Donald Trump Administration: ‘মিঃ সিং’ পোস্টারে শিখ বিদ্বেষ! ডেমোক্র্যাট নেতাদের তোপের মুখে পিছু হটল DHS

US DHS: ‘সিং’ পদবি ব্যবহারের বিষয়টি নিয়ে 'হিন্দু আমেরিকান ফাউন্ডেশন' এবং 'শিখ কোয়ালিশন'-এর মতো সংগঠনগুলি বিজ্ঞাপনটির সমালোচনা করেছে।

Published on: Sep 11, 2026, 12:48:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

US DHS: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসনবিরোধী প্রচার ঘিরে ফের বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি (ডিএইচএস) একটি বিজ্ঞাপন প্রকাশ্যে নিয়ে এসেছে। আর সেখানেই ‘মিস্টার সিং’ উল্লেখ করে ভারতীয়দের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজ্ঞাপনটি জনপ্রিয় সিনেমা ‘ট্রান্সফর্মার্স’-এর চরিত্র ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে প্রবল সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। এক ডজনেরও বেশি মার্কিন আইনপ্রণেতা এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একাধিক সংগঠনের তীব্র সমালোচনার জেরেই এই পদক্ষেপ নিল তারা।

ডেমোক্র্যাট নেতাদের তোপের মুখে পিছু হটল DHS (সৌজন্যে টুইটার)
ডেমোক্র্যাট নেতাদের তোপের মুখে পিছু হটল DHS (সৌজন্যে টুইটার)

এক্স হ্যান্ডেলে প্রকাশিত পোস্টারে দেখা যায়, ‘ট্রান্সফর্মার্স’-এর প্রধান চরিত্রঅপটিমাস প্রাইম-এর একটি সংস্করণ এক দাড়িওয়ালা বাদামি চামড়ার ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ওই চরিত্রের মাথায় ব্যান্ডানা রয়েছে এবং তাকে ‘মিস্টার সিং’ বলে সম্বোধন করা হয়েছে। পোস্টারে লেখা হয়, 'আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ান, আপনি গাড়ি চালাতে জানেন না, মিস্টার সিং।' ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রচারের অংশ হিসেবেই এই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

শিখ-আমেরিকান ট্রাক চালকদের ঘিরে বিতর্ক

২০২৫ সালে শিখ ট্রাক চালকদের জড়িত থাকা দুটি পৃথক পথ দুর্ঘটনার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ-আমেরিকানরা—বিশেষ করে যারা ট্রাক পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত—চরম বিতর্কের কেন্দ্রে চলে আসেন। এর পরই কট্টরপন্থী রাজনীতিবিদ ও ইনফ্লুয়েন্সাররা ওই চালকদের অভিবাসন স্ট্যাটাস এবং যোগ্যতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সেই ঘটনার পর থেকে অনিচ্ছা সত্ত্বেও শিখ-আমেরিকান সম্প্রদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সেই অভিযানের মূল নিশানায় পরিণত হয়, যার লক্ষ্য ছিল চালকদের লাইসেন্স সাময়িক বাতিল করা এবং ইংরেজি ভাষায় দক্ষতার নিয়ম আরও কঠোর করা।

মার্কিন আইনপ্রণেতাদের তোপ

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য জশ হার্ডার ডিএইচএস-এর কড়া সমালোচনা করে বলেন, শিখ সম্প্রদায়কে নিশানা করে দেওয়া এই পোস্টটি অত্যন্ত 'ঘৃণ্য এবং বৈষম্যমূলক।' তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কারো নাম বা ধর্মীয় বিশ্বাসের কারণে ওয়াশিংটনের রাজনীতিবিদদের নিশানা হওয়ার কোনও অধিকার নেই। হার্ডারের কথায়, 'শুধু পোস্ট মুছে দেওয়াই যথেষ্ট নয়। যারা এই ধরণের পোস্ট করার অনুমতি দিয়েছেন, তাঁদের অবিলম্বে বরখাস্ত করা উচিত।' প্রমিলা জয়পাল, রাজা কৃষ্ণমূর্তি, অ্যাডাম স্মিথ এবং ডেবি ডিঙ্গেলের মতো সিনিয়র ডেমোক্র্যাট নেতারাও একযোগে ডিএইচএস-এর এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন।

এমনকী ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির সদস্যরাও উদ্বেগ প্রকাশ করেছেন। ক্যালিফোর্নিয়ার এক জেলা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য ডেভিড ভালাদাও বলেন, 'সেন্ট্রাল ভ্যালি একটি বৃহৎ ও প্রাণবন্ত শিখ সম্প্রদায়ের বাসস্থান। অন্য যে কোনও নাগরিকের মতো শিখ-আমেরিকানরাও সমান মর্যাদা ও সম্মানের অধিকারী।' এই পোস্টকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তিনি বলেন, 'পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে দেখে আমি স্বস্তি পেয়েছি।'

‘সিং’ পদবি ব্যবহারের বিষয়টি নিয়ে 'হিন্দু আমেরিকান ফাউন্ডেশন' এবং 'শিখ কোয়ালিশন'-এর মতো সংগঠনগুলি বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন-এর অভিযোগ, এটি ভারতীয় ও দক্ষিণ এশীয়দের চেহারা এবং পরিচয়ের ভিত্তিতে বৈষম্যমূলকভাবে চিহ্নিত করার উদাহরণ। শিখ কোয়ালিশন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ শিখের পদবি 'সিং' এবং তাঁদের অনেকেই পরিবহণ ও ট্রাকিং শিল্পের সঙ্গে যুক্ত। সংগঠনটির বক্তব্য, চেহারার কারণে শিখদের বিরুদ্ধে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণের প্রবণতা এখনও উদ্বেগের বিষয়।