রাষ্ট্রসংঘে ভারতের সঙ্গে ‘বঞ্চনা’! তুরস্কের বিরুদ্ধে তদন্তের দাবি দিল্লির, পাকের মদতে কাশ্মীর ইস্যু তোলায় সরব মোদী সরকার

ভারতের অভিযোগ, প্রস্তাবের একাধিক খসড়া বিভিন্ন দেশের কাছে পাঠানোর সময় ভারতীয় প্রতিনিধিদলকে বাদ দেওয়া হয়েছিল। শুধু ভারত নয়, আরও কয়েকটি দেশকেও আলোচনার বাইরে রাখা হয়। বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলেও পরবর্তী পর্যায়ে সেই দেশগুলিকে আলোচনায় ফেরানো হয়নি।

Published on: Nov 17, 2026, 13:53:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাষ্ট্রসংঘে ভারতকে আলোচনার বাইরে রাখার অভিযোগে তুরস্কের বিরুদ্ধে সরব হল নয়াদিল্লি। রাষ্ট্রসংঘ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র মধ্যে সহযোগিতা সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে আলোচনার সময় ভারত-সহ বেশ কয়েকটি দেশকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধে। এই ঘটনাকে ‘পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তোপ দেগেছে ভারত। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়ার তদন্তের দাবিও জানিয়েছে নয়াদিল্লি। সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত। ভারতের পাশাপাশি আমেরিকা, ইজরায়েল, আর্মেনিয়া, সাইপ্রাস এবং গ্রিসও প্রস্তাবটির বিরোধিতা করেছে।

রাষ্ট্রসংঘে ভারতের সঙ্গে ‘বঞ্চনা’! তুরস্কের বিরুদ্ধে তদন্তের দাবি দিল্লির, পাকের মদতে কাশ্মীর ইস্যু তোলায় সরব মোদী সরকার
রাষ্ট্রসংঘে ভারতের সঙ্গে ‘বঞ্চনা’! তুরস্কের বিরুদ্ধে তদন্তের দাবি দিল্লির, পাকের মদতে কাশ্মীর ইস্যু তোলায় সরব মোদী সরকার

ঘটনার সূত্রপাত রাষ্ট্রসংঘ এবং ওআইসির মধ্যে সহযোগিতা সংক্রান্ত একটি প্রস্তাবকে ঘিরে। ইরাকের আনা ওই প্রস্তাবের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল তুরস্ক। কিন্তু ভারতের অভিযোগ, প্রস্তাবের একাধিক খসড়া বিভিন্ন দেশের কাছে পাঠানোর সময় ভারতীয় প্রতিনিধিদলকে বাদ দেওয়া হয়েছিল। শুধু ভারত নয়, আরও কয়েকটি দেশকেও আলোচনার বাইরে রাখা হয়। বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলেও পরবর্তী পর্যায়ে সেই দেশগুলিকে আলোচনায় ফেরানো হয়নি। এমনকি বিভিন্ন দেশের দেওয়া মতামত এবং সংশোধনী প্রস্তাবের বিষয়টিও যথাযথ গুরুত্ব পায়নি বলে অভিযোগ ভারতের।

রাষ্ট্রসংঘে ভারতের উপ স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত যোজনা পটেল এ নিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও দেশের মতামত পছন্দ না হলেই তাকে আলোচনার বাইরে রাখা যায় না। রাষ্ট্রসংঘের ভিত্তিই হল সার্বভৌম সমতা, অন্তর্ভুক্তি এবং বহুপাক্ষিক সহযোগিতা। অথচ সেই নীতির বিরুদ্ধেই কাজ করেছে প্রস্তাবের মধ্যস্থতাকারী। যোজনা বলেন, কিছু দেশ প্রকাশ্যে বহুপাক্ষিক সহযোগিতার কথা বললেও বাস্তবে সেই নীতিগুলিকে উপেক্ষা করছে। ভারতের দাবি, রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি যেন গোটা প্রক্রিয়ার তদন্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকান।

কাশ্মীর প্রসঙ্গে ওআইসিকে পাল্টা বার্তা

শুধু আলোচনায় বাদ পড়ার অভিযোগ নয়, প্রস্তাবের বিষয়বস্তু নিয়েও আপত্তি জানিয়েছে ভারত। বিশেষ করে ওআইসির ভূমিকা বাড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের সমাধানে তাদের যুক্ত করার প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, ওআইসি রাষ্ট্রসংঘের সনদের অষ্টম অধ্যায়ের আওতায় কোনও আঞ্চলিক সংগঠন নয়। ফলে আন্তর্জাতিক সংঘাতের সমাধানে তাদের ভূমিকা বাড়ানোর প্রয়োজনীয়তা স্পষ্ট নয়।

এর পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত ওআইসির মহিলাবিষয়ক মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলনের প্রসঙ্গও তুলেছে ভারত। ওই সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করা হয়েছিল। ভারতের দাবি, ওই ঘোষণাপত্র এবং সংশ্লিষ্ট প্রস্তাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য রয়েছে। যোজনা পটেল স্পষ্ট জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার ওআইসির নেই।

নয়াদিল্লির আরও অভিযোগ, পাকিস্তান বারবার ওআইসির মঞ্চকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালাচ্ছে। ৫৭টি সদস্য দেশের এই সংগঠনকে একটি দেশের স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি ভারতের।

ভারতের পাশে আমেরিকা, গ্রিস ও সাইপ্রাস

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইরাকের আনা প্রস্তাবটি শেষ পর্যন্ত ১১২টি দেশের সমর্থনে গৃহীত হয়েছে। বিপক্ষে ভোট পড়েছে ছ'টি। ভারত, আমেরিকা, ইজরায়েল, আর্মেনিয়া, গ্রিস এবং সাইপ্রাস প্রস্তাবটির বিরোধিতা করেছে। ৩৯টি দেশ ভোটদানে বিরত থেকেছে।

আলোচনার প্রক্রিয়া নিয়ে শুধু ভারত নয়, গ্রিস এবং সাইপ্রাসও তুরস্কের বিরুদ্ধে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের একাধিক সংশোধনী প্রস্তাব যথাযথ ভাবে বিবেচনা করা হয়নি। অন্য দিকে, আমেরিকা জানিয়েছে, ভবিষ্যতে প্রস্তাবের বিতর্কিত বিষয়গুলি বাদ দিয়ে বাস্তবসম্মত সহযোগিতার ক্ষেত্রগুলিতে গুরুত্ব দেওয়া উচিত।

সব মিলিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে তুরস্ক ও ওআইসিকে ঘিরে ভারতের এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের ভূমিকা এবং ওআইসির অবস্থান নিয়ে নয়াদিল্লি যে কোনও আপস করতে রাজি নয়, তা ফের স্পষ্ট করে দিয়েছে মোদী সরকার।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More