US Bank Outage: আমেরিকায় একসঙ্গে বিপর্যস্ত একাধিক বড় ব্যাঙ্ক! চেজ, ব্যাঙ্ক অফ আমেরিকা, ওয়েলস ফার্গোতে পরিষেবা বিভ্রাট
এপি-র প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর এই সমস্যার কথা সামনে আসে। পরিষেবা বিভ্রাটের খবর প্রথমে ব্যাপকভাবে ধরা পড়ে ডাউনডিটেক্টর (Downdetector) নামে একটি ওয়েবসাইটে। সেখানে গ্রাহকরা বিভিন্ন ব্যাঙ্কের পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন।
আমেরিকার আর্থিক ব্যবস্থায় ফের প্রযুক্তিগত বিপর্যয়! এবার একসঙ্গে পরিষেবা বিভ্রাটের মুখে পড়ল দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্ক। গ্রাহকদের অভিযোগ, অনলাইন ব্যাঙ্কিংয়ে ঢোকা যাচ্ছে না, অ্যাকাউন্টের ব্যালান্স দেখা যাচ্ছে না, এমনকী অনেক ক্ষেত্রে টাকা স্থানান্তর করতেও সমস্যা হচ্ছে। এই তালিকায় রয়েছে জেপিমরগ্যান চেজ (JPMorgan Chase), ব্যাঙ্ক অফ আমেরিকা (Bank of America), ইউএস ব্যাঙ্ক (US Bank), ওয়েলস ফার্গো (Wells Fargo) এবং ট্রুইস্ট (Truist)। ডিজিটাল পেমেন্ট পরিষেবা জেল (Zelle) ব্যবহার করেও সমস্যায় পড়েছেন অনেকে। পরপর প্রযুক্তিগত সমস্যায় আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-র প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর এই সমস্যার কথা সামনে আসে। পরিষেবা বিভ্রাটের খবর প্রথমে ব্যাপকভাবে ধরা পড়ে ডাউনডিটেক্টর (Downdetector) নামে একটি ওয়েবসাইটে। সেখানে গ্রাহকরা বিভিন্ন ব্যাঙ্কের পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। বিশেষ করে জেপিমরগ্যান চেজের গ্রাহকদের অভিযোগ ছিল সবচেয়ে বেশি। অনেকে নিজেদের অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করতে পারছিলেন না। কেউ আবার অ্যাকাউন্টের ব্যালান্স ও সাম্প্রতিক লেনদেনের তথ্য দেখতে পারছিলেন না। টাকা ট্রান্সফার এবং ওয়্যার ট্রান্সফার করতেও সমস্যা হচ্ছিল।
পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে জেপিমরগ্যান চেজ কর্তৃপক্ষ। ব্যাঙ্কের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার ব্যবস্থায় একটি প্রযুক্তিগত ত্রুটি বা সফটওয়্যার বাগের কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। তবে গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্ট এবং টাকা ব্যবহারের সুযোগ পাচ্ছেন বলে আশ্বস্ত করেছে ব্যাঙ্কটি। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনও সাইবার হামলার সম্পর্ক নেই। অর্থাৎ, হ্যাকারদের আক্রমণের কারণে এই বিপর্যয় ঘটেনি বলেই দাবি চেজ কর্তৃপক্ষের।
তবে সমস্যার প্রভাব শুধুমাত্র চেজ ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। অন্য ব্যাঙ্কের গ্রাহকরাও সমস্যায় পড়েছেন। বিশেষ করে চেজের সঙ্গে লেনদেন করতে গিয়ে ব্যাঙ্ক অফ আমেরিকা, ইউএস ব্যাঙ্ক-সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনে দেরি হয়েছে। ওয়েলস ফার্গোর ওয়েবসাইটেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সাময়িকভাবে অনুপলব্ধ থাকার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের এটিএম, ব্যাঙ্কের শাখা এবং ফোন ব্যাঙ্কিং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এদিকে, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম জেল জানিয়েছে, তাদের নিজস্ব নেটওয়ার্ক সম্পূর্ণ সচল রয়েছে। তবে চেজের মতো কোনও ব্যাঙ্কের প্রযুক্তিগত সমস্যার কারণে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠানো বা গ্রহণের ক্ষেত্রে দেরি হতে পারে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই মাইক্রোসফটের আউটলুক, টিমস এবং কোপাইলট পরিষেবায় বড়সড় বিভ্রাট দেখা গিয়েছিল। এরপর মার্কিন বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল। তবে ব্যাঙ্কিং ব্যবস্থার এই সমস্যার সঙ্গে আগের ঘটনাগুলির কোনও যোগসূত্র নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।
সব মিলিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে আমেরিকার প্রযুক্তি, বিমান পরিষেবা এবং ব্যাঙ্কিং ব্যবস্থায় একের পর এক বিপর্যয়ের ঘটনা সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক আর্থিক ব্যবস্থার অধিকাংশ পরিষেবা ডিজিটাল পরিকাঠামোর উপর নির্ভরশীল হওয়ায় একটি প্রযুক্তিগত ত্রুটিও বহু গ্রাহকের দৈনন্দিন লেনদেনকে প্রভাবিত করতে পারে। ফলে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে ব্যাঙ্কগুলির প্রযুক্তিগত পরিকাঠামো আরও শক্তিশালী করা জরুরি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


