Iran War: যুদ্ধাবস্থা এখনও কাটেনি! পশ্চিম এশিয়ায় আমেরিকার তৃতীয় বিমানবাহী রণতরী, ইরানকে ঘিরে বাড়ছে সামরিক চাপ

সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনা কমার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। একদিকে আমেরিকার নৌবহর বৃদ্ধি, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি—দুই দেশের সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Published on: Nov 16, 2026, 08:00:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় আরও শক্তি বৃদ্ধি করল ওয়াশিংটন। ইরানের বন্দরগুলিতে অবরোধ কার্যকর রাখতে এবং সামরিক চাপ বাড়াতে এবার মধ্যপ্রাচ্যে পৌঁছল মার্কিন নৌবাহিনীর তৃতীয় বিমানবাহী রণতরী। অন্যদিকে, আমেরিকার সঙ্গে সংঘাতের পরিস্থিতি এখনও শেষ হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিল ইরান। তেহরানের দাবি, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ কিংবা সামরিক হামলা—যে কোনও পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তারা।

যুদ্ধাবস্থা এখনও কাটেনি! পশ্চিম এশিয়ায় আমেরিকার তৃতীয় বিমানবাহী রণতরী, ইরানকে ঘিরে বাড়ছে সামরিক চাপ (AFP)
যুদ্ধাবস্থা এখনও কাটেনি! পশ্চিম এশিয়ায় আমেরিকার তৃতীয় বিমানবাহী রণতরী, ইরানকে ঘিরে বাড়ছে সামরিক চাপ (AFP)

প্রতিবেদন অনুযায়ী, রবিবার পশ্চিম এশিয়ায় পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। এটি আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সামরিক অভিযানের আওতায় প্রবেশ করেছে। এর আগে থেকেই ওই অঞ্চলে মোতায়েন ছিল আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরী—ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন। ফলে বর্তমানে পশ্চিম এশিয়ায় আমেরিকার তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে। ইরানের বন্দরগুলিতে অবরোধ কার্যকর করার কাজে এই তিনটি রণতরী-সহ ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বিমানবাহী রণতরী মোতায়েনের অর্থ শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়। এই ধরনের রণতরী থেকে যুদ্ধবিমান পরিচালনা, আকাশপথে নজরদারি এবং দূরপাল্লার সামরিক অভিযান চালানো সম্ভব। ফলে ইরানের উপকূলবর্তী অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হল। যদিও তৃতীয় রণতরীটির আগমন নতুন করে হামলার চূড়ান্ত সিদ্ধান্তের প্রমাণ নয়।

এদিকে, আমেরিকার সঙ্গে সংঘাত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম গরিবাবাদি। রবিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তেহরান। প্রথমত, কূটনৈতিক আলোচনা। দ্বিতীয়ত, অর্থনৈতিক অবরোধ। তৃতীয়ত, সামরিক আগ্রাসন। তাঁর দাবি, আইনগত দৃষ্টিকোণ থেকে ইরান এখনও যুদ্ধাবস্থার মধ্যেই রয়েছে।

গরিবাবাদির অভিযোগ, গত দেড় বছরে একাধিকবার কূটনৈতিক আলোচনার সময় আমেরিকা নিজের অবস্থান থেকে সরে এসেছে। ফলে ওয়াশিংটনের উপর আর সহজে বিশ্বাস করতে পারছে না তেহরান। আমেরিকার সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছতে হলে ইরানের কয়েকটি শর্ত মানতে হবে বলেও জানিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে সমস্ত সংঘাতের স্থায়ী অবসান, মার্কিন অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদের সমস্যা মেটানো এবং তেলশিল্প-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফও জানিয়েছেন, তেহরানের যুক্তিসংগত শর্ত মেনে নিলে সংঘাতের অবসান সম্ভব। তবে আমেরিকা ফের হামলা চালালে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের মতো করে যুদ্ধের ক্ষেত্র নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর মধ্যেই বাহরিনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের দাবি, ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল রিফা এলাকার একটি হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে। যদিও বাহরিন জানিয়েছে, আকাশপথে আসা একাধিক হামলা প্রতিহত করা হয়েছে।

সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনা কমার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। একদিকে আমেরিকার নৌবহর বৃদ্ধি, অন্যদিকে ইরানের পাল্টা হুঁশিয়ারি—দুই দেশের সংঘাত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More