...
...
Next Story

India Unemployment Rate: বাড়ছে স্বনিযুক্তি! দেশে বেকারত্বের হার কমে দাঁড়াল ৫.১ শতাংশে, ক্ষমতায়ন মহিলাদের

India Unemployment Rate: গ্রামীণ এলাকায় কৃষিক্ষেত্রে কর্মরত মানুষের অনুপাতও বেড়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৫২.৯ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৫৬.৭ শতাংশ।

Published on: Nov 11, 2026, 20:17:04 IST
Advertisement

India Unemployment Rate: দেশের কর্মসংস্থান পরিস্থিতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে সার্বিক বেকারত্বের হার সামান্য কমে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে। আগের এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৪ শতাংশ। মূলত গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের পরিস্থিতির উন্নতির জেরেই বেকারত্বের হার কমেছে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে। তবে শহরাঞ্চলে বেকারত্বের হার সামান্য বেড়েছে।

গ্রামীণ এলাকায় কমেছে বেকারত্ব

দেশে কমেছে বেকারত্বের হার, ক্ষমতায়ন মহিলাদের Anindito Mukherjee/Bloomberg
দেশে কমেছে বেকারত্বের হার, ক্ষমতায়ন মহিলাদের Anindito Mukherjee/Bloomberg

মঙ্গলবার ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (NSO) প্রকাশিত 'পিরিওডিক লেবার ফোর্স সার্ভে' (PLFS)-র সর্বশেষ বুলেটিনে এই তথ্য সামনে এসেছে। পিরিওডিক লেবার ফোর্স সার্ভে' (PLFS)-র রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার এপ্রিল-জুন ত্রৈমাসিকের ৪.৮ শতাংশ থেকে কমে জুলাই-সেপ্টেম্বরে হয়েছে ৪.৩ শতাংশ। বিশেষ করে গ্রামীণ পুরুষদের বেকারত্বের হার ৪.৭ শতাংশ থেকে কমে ৪.৪ শতাংশ হয়েছে। অন্যদিকে, শহরাঞ্চলে পরিস্থিতি প্রায় অপরিবর্তিতই রয়েছে; আগের ত্রৈমাসিকে শহরের বেকারত্ব যেখানে ৬.৭ শতাংশ ছিল, এবার তা দাঁড়িয়েছে ৬.৮ শতাংশে। অবশ্য গত বছরের একই সময়ের নিরিখে দেখলে শহরে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই বেকারত্বে নামমাত্র উন্নতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ, দেশের সামগ্রিক বেকারত্বের হার কমলেও শহরাঞ্চলে কর্মসংস্থানের সমস্যা এখনও উদ্বেগের কারণ।

কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি

মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও মিলেছে ইতিবাচক ইঙ্গিত। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে মহিলাদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বেড়ে হয়েছে ৩৪.৭ শতাংশ। এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৩৩.২ শতাংশ। এছাড়া, দেশে ১৫ বছর ও তার বেশি বয়সিদের কর্মসংস্থানের অনুপাত (Worker Population Ratio বা WPR) ৫১.৭ শতাংশ থেকে বেড়ে ৫২.৭ শতাংশ হয়েছে। অর্থাৎ, কর্মক্ষম বয়সের জনসংখ্যার মধ্যে কর্মরত মানুষের অনুপাতও বেড়েছে।

কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি

সমীক্ষা অনুযায়ী, ১৫ বছর ও তার বেশি বয়সিদের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার (LFPR) আগের ত্রৈমাসিকের ৫৪.৬ শতাংশ থেকে বেড়ে ৫৫.৫ শতাংশ হয়েছে। অর্থাৎ, আগের তুলনায় বেশি সংখ্যক মানুষ হয় কর্মরত, নয়তো কাজের সন্ধান করছেন। গ্রামীণ এলাকায় এই হার ৫৬.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫৮.১ শতাংশ। শহরাঞ্চলেও সামান্য উন্নতি হয়েছে। সেখানে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৫০.২ শতাংশ থেকে বেড়ে ৫০.৪ শতাংশ হয়েছে। সব মিলিয়ে, দেশে বেকারত্বের হার কমা এবং কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত। তবে শহরাঞ্চলে বেকারত্বের সমস্যা নিয়ে সামান্য উদ্বেগ রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। সামগ্রিকভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মূল্যবৃদ্ধির উদ্বেগের মাঝেই দেশের সামগ্রিক কর্মসংস্থানের চিত্রে এই পরিসংখ্যান এক ঝলক ইতিবাচক বার্তা দিচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks