ইতালীয় নেতার মুখে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান! রাহুলের হাসি ঘিরে তোলপাড়, ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ বিজেপির
হায়দরাবাদে আয়োজিত ভারত সম্মেলনে ইতালির রাজনৈতিক নেতা জিয়াকোমো ফিলিবেকের মুখে শোনা গেল ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান। শুধু তাই নয়, ইংরেজিতে সেই স্লোগানের অনুবাদও করেন তিনি। পাশে বসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হাসতে দেখা যায়।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এবার সরাসরি বিদেশি নেতার মন্তব্য ঘিরে শুরু হল নতুন বিতর্ক। হায়দরাবাদে আয়োজিত ভারত সম্মেলনে ইতালির রাজনৈতিক নেতা জিয়াকোমো ফিলিবেকের মুখে শোনা গেল ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান। শুধু তাই নয়, ইংরেজিতে সেই স্লোগানের অনুবাদও করেন তিনি। পাশে বসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হাসতে দেখা যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের দিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করানো হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এমনকী এই ঘটনাকে ‘রাষ্ট্রদ্রোহ’ বলেও কটাক্ষ করেছে বিজেপির একাংশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত ভারত সম্মেলনে বক্তব্য রাখেন ইউরোপের প্রগতিশীল রাজনৈতিক দলগুলির সংগঠন পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টসের (PES) সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক। তেলেঙ্গানার কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক প্রতিনিধি এবং প্রগতিশীল চিন্তাবিদরা অংশ নেন।
বক্তব্য রাখতে গিয়ে ফিলিবেক ভারতের গণতন্ত্র, ভোটাধিকার এবং নির্বাচনী তালিকা সংশোধন নিয়ে সরব হন। তাঁর বক্তব্য, একজন নাগরিকের একটি ভোট—এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে রাহুল গান্ধীর আন্দোলন এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রশংসা করেন তিনি। এরপরই রাহুল গান্ধীর পরিচিত রাজনৈতিক স্লোগান ‘ভোট চোর, গদ্দি ছোড়’ আওড়ান ফিলিবেক। ইংরেজিতে যার অর্থ দাঁড়ায়, ‘ভোট চোর, নিজের আসন ছাড়ো’। সেই সময় রাহুল গান্ধীকে হাসতে দেখা যায়।
ঘটনার পরেই আক্রমণাত্মক হয়ে ওঠে বিজেপি। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রশ্ন তোলেন, কোনও বিদেশি ব্যক্তি ভারতের সমালোচনা করলে একজন ভারতীয়কে হাসতে দেখা যায় কি না। তাঁর মতে, বিদেশিদের সামনে দেশের সম্মান ক্ষুণ্ণ হওয়ার ঘটনায় রাহুল গান্ধীর প্রতিক্রিয়া অত্যন্ত আপত্তিকর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কংগ্রেসকে নিশানা করেন। তাঁর অভিযোগ, পরপর তিনটি লোকসভা নির্বাচনে হারের হতাশা থেকেই কংগ্রেস আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে ভারতকে বদনাম করার চেষ্টা করছে। তাঁর দাবি, বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্ডি সঞ্জয় কুমার সম্মেলনটিকে ‘অ্যান্টি ভারত সামিট’ বলে আক্রমণ করেন। তেলেঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দ্র রাও প্রশ্ন তোলেন, বিদেশি নেতাদের দিয়ে দেশের গণতন্ত্রকে উপহাস করার সুযোগ দেওয়া রাষ্ট্রদ্রোহ নয় কি? বিজেপি মুখপাত্র আরপি সিং আবার ফিলিবেকের অতীতের প্রসঙ্গ টেনে আনেন। ২০১৮ সালে ফিলিপাইনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে তাঁকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানোর ঘটনা উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস। সাংসদ প্রমোদ তিওয়ারির পালটা দাবি, দুর্নীতির অভিযোগে অভিযুক্তরা অন্যকে জ্ঞান দেওয়ার অধিকার রাখেন না। তাঁর বক্তব্য, কোনও বিদেশি ব্যক্তি ভারতের ভোটব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে তা নিয়ে আত্মসমীক্ষা করা উচিত। কংগ্রেস মুখপাত্র গিরিজা শেটকরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৯ সালের আমেরিকা সফরের প্রসঙ্গ তুলে ধরেন। হিউস্টনের ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মোদীর বক্তব্যের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
এদিকে, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেন, প্রধানমন্ত্রী মোদী যদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকোলেট দিতে পারেন, তাহলে ইতালির কোনও রাজনৈতিক নেতা ভারতে এসে কথা বলতেই পারেন।
উল্লেখ্য, সম্মেলনের শুরুতে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ভিসা থাকা সত্ত্বেও কয়েকজন বিদেশি প্রতিনিধিকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এখন জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বিরোধীদের অভিযোগ, বিদেশি প্রতিনিধিদের বক্তব্য এবং বিজেপির জাতীয়তাবাদী পালটা আক্রমণ—সব মিলিয়ে ভারত সম্মেলন এখন রাজনৈতিক সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


