UP Election Congress-SP Update: উত্তরপ্রদেশে অখিলেশের কাছে ১৮১ আসন দাবি কংগ্রেসের, সমাজবাদী পার্টির ২২ MLA-র আসন তালিকায়
প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর সমাজবাদী পার্টির কাছে নিজেদের পছন্দের ১৮১টি আসনের তালিকা জমা দিয়েছিল কংগ্রেস। কিন্তু সেই তালিকাকে বাস্তবসম্মত বলে মনে করছে না অখিলেশ যাদবের দল।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ২০২৭-এর প্রস্তুতি ঘিরে এবার ইন্ডিয়া জোটের অন্দরে শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে নতুন অস্বস্তি। বিজেপিকে হারানোর লক্ষ্যে কংগ্রেস ও সমাজবাদী পার্টি একসঙ্গে লড়াই করার কথা বললেও, ভোটের আগে কোন দল কতগুলি আসনে প্রার্থী দেবে, তা নিয়েই তৈরি হয়েছে টানাপোড়েন। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মোট ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টি আসনে লড়তে চাইছে কংগ্রেস। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, কংগ্রেসের এই দাবির তালিকায় রয়েছে সমাজবাদী পার্টির বর্তমান ২২ জন বিধায়কের আসনও। ফলে কংগ্রেসের এই আসন দাবি সমাজবাদী পার্টির কাছে কার্যত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর সমাজবাদী পার্টির কাছে নিজেদের পছন্দের ১৮১টি আসনের তালিকা জমা দিয়েছিল কংগ্রেস। কিন্তু সেই তালিকাকে বাস্তবসম্মত বলে মনে করছে না অখিলেশ যাদবের দল। সমাজবাদী পার্টির এক শীর্ষ নেতার দাবি, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ ছিল। সেই নির্বাচনে একা লড়ে মাত্র দুটি আসনে জয় পেয়েছিল হাত শিবির। অন্যদিকে, সমাজবাদী পার্টি পেয়েছিল ১১১টি আসন। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের ১৮১টি আসন দাবি করাকে অযৌক্তিক বলে মনে করছে তারা। এমনকী কংগ্রেসকে ১০০টিরও কম আসন দেওয়ার প্রস্তাব দিতে পারে সমাজবাদী পার্টি।
আরও বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেসের দাবি করা আসনগুলির তালিকা ঘিরে। কারণ, তালিকায় রয়েছে অমেঠী, সাহারানপুর এবং বাছরাওয়াঁর মতো আসন, যেখানে বর্তমানে সমাজবাদী পার্টির বিধায়ক রয়েছেন। অমেঠীতে মহারাজি প্রজাপতি, সাহারানপুরে আশু মালিক এবং বাছরাওয়াঁয় শ্যাম সুন্দর ভারতী বিধায়ক। শুধু তাই নয়, মুসলিম অধ্যুষিত একাধিক আসনও কংগ্রেসের দাবির তালিকায় রয়েছে। যেমন বেহাট, মোরাদাবাদ এবং কানপুর ক্যান্টনমেন্ট। পাশাপাশি নিজামাবাদ আসনটিও তালিকায় রয়েছে, যেখানে সমাজবাদী পার্টির বিধায়ক আলম বাদি আজমি গত জুলাই মাসে প্রয়াত হয়েছেন।
সমাজবাদী পার্টির এক নেতার বক্তব্য, কংগ্রেস তাদের লোকসভা সাংসদদের নির্বাচনী কেন্দ্রের অধীনে থাকা প্রায় সব বিধানসভা আসনই নিজেদের জন্য দাবি করেছে। কিন্তু অমেঠী, রায়বরেলি এবং সাহারানপুরের মতো এলাকায় সমাজবাদী পার্টির বর্তমান বিধায়ক রয়েছেন। তাই জোটের আসন সমঝোতায় তাঁদের অগ্রাধিকার পাওয়া উচিত বলেই মনে করছে অখিলেশের দল।
অন্যদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট যথেষ্ট ভালো ফল করেছিল। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে জোট পেয়েছিল ৪৩টি। কংগ্রেস ১৭টি আসনে লড়ে ৬টিতে জয়ী হয়েছিল। সেই সাফল্যকে সামনে রেখেই ২০২৭ সালেও বিজেপিকে হারানোর ব্যাপারে আশাবাদী দুই দল।
এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দলের উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে মিলেই উত্তরপ্রদেশে বিজেপিকে পরাজিত করার চেষ্টা করা হবে। কংগ্রেসের উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতারাও জানিয়েছেন, জোটে সম্মানজনক আসন ভাগ চায় তাঁদের দল।
অন্যদিকে, অখিলেশ যাদব প্রকাশ্যে জানিয়েছেন, দুই দলের সম্পর্ক ভালো এবং প্রতিটি আসনে যে দলের প্রার্থী বেশি শক্তিশালী, তাকেই টিকিট দেওয়া হবে। তবে আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ফলে বিজেপি বিরোধী জোটের ঐক্য বজায় থাকলেও ১৮১টি আসনের দাবি নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে দর কষাকষি যে আগামী দিনে আরও বাড়বে, তা স্পষ্ট।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


