Hormuz Latest Update: হরমুজ প্রণালীতে জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে পাল্টা হামলা আমেরিকার, বাড়ছে নয়া সংঘাতের শঙ্কা

২৫ জুন ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এম/ভি এভার লাভলিকে একটি ড্রোন দিয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পরদিন, ২৬ জুন মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলিতে হামলা চালায় আমেরিকা।

Published on: Jun 27, 2026, 08:15:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ড্রোন হামলার জেরে ফের মুখোমুখি অবস্থানে আমেরিকা ও ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার পাল্টা জবাব হিসেবে তারা ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, ২৫ জুন ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এম/ভি এভার লাভলিকে একটি একমুখী (ওয়ান-ওয়ে) ড্রোন দিয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পরদিন, ২৬ জুন মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্টেশনগুলিতে হামলা চালায়।

FILE PHOTO: The Callisto tanker sits anchored as the traffic is down in the Strait of Hormuz, amid the U.S.-Israeli conflict with Iran, in Muscat, Oman, March 10, 2026. REUTERS/Benoit Tessier/File Photo (REUTERS)
FILE PHOTO: The Callisto tanker sits anchored as the traffic is down in the Strait of Hormuz, amid the U.S.-Israeli conflict with Iran, in Muscat, Oman, March 10, 2026. REUTERS/Benoit Tessier/File Photo (REUTERS)

এক বিবৃতিতে সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজে এই হামলা অযৌক্তিক এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ইরানের এই পদক্ষেপ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথে নৌ-চলাচলের স্বাধীনতাকে বিপদের মুখে ফেলেছে বলেও অভিযোগ করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং নিরাপদ যাতায়াতের জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে।

এদিকে, ব্রিটিশ সেনাবাহিনীও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি কন্টেনার জাহাজে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে ওই ঘটনায় কোনও নাবিক আহত হননি। এই হামলার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) পারস্য উপসাগরে আটকে থাকা জাহাজগুলিকে সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে। সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ জানিয়েছেন, অন্য জাহাজগুলির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান পুনরায় শুরু করা হবে না। সাম্প্রতিক সময়ে প্রায় ১১৫টি জাহাজ প্রণালী পেরিয়ে যেতে সক্ষম হলেও এখনও প্রায় ৫০০টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, ইরান এখনও হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার কয়েক ঘণ্টা আগে পারস্য উপসাগরীয় রাষ্ট্রীয় কর্তৃপক্ষ (PGSA) সতর্ক করে জানিয়েছিল, নির্ধারিত নিরাপদ রুট ব্যবহার না করলে কোনও জাহাজ নিরাপত্তা বা বিমা সুরক্ষা পাবে না।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জাহাজে হামলাকে 'যুদ্ধবিরতির লঙ্ঘনের বোকামি' বলে উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, জাহাজ লক্ষ্য করে চারটি ড্রোন ছোড়া হয়েছিল, যার মধ্যে তিনটি মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ইরান এর পরিণতি বুঝতে পারবে। তারা যা করেছে, তা করা উচিত হয়নি।' হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও পণ্য পরিবহণের পথ। ফলে এই অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More