২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Ukraine War Latest Update: রাশিয়ার গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিতে ইউক্রেনের ভয়ংকর হামলা! ক্ষতিগ্রস্ত ৫ যুদ্ধবিমান
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) ইউক্রেনের জেনারেল স্টাফ এই হামলার কথা প্রকাশ্যে আনে। রাশিয়ার নিঝনি নভগোরদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা (Savasleyka) বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। মস্কোর পূর্বদিকে অবস্থিত এই ঘাঁটি রুশ সামরিক বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুদ্ধের ময়দানে রাশিয়াকে আরও একবার বড় ধাক্কা দিল ইউক্রেন। রুশ ভূখণ্ডের গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে দূরপাল্লার হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করল কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, এই হামলায় রাশিয়ার তিনটি মিগ-৩১ (MiG-31) যুদ্ধবিমান এবং দুটি সু-৩৪ (Su-34) ফাইটার-বোমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত বিমানগুলি উড়তে পারবে না। বিশেষ করে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রয়েছে যে বিমানগুলির, সেগুলিকে নিশানা করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি ইউক্রেনের। ফলে মস্কোর সামরিক পরিকাঠামোয় বড়সড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকরা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) ইউক্রেনের জেনারেল স্টাফ এই হামলার কথা প্রকাশ্যে আনে। রাশিয়ার নিঝনি নভগোরদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা (Savasleyka) বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। মস্কোর পূর্বদিকে অবস্থিত এই ঘাঁটি রুশ সামরিক বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের দাবি, ২৪ নভেম্বর এবং ২৫ নভেম্বর ভোররাত পর্যন্ত এই অভিযান চলে। তাতে পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও রাশিয়ার তরফে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ক্ষতিগ্রস্ত বিমানগুলির মধ্যে রয়েছে তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান। রাশিয়া এই ধরনের বিমানের সাহায্যে কিনঝাল (Kinzhal) হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে। অত্যন্ত দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহর এবং সামরিক পরিকাঠামোয় হামলার ক্ষেত্রে ব্যবহার করেছে মস্কো। ফলে এই বিমানগুলিকে সাময়িকভাবে অকেজো করে দিতে পারা ইউক্রেনের জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি সু-৩৪ ফাইটার-বোমার। স্থলভাগের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে এই যুদ্ধবিমানগুলি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র।
ইউক্রেনের জেনারেল স্টাফের প্রাথমিক মূল্যায়ন, ক্ষতিগ্রস্ত পাঁচটি বিমানই কিছু সময়ের জন্য উড়তে পারবে না। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত মূল্যায়নের পর আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে জানিয়েছে কিয়েভ। সাভাসলেইকা ঘাঁটিতে হামলার পাশাপাশি রুশ অধিকৃত লুহানস্ক অঞ্চলে একটি পি-১৮ রাডার ব্যবস্থাতেও আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। এই রাডার শত্রুপক্ষের আকাশপথে চলাচলকারী লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তথ্য সরবরাহ করতে ব্যবহার করা হয়।
এখানেই শেষ নয়। রাশিয়ার সামরিক রসদ সরবরাহ ব্যবস্থাতেও আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে একাধিক জ্বালানি ডিপো, সামরিক রসদ রাখার গুদাম এবং একটি অস্ত্রভাণ্ডারকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনা। যদিও সেগুলির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাশিয়ার সামরিক ও কৌশলগত পরিকাঠামোয় একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। লিবিয়ার জলসীমায় দুটি রুশ জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে আরও একটি রুশ জাহাজে হামলার খবর সামনে এসেছে। গত সপ্তাহে লাগাতার আক্রমণের পর ক্রিমিয়া সেতুর সড়ক অংশও ধ্বংস করার দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারার দাবি, গত কয়েক মাসে রাশিয়ার ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে, অক্টোবরের শেষ থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলির উৎপাদন প্রক্রিয়াকরণের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে বলে শিল্প মহলের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স। সব মিলিয়ে রাশিয়ার সামরিক শক্তি ও যুদ্ধ চালানোর ক্ষমতায় আঘাত হানতেই পরিকল্পিতভাবে এই অভিযান চালাচ্ছে কিয়েভ। তবে পালটা রুশ হামলায় ইউক্রেনের সামরিক ও জ্বালানি পরিকাঠামোও ক্রমাগত বিপর্যস্ত হচ্ছে। যুদ্ধ থামাতে আমেরিকার উদ্যোগে নতুন করে শান্তি আলোচনা চললেও ময়দানে সংঘর্ষের তীব্রতা কমার কোনও লক্ষণ নেই।
E-Paper
