TVK Joins INDIA bloc: ডিএমকে আউট, বিজয়ের এন্ট্রি! ইন্ডিয়া জোটে নয়া সমীকরণ, জ্ঞানেশ বিরোধী বিক্ষোভে যোগ TVK-র

TVK Joins INDIA bloc: কংগ্রেস সূত্রের দাবি, আগামী ৬ অক্টোবর ইন্ডিয়া জোটের নেতারা যে নির্বাচন কমিশন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে তাতে শামিল হবেন টিভিকে নেতারা।

Published on: Oct 4, 2026, 23:45:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

TVK Joins INDIA bloc: দীর্ঘদিনের জল্পনার অবসান। এবার আনুষ্ঠানিক ভাবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-তে যোগ দিল থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম বা টিভিকে (TVK)। শনিবার চেন্নাইয়ে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন টিভিকে-র শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকেই বিজয়ের দলটিকে সরকারিভাবে জোটের শরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবিতে ইন্ডিয়া জোটের ঘোষিত যৌথ কর্মসূচিতেও অংশ নেবে টিভিকে। ফলে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণে টিভিকে-র জোটে যোগদান নতুন মাত্রা যোগ করল।

থলপতি বিজয় (PTI)
থলপতি বিজয় (PTI)

গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির ছিল না আম আদমি পার্টি এবং ডিএমকে। দুই দলেরই এক অবস্থান, যে মঞ্চে কংগ্রেস থাকবে সে মঞ্চে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। কারণ আসন্ন পাঞ্জাব নির্বাচনে আপের সঙ্গে সরাসরি লড়াই কংগ্রেসের। গোয়া-গুজরাটেও দুই দল একে ওপরের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছে। আর সদ্য তামিলনাড়ুর নির্বাচনে হারের পর কংগ্রেস যেভাবে এমকে স্ট্যালিনের হাত ছেড়ে বিজয়ের হাত ধরেছে, তাতে ক্ষুব্ধ ডিএমকে। এই দুই দলই এখন সরকারিভাবে ইন্ডিয়া জোটের বাইরে। এই পরিস্থিতিতেই বিজয়ের এন্ট্রি কিছুটা অক্সিজেন দেবে বিরোধীদের।

বৈঠকের পর তামিলনাড়ু কংগ্রেস সভাপতি বি মণিকম টেগোরে টিভিকে-র (Manickam Tagore) যোগদানকে ‘ঐতিহাসিক দিন’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'বিজয়ের দলের অন্তর্ভুক্তিতে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হবে। আরএসএস-বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিরোধীদের লড়াই আরও শক্তিশালী হবে।' শনিবারের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য ছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আলোচনা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে। সেই কর্মসূচিতে এ বার টিভিকে-ও অংশ নেবে।

কংগ্রেস সূত্রের দাবি, আগামী ৬ অক্টোবর ইন্ডিয়া জোটের নেতারা যে নির্বাচন কমিশন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে তাতে শামিল হবেন টিভিকে নেতারা। তাছাড়া তামিলনাড়ুর প্রত্যেক জেলায় টিভিকে-কংগ্রেস এবং বামেরা যৌথ কর্মসূচি করতে চলেছে জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে। যদিও থলপতি বিজয় নিজে এখনও কোনও কর্মসূচি ঘোষণা করেননি। ফলে ওই বিক্ষোভে সরাসরি তাঁর যোগ দেওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে ৩০ সেপ্টেম্বরের বৈঠকে ইন্ডিয়া জোটের নেতারা ঠিক করেছিলেন, যারা জোটের বাইরে রয়েছে তাঁদেরও আগামী দিনের কর্মসূচিগুলিতে শামিল করার চেষ্টা করা হবে। সূত্রের খবর, সেই মতো নবীন পট্টনায়েক, অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও হয়েছিল। কিন্তু তাঁরা কেউ সাড়া দেননি। তবে ইন্ডিয়া জোটের সঙ্গে টিভিকে-র এই সমন্বয় আগামী দিনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।