US Visa: ট্রাম্পের ভিসা নীতিতে বড় ধাক্কা! বিদেশি পড়ুয়া ও সাংবাদিকদের স্বস্তি দিয়ে নিষেধাজ্ঞা খারিজ মার্কিন আদালতের

গত সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর এই গুরুত্বপূর্ণ রায় দেন ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেলর। তাঁর পর্যবেক্ষণ, মার্কিন প্রশাসনের এই নতুন ভিসা নীতি ছিল ‘স্বেচ্ছাচারী, অযৌক্তিক, ক্ষমতার অপব্যবহার এবং আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’।

Published on: Nov 17, 2026, 08:48:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে ফের বড়সড় ধাক্কা। আমেরিকায় বিদেশি পড়ুয়া এবং সাংবাদিকদের থাকার মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল মার্কিন আদালত। এর ফলে আপাতত স্বস্তি পেলেন ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার পড়ুয়া, গবেষক এবং বিদেশি সাংবাদিক। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, আমেরিকায় পড়াশোনা করতে যাওয়া বিদেশি ছাত্রছাত্রীদের সর্বোচ্চ চার বছর থাকার অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা কমিয়ে ২৪০ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চিনা সাংবাদিকদের জন্য রাখা হয়েছিল আরও কঠোর ৯০ দিনের সীমা। কিন্তু এই নীতিকে বেআইনি ও অযৌক্তিক বলে ঘোষণা করে বাতিল করলেন মার্কিন ফেডারেল আদালতের বিচারক ডেনিস সেলর।

ট্রাম্পের ভিসা নীতিতে বড় ধাক্কা! বিদেশি পড়ুয়া ও সাংবাদিকদের স্বস্তি দিয়ে নিষেধাজ্ঞা খারিজ মার্কিন আদালতের (AP)
ট্রাম্পের ভিসা নীতিতে বড় ধাক্কা! বিদেশি পড়ুয়া ও সাংবাদিকদের স্বস্তি দিয়ে নিষেধাজ্ঞা খারিজ মার্কিন আদালতের (AP)

প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর এই গুরুত্বপূর্ণ রায় দেন ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেলর। তাঁর পর্যবেক্ষণ, মার্কিন প্রশাসনের এই নতুন ভিসা নীতি ছিল ‘স্বেচ্ছাচারী, অযৌক্তিক, ক্ষমতার অপব্যবহার এবং আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’। আদালত স্পষ্ট জানিয়েছে, এই ধরনের বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে মার্কিন সরকারের যথাযথ আইনি ভিত্তি ছিল না। ফলে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়ম সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে।

কী ছিল ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম? এতদিন আমেরিকায় এফ-১ (F-1) ভিসায় যাওয়া বিদেশি পড়ুয়ারা নিজেদের শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী সেখানে থাকার সুযোগ পেতেন। অর্থাৎ কেউ পিএইচডি করতে গেলে যতদিন তাঁর গবেষণা চলবে, ততদিন নিয়ম মেনে আমেরিকায় থাকতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সর্বোচ্চ চার বছরের সময়সীমা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। চার বছর পর থাকতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হত। সেই আবেদন মঞ্জুর হবে কি না, তা নির্ভর করত প্রশাসনের সিদ্ধান্তের উপর।

একইভাবে বিদেশি সাংবাদিকদের আই-ভিসার (I Visa) ক্ষেত্রে সর্বোচ্চ ২৪০ দিনের থাকার সীমা নির্ধারণ করা হয়েছিল। প্রয়োজনে আরও ২৪০ দিনের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন করা যেত। চিনা সাংবাদিকদের ক্ষেত্রে প্রস্তাবিত সীমা ছিল মাত্র ৯০ দিন। আগে বিদেশি সাংবাদিকরা নিয়ম মেনে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত আমেরিকায় থাকার সুযোগ পেতেন। পাশাপাশি জে-ভিসায় (J Visa) থাকা বিদেশি গবেষক, অধ্যাপক এবং এক্সচেঞ্জ ভিজিটরদের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ কার্যকর করার পরিকল্পনা ছিল।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয়, শিক্ষক এবং সাংবাদিকদের একাধিক সংগঠন। তাঁদের বক্তব্য ছিল, নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি পড়ুয়াদের উচ্চশিক্ষা, দীর্ঘমেয়াদি গবেষণা এবং পিএইচডি সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে। এমনকী একই সঙ্গে দুটি বিষয়ে ডিগ্রি অর্জন কিংবা মাঝপথে পছন্দের বিষয় পরিবর্তনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হত।

বিচারক সেলরও তাঁর রায়ে এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, বিদেশি পড়ুয়াদের শিক্ষার সুযোগ দেওয়ার যে নীতি মার্কিন কংগ্রেস গ্রহণ করেছে, প্রশাসনের নতুন নিয়ম কার্যত সেই উদ্দেশ্যকেই বাধাগ্রস্ত করছিল। নিরাপত্তা এবং ভিসা জালিয়াতি রোখার যুক্তি দেখিয়ে এত কঠোর বিধিনিষেধ আরোপের যথেষ্ট কারণ দেখাতে পারেনি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ সেপ্টেম্বরই এই নিয়ম কার্যকর করার উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারক। এবার ১৬ নভেম্বর চূড়ান্ত রায়ে পুরো নীতিটিই বাতিল করে দেওয়া হল। ট্রাম্প প্রশাসন এর আগে প্রাথমিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করেছিল।

এই রায়ের ফলে ভারতীয় পড়ুয়াদের জন্যও বড় স্বস্তির খবর। কারণ আমেরিকায় উচ্চশিক্ষা নিতে যাওয়া বহু ভারতীয় ছাত্রছাত্রী দীর্ঘমেয়াদি কোর্স এবং গবেষণার সঙ্গে যুক্ত। নতুন নিয়ম কার্যকর হলে তাঁদেরও চার বছর পর অতিরিক্ত অনুমতির জন্য প্রশাসনের দরজায় যেতে হত। তবে আদালতের রায়ে সেই প্রস্তাবিত বিধিনিষেধ বাতিল হওয়ায় আপাতত আগের ব্যবস্থাই বহাল থাকছে।

সব মিলিয়ে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফের আইনি জয় পেল বিদেশি পড়ুয়া ও সাংবাদিকদের সংগঠনগুলি। আমেরিকায় উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাজের ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More