...
...
Next Story

US Company Linked to Trump's Sons: পাকিস্তানের আগে ভারতের সঙ্গে চুক্তি করে ট্রাম্প-পুত্রদের সঙ্গে যুক্ত মার্কিন সংস্থা

মার্কিন ড্রোন সংস্থা পাওয়ারাস ডিফেন্স ভারতের প্রতিরক্ষা সংস্থা প্যারাসের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তানের আগে। শীঘ্রই এই পাওয়ারাস মিশে যেতে চলেছে অরিয়াস গ্রিনওয়ে নামক আরও একটি সংস্থাতে। ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পের আবার উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে অরিয়াস গ্রিনওয়েতে।

Published on: Sep 21, 2026, 08:12:57 IST
Advertisement

US Company Linked to Trump's Sons: ড্রোন হামলা ঠেকাতে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামনে এল। মার্কিন ড্রোন সংস্থা পাওয়ারাস ডিফেন্স ভারতের প্রতিরক্ষা সংস্থা প্যারাস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিসের সঙ্গে একটি চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে ভারতে পাওয়ারাসের ‘গার্ডিয়ান ওয়ান ইন্টারসেপ্টর’ নামে ড্রোন-বিরোধী ব্যবস্থা তৈরি ও বাজারজাত করা যাবে। গত জুন মাসে এই চুক্তি করা হয়েছিল।

মার্কিন ড্রোন সংস্থা পাওয়ারাস ডিফেন্স ভারতের প্রতিরক্ষা সংস্থা প্যারাসের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তানের আগে। (AFP)
মার্কিন ড্রোন সংস্থা পাওয়ারাস ডিফেন্স ভারতের প্রতিরক্ষা সংস্থা প্যারাসের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তানের আগে। (AFP)

চুক্তি অনুযায়ী, ভারতে ‘গার্ডিয়ান ওয়ান’ তৈরি এবং বাণিজ্যিকভাবে বিক্রির একচেটিয়া অনুমতি পেয়েছে প্যারাস ডিফেন্স। এর পরিবর্তে পাওয়ারাস লাইসেন্সের টাকা এবং ভারতে ওই প্রযুক্তি বিক্রি করে পাওয়া নিট লাভের একটি অংশ পাবে। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ এক বছর। দু’পক্ষের সম্মতিতে পরে তা নবীকরণ করা যেতে পারে।

‘গার্ডিয়ান ওয়ান’ একটি দ্রুতগতির, ব্যাটারিচালিত ড্রোন-বিরোধী ব্যবস্থা। পাওয়ারাসের দাবি, কম খরচে আকাশপথের বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। বিশেষ করে ‘শাহেদ ১৩৬’ এবং ‘গেরান ২’-এর মতো একমুখী হামলায় ব্যবহৃত ড্রোন ধ্বংস করার জন্য এই ব্যবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভারতে এই ব্যবস্থা তৈরির চুক্তি হলেও এখনও ভারতীয় সশস্ত্র বাহিনী ‘গার্ডিয়ান ওয়ান’ কেনার জন্য কোনও সরকারি অর্ডার দেয়নি বলে জানা গিয়েছে। অর্থাৎ বর্তমানে চুক্তিটি মূলত প্রযুক্তি, উৎপাদন এবং বাজারজাত করার পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে ভারতীয় সেনা বা অন্য কোনও বাহিনী এই ব্যবস্থা কিনবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

পাকিস্তানকে ঠিক কোন প্রযুক্তি দেওয়া হচ্ছে, তা পাওয়ারাস স্পষ্ট করে জানায়নি। তবে সংস্থার প্রকাশিত তথ্যে ‘গার্ডিয়ান টু’-এর ছবি ব্যবহার করা হয়েছিল। এটি ‘গার্ডিয়ান’ পরিবারের আরও উন্নত প্রতিরোধী ব্যবস্থা হিসেবে পরিচিত।

পাওয়ারাস তুলনামূলকভাবে নতুন একটি মার্কিন ড্রোন সংস্থা। সাম্প্রতিক সময়ে মার্কিন বিমানবাহিনী এবং মার্কিন প্রতিরক্ষা দফতরের কাছ থেকেও সংস্থাটি কয়েকটি ছোট চুক্তি পেয়েছে। সংস্থার নথি অনুযায়ী, শীঘ্রই এই পাওয়ারাস মিশে যেতে চলেছে অরিয়াস গ্রিনওয়ে নামক আরও একটি সংস্থাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পের আবার উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে অরিয়াস গ্রিনওয়েতে। তবে সংস্থার প্রতিনিধিদের দাবি, ট্রাম্প পরিবারের এই সংস্থার দৈনন্দিন পরিচালনা বা কার্যকর নিয়ন্ত্রণ নেই। তবে তাও এই নিয়ে চর্চা চলছে, বিতর্ক হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks