Scott Bessent: ইরানের নিশানায় ট্রাম্পের অর্থসচিব! প্রাণনাশের হুমকি, পরিবার নিয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন স্কট বেসেন্ট
ইরানের তরফে তাঁর উপর হামলার হুমকি রয়েছে বলে মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, বেসেন্ট এবং তাঁর পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের সামরিক ঘাঁটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আমেরিকা ও ইরানের সংঘাতের আঁচ এবার খোদ মার্কিন প্রশাসনের শীর্ষ মহলে। প্রাণনাশের আশঙ্কায় নিজের ওয়াশিংটনের বাড়ি ছেড়ে পরিবার নিয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। ইরানের তরফে তাঁর উপর হামলার হুমকি রয়েছে বলে মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, বেসেন্ট এবং তাঁর পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের সামরিক ঘাঁটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সামনে আসার পর আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বেসেন্টের উপর ঠিক কতটা গুরুতর বিপদ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। সংবাদমাধ্যমটির দাবি, সাম্প্রতিক কয়েক সপ্তাহে মার্কিন প্রশাসনের আধিকারিকরা বুঝতে পেরেছেন, আমেরিকার বর্তমান ও প্রাক্তন শীর্ষকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকি আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। গোয়েন্দা তথ্যের একাংশে বেসেন্টকে নিশানা করার পরিকল্পনার কথাও উঠে এসেছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বেসেন্ট ও তাঁর পরিবারকে ইতিমধ্যেই একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।
মার্কিন অর্থ দফতরও বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বক্তব্য, ইরানের হুমকিতে বেসেন্ট পিছিয়ে আসবেন না। ইরানের অর্থনীতিকে চাপে রাখার যে অভিযান চলছে, তা চালিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাঁর বিরুদ্ধে ঠিক কী ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কেন ইরানের নিশানায় বেসেন্ট?
ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আর্থিক চাপ তৈরির অভিযানের অন্যতম প্রধান মুখ স্কট বেসেন্ট। গত অগস্ট থেকেই তেহরানকে আর্থিক ভাবে বিচ্ছিন্ন করতে একের পর এক পদক্ষেপ করেছেন তিনি। ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা চাপানো থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যপথে বিধিনিষেধ, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মার্কিন অর্থসচিব।
গত সেপ্টেম্বরের শেষ দিকে বেসেন্ট বলেছিলেন, আমেরিকার নিষেধাজ্ঞার চাপে ইরানের বাণিজ্য কার্যত ধসে পড়বে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে নৌ অবরোধের মাধ্যমে তেহরানের উপর চাপ বাড়ানোর কৌশলও নিয়েছে ওয়াশিংটন। 'অপারেশন ইকনমিক আউটকাস্ট' নামে এই অভিযানের লক্ষ্য ইরানের অর্থনীতিকে আরও দুর্বল করে দেওয়া। বেসেন্টের দাবি ছিল, অর্থনৈতিক সংকটের কারণে ইরান আলোচনায় বসতে বাধ্য হবে। ফলে তেহরানের চোখে তিনি গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠেছেন বলে মনে করছেন মার্কিন আধিকারিকরা।
আগেও সরানো হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠদের
তবে শুধু বেসেন্ট নন, ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ আধিকারিক নিরাপত্তার কারণে বাড়ি ছেড়ে সুরক্ষিত ঠিকানায় থাকতে শুরু করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। গত বছর তাঁদেরও সামরিক ঘাঁটি অথবা বিশেষ নিরাপত্তাবেষ্টিত আবাসনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রক্ষণশীল মতাদর্শের জনপ্রিয় কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড এবং আমেরিকা-ইরান যুদ্ধের পর মার্কিন প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য হামলার হুমকি বেড়েছে।
গত মাসে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলিতে কর্মীদের সতর্কতা বাড়ানো হয়েছিল। কয়েকটি জায়গায় কর্মী সংখ্যাও কমানো হয়। আমেরিকানদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা আরও উন্নত পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দা আধিকারিকরা।
ইরান কি সরাসরি হামলা চালাতে সক্ষম?
মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন, আমেরিকা এবং বিদেশে বড় মাপের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সামর্থ্য সীমিত। তবে নির্দিষ্ট ব্যক্তিদের নিশানা করে হামলার হুমকিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অর্থের বিনিময়ে পরিকল্পিত হামলার অভিযোগও সামনে এসেছিল। যদিও মার্কিন মাটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে এসেছে ইরান।
সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রভাব এবার ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দেও নিরাপত্তা সংকট তৈরি করেছে। বেসেন্টের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিনির্ধারককে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার ঘটনা থেকেই পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


