US Army Chief Removed: ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ, ইরান যুদ্ধের মাঝেই সরানো হল মার্কিন সেনাপ্রধানকে

জেনারেল ব়্যান্ডি জর্জ ২০২৩ সালের সেপ্টেম্বরে মার্কিন সেনাপ্রধানের পদটি গ্রহণ করেছিলেন। আগামী বছর পর্যন্ত তাঁর এই পদে থাকার মেয়াদ ছিল। তবে যুদ্ধমন্ত্রী হেগসেথ দীর্ঘদিন ধরেই তাঁর অপসারণের পরিকল্পনা করছিলেন।

Published on: Apr 3, 2026, 08:51:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানের সঙ্গে আমেরিকার 'যুদ্ধ' চলাকালীনই মার্কিন সেনা প্রধানকে অপসারিত করল পেন্টাগন। মার্কিন যুদ্ধমন্ত্রী পিটার হেগসেথ সেই দেশের সেনাপ্রধান জেনারেল ব়্যান্ডি জর্জকে তাঁর পদ থেকে 'ইস্তফা' দিলে বলেছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, জেনারেল জর্জ তাৎক্ষণিকভাবে ৪১তম চিফ অফ স্টাফ হিসাবে অবসর নিচ্ছেন। জেনারেল ব়্যান্ডি জর্জ ২০২৩ সালের সেপ্টেম্বরে এই পদটি গ্রহণ করেছিলেন। আগামী বছর পর্যন্ত তাঁর এই পদে থাকার মেয়াদ ছিল। তবে যুদ্ধমন্ত্রী হেগসেথ দীর্ঘদিন ধরেই তাঁর অপসারণের পরিকল্পনা করছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ববর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে জেনারেল জর্জকে অপসারণ করা হয়েছে। তিনি প্রাক্তন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সিনিয়র সামরিক সহকারী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

জেনারেল ব়্যান্ডি জর্জ ২০২৩ সালের সেপ্টেম্বরে মার্কিন সেনাপ্রধানের পদটি গ্রহণ করেছিলেন। (AFP)
জেনারেল ব়্যান্ডি জর্জ ২০২৩ সালের সেপ্টেম্বরে মার্কিন সেনাপ্রধানের পদটি গ্রহণ করেছিলেন। (AFP)

পেন্টাগনের করিডোরে চর্চা চলছে, আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সব সেনা কর্তাকেই একে একে সরিয়ে দিচ্ছেন হেগসেথ। এই আবহে গত ২ এপ্রিল শুধুমাত্র সেনাপ্রধানই নন, আরও দুই মেজর জেনারেলকেও পদত্যাগ করতে বাধ্য করা হয়। চ্যাপেলিনের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিন এবং মার্কিন সেনা রূপান্তর ও প্রশিক্ষণ কমান্ডের কমান্ডিং জেনারেল জেনারেল ডেভিড হডনকে পদত্যাগ করতে বলা হয়। এর আগে হেগসেথ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুসকে সরিয়ে দিয়েছিলেন। ২০২৫ সালে ইরানের ওপর মার্কিন হামলার পরে 'বিজয়' ঘোষণা করে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে তারা। এরপরে সামরিক গোয়েন্দা বিভাগের মূল্যায়নে দেখা যায়, ট্রাম্পের সঙ্গে রিপোর্টের দাবির মিল নেই। এরপরই লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুসকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে ন্যাটোতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ভাইস অ্যাডমিরাল শোশানা চ্যাটফিল্ড এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ব্রাউনকেও সরিয়ে দেওয়া হয়েছিল।

কে হবেন পরবর্তী মার্কিন সেনাপ্রধান? জেনারেল জর্জের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে যুদ্ধমন্ত্রী হেগসেথ সম্প্রতি জেনারেল ক্রিস্টোফার লেনওয়েকে ডেপুটি চিফ অব স্টাফ করার জন্য চাপ দিয়ে আসছিলেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ল্যানওয়েকে ডেপুটি চিফ করা হলে ভবিষ্যতে তাঁকে সেনাপ্রধান করা হতে পারে বলে মনে করা হচ্ছিল।

মার্কিন সেনাপ্রধানের পদে এমন এক সময় পরিবর্তন এসেছে যখন ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত আমেরিকা। গুঞ্জন শোনা যাচ্ছে, ইরানের মাটিতে মার্কিন সেনা পা ফেলতে পারে। এর আগে গত ১ এপ্রিল ট্রাম্প বলেছিলেন, তিনি আশা করছেন যে যুদ্ধ শিগগিরই শেষ হবে, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আরও বিমান হামলা চালানো হবে ইরানের ওপর। এই পরিস্থিতিতে ট্রাম্প ইরানকে বন্দুকের নলের মুখেই আলোচনার টেবিলে বসাতে চাইছেন। তাই দেশের সামরিক নেতৃত্বও যাতে ট্রাম্পের নীতির সঙ্গে সহমত পোষণ করে, তার জন্যেই একের পর এক কর্তাকে সরাচ্ছেন হেগসেথ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More