযোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, সেই বার্তাও স্পষ্ট হয়েছে। এখন নজর নতুন পরীক্ষার দিন ঘোষণার দিকে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More