US Soldier Dead: ইরানি হামলায় মৃত সপ্তম মার্কিন সেনা, ভয়ে সৌদি দূতাবাস খালি করাচ্ছে আমেরিকা, মধ্যপ্রাচ্যে মৃত প্রায় ১৫০০
সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় প্রায় ১৫০০ জন মারা গিয়েছেন ২৮ ফেব্রুয়ারি থেকে। এদিকে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয়। এই তিনজনই সমুদ্রে মারা গিয়েছেন।
ইরানের হামলায় আরও এক মার্কিন সেনা প্রাণ হারালেন। রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় প্রাণ গিয়েছে সেই মার্কিন সেনার। এই নিয়ে অন্তত ৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন পশ্চিম এশিয়ার এই যুদ্ধে। এদিকে সৌদিতে ইরানের ক্রমাগত মিসাইল হামলার জেরে ভয়ে দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে আমেরিকা। অবিলম্বে অসামরিক মার্কিন নাগরিকদের সৌদি আরব ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে জানানো হয়েছে, গত ১ মার্চ সৌদি আরবে ইরানি এক হামলায় গুরুতর জখম হয়েছিলেন সেই মার্কিন সেনা। এরপর থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। ৮ মার্চ তাঁর মৃত্যু হয়েছে। নিহত সেনার পরিবারকে এই বিষয়ে অবগত করা হবে আগামী ২৪ ঘণ্টায়। সেই সময় পর্যন্ত মৃত সেনার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এদিকে সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ২ জন বাংলাদেশিরও প্রাণ গিয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত মৃত বাংলাদেশির সংখ্যা বেড়ে হল ৩। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। এছাড়া ২ জন পাকিস্তানির মৃত্যু হয়েছে। এই ২ জনই সংযুক্ত আরব আমিরাতে মারা গিয়েছেন। এর পাশাপাশি ১ নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন ইরানি হামলায়। তিনিও আমিরাতে মারা যান। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ায় প্রায় ১৫০০ জন মারা গিয়েছেন ২৮ ফেব্রুয়ারি থেকে। এদিকে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রাণ হারিয়েছেন ৩ জন ভারতীয়। এই তিনজনই সমুদ্রে মারা গিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি।
ইরানের বিপ্লবী গার্ড কোরের তরফ থেকে 'অপারেশন ট্রু প্রমিজ ৪'-এর ২৯তম দফার হামলা শুরু করা হয়েছে। এদিকে সৌদি ছাড়াও বাহারিনে হামলা চালিয়েছে ইরান। অপরদিকে কুয়েতেও আছড়ে পড়েছিল ইরানি মিসাইল। এছাড়া ইজরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইল আছড়ে পড়ে ৮ মার্চ গভীর রাতে। এমনকী ৯ মার্চ ভোররাত পর্যন্ত চলে ইরানি হামলা। ইজরায়েলের তরফ থেকে আবার তেহরানে তেল সংরক্ষণাগারে হামলা চালানো হয়। এদিকে ইজরায়েলি হামলায় লেবাননে অনেকের মৃত্যু হয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











