USA on Killing 3 Indians: মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ‘প্রায় ৬০ বার সতর্কবার্তা’ দেওয়ার দাবি আমেরিকার

মার্কিন কর্তৃপক্ষের দাবি, পালাউ-নিবন্ধিত তেলবাহী জাহাজ ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello) হরমুজ প্রণালী এলাকায় চলমান মার্কিন অবরোধ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। জাহাজটিকে থামাতে বারবার রেডিও বার্তা পাঠানো হয়। 

Published on: Jun 15, 2026, 10:39:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ওমান উপকূলের কাছে তেলবাহী জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার কয়েকদিন পর মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ সূত্র দাবি করেছে, হামলার আগে সংশ্লিষ্ট জাহাজটিকে প্রায় ৬০ বার সতর্কবার্তা পাঠানো হয়েছিল। সেই সতর্কবার্তা উপেক্ষা করাতেই শেষ পর্যন্ত জাহাজটির ইঞ্জিন রুমে নির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালানো হয়।

ওমান উপকূলের কাছে তেলবাহী জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। (Forward Seamen’s Union of Indi)
ওমান উপকূলের কাছে তেলবাহী জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। (Forward Seamen’s Union of Indi)

মার্কিন কর্তৃপক্ষের দাবি, পালাউ-নিবন্ধিত তেলবাহী জাহাজ ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello) হরমুজ প্রণালী এলাকায় চলমান মার্কিন অবরোধ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। জাহাজটিকে থামাতে বারবার রেডিও বার্তা পাঠানো হয়। শুধু মৌখিক সতর্কতাই নয়, যুদ্ধবিমান দিয়ে ফ্লাইপাস্ট, ফ্লেয়ার নিক্ষেপ এবং অন্যান্য সামরিক সংকেতও দেওয়া হয়েছিল বলে দাবি ওয়াশিংটনের। কিন্তু জাহাজটি নির্দেশ না মানায় শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের বক্তব্য অনুযায়ী, চূড়ান্ত হামলার আগে জাহাজের ক্রুদের ইঞ্জিন রুম খালি করার জন্যও সময় দেওয়া হয়েছিল। এরপর নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়। সেই হামলাতেই প্রাণ হারান তিন ভারতীয় নাবিক। বাকি ২১ জন ভারতীয় ক্রুকে পরে উদ্ধার করা হয়।

তবে মার্কিন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। জাহাজ পরিচালনাকারী সংস্থা মার্কিন দাবিকে চ্যালেঞ্জ করে জানিয়েছে, তাদের জাহাজের সঙ্গে ইরানের কোনও যোগসূত্র ছিল না। তারা ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে ভারত সরকারও এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। নয়াদিল্লি মার্কিন কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানায়।

এই ঘটনার পর ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং নতুন নির্দেশিকা জারি করেছে। সংঘাতপূর্ণ অঞ্চলে ভারতীয় নাবিকদের পাঠানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়োগকারী সংস্থাগুলিকে ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মী পাঠানো থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

ওমান উপকূলে এই হামলা শুধু ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্কেই নতুন প্রশ্ন তুলছে না, আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে। নিহত তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় দেশে শোকের আবহ তৈরি হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More