New Zealand Vs India: ৭২০ রান করেও জয় অধরা! দুই শতরান, চার অর্ধশতরান করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র ভারতের

প্রথম ইনিংসে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন হেনরি নিকোলস। দুই ম্যাচের টেস্ট সিরিজে আপাতত ফল ০-০। এবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে আগামী ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে শুভমন গিলের দল সেখানে জয় তুলে নিতে পারে কি না, সেটাই দেখার।

Published on: Nov 23, 2026, 10:56:46 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ব্যাট হাতে রানের পাহাড় গড়েও শেষরক্ষা হল না ভারতের। প্রথম ইনিংসে ৭২০ রান! দুইটি শতরান এবং চারটি অর্ধশতরান। প্রতিপক্ষের উপর ৩৫২ রানের বিশাল লিড। তবুও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় এল না শুভমন গিলের দলের। পাঁচ দিনের লড়াই শেষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হল দুই দলকে। শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের আটটি উইকেট। কিন্তু অসাধারণ প্রতিরোধ গড়ে তুললেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাঁদের দৃঢ় ব্যাটিংয়ের সামনে শেষ পর্যন্ত হার মানতে হল ভারতীয় বোলারদের। ফলে ১৭ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের যে সুযোগ তৈরি হয়েছিল, তা হাতছাড়া করল টিম ইন্ডিয়া।

HT Image
HT Image

ওয়েলিংটনে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। শুরুতে মেঘলা আবহাওয়া এবং পিচে ঘাস থাকার সুবিধা কাজে লাগিয়ে দ্রুত চারটি উইকেট তুলে নেয় ভারত। মনে হয়েছিল, নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দেওয়া সম্ভব হবে। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কিউয়িরা।

নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত ব্যাটিং করেন হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপস। নিকোলস করেন ১৭৫ রান। অন্যদিকে ফিলিপসের ব্যাট থেকে আসে ১১৮ রান। তাঁদের দুরন্ত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩৬৮ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের বোলাররা শুরুতে সাফল্য পেলেও পরবর্তী সময়ে এই দুই ব্যাটারের প্রতিরোধ ভাঙতে যথেষ্ট সমস্যায় পড়েন।

এরপর ব্যাট করতে নেমে কার্যত তাণ্ডব চালান ভারতীয় ব্যাটাররা। শুরু থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। ওপেনার যশস্বী জয়সওয়াল ৮৫ রান করেন। কে এল রাহুল খেলেন ১৩৬ রানের দুরন্ত ইনিংস। দেবদত্ত পাডিক্কল করেন ৮০ রান। অধিনায়ক শুভমন গিল মাত্র দুই রানের জন্য শতরান হাতছাড়া করেন। তাঁর সংগ্রহ ৯৮ রান।

এরপর ঋষভ পন্থের ব্যাটে দেখা যায় চেনা আগ্রাসন। মাত্র ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কা। ধ্রুব জুরেলও ৭৮ রান করে দলের রান বাড়াতে সাহায্য করেন। শেষ পর্যন্ত ১৬৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭২০ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে ৩৫২ রানের বিশাল লিড পায় টিম ইন্ডিয়া।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ড। ভারতীয় বোলাররা কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত ম্যাচ ঘুরিয়ে দেন কিউয়ি ব্যাটাররা। বিশেষ করে শেষ দিনের লড়াই ছিল দেখার মতো।

শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল আটটি উইকেট। প্রথম সেশনে দুটি এবং পরবর্তী সেশনে আরও একটি উইকেট তুলে নেয় ভারত। কিন্তু ষষ্ঠ উইকেটে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটি আর ভাঙতে পারেনি তারা। মিচেল অপরাজিত ৪৯ এবং ফিলিপস অপরাজিত ২৬ রান করেন। দুজনে মিলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। শেষ পর্যন্ত ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউজিল্যান্ড। এরপর দুই অধিনায়ক ড্রয়ের সিদ্ধান্তে সম্মতি জানান।

প্রথম ইনিংসে দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন হেনরি নিকোলস। দুই ম্যাচের টেস্ট সিরিজে আপাতত ফল ০-০। এবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে আগামী ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে শুভমন গিলের দল সেখানে জয় তুলে নিতে পারে কি না, সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।