IAF: ‘না শান্তি, না যুদ্ধ!’ চিনকে রুখতে প্রস্তুত বাহিনী, দেশীয় প্রযুক্তিতে জোর বায়ুসেনা প্রধানের

IAF: বায়ুসেনার বহরে দ্রুতগতিতে দেশীয় যুদ্ধবিমান ও সরঞ্জাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এয়ার চিফ মার্শাল দীক্ষিত। তাঁর কথায়, 'এর ফলে আমাদের সংখ্যা বাড়বে এবং বিভিন্ন প্রান্তে অস্ত্র বহনের সক্ষমতাও বৃদ্ধি পাবে।'

Published on: Nov 16, 2026, 22:08:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

IAF: চিনের যে কোনও আগ্রাসন প্রতিহত করতে ভারতীয় বায়ুসেনা (IAF) সক্ষম, তবে সার্বিক পরিস্থিতি যে এখনও বেশ চ্যালেঞ্জিং—সোমবার তা অকপটে স্বীকার করে নিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। পাশাপাশি তিনি স্পষ্ট জানান, শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছে এবং যেকোনও পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ভারতীয় বায়ুসেনা।

বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত (HT_PRINT)
বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত (HT_PRINT)

সোমবার নয়াদিল্লিতে এএনআই আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি সামিট ৩.০-তে বক্তব্য রাখছিলেন বায়ুসেনা প্রধান। সেখানেই চিনকে প্রতিহত করার মতো প্রযুক্তিগত উৎকর্ষ এবং সংখ্যাগত শক্তি ভারতীয় বায়ুসেনার রয়েছে কিনা—এই প্রশ্নের জবাবে বায়ুসেনা প্রধান বলেন, 'আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে। আমরা নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করছি। তাই সব মিলিয়ে এই আগ্রাসন রুখতে আমরা একটি মোটামুটি অবস্থায় (okay situation) রয়েছি… পরিস্থিতি সহজ নয়, তবে তা রুখে দেওয়ার মতো অবস্থায় আমরা আছি।' তাঁর বক্তব্য, প্রতিপক্ষের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারত। সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় পরিকল্পনাও তৈরি রয়েছে। বায়ুসেনা প্রধানের কথায়, 'আমরা আমাদের সমস্ত প্রতিপক্ষের প্রতিটি কার্যকলাপের উপর খুব কড়া নজর রাখছি এবং পর্যবেক্ষণ করছি। আমরা বর্তমানে এমন এক পরিস্থিতিতে রয়েছি যাকে ‘না শান্তি, না যুদ্ধ’ বলা হয়। আর এখান থেকেই আমরা যেকোনও সময় আক্রমণাত্মক বা রক্ষণাত্মক অভিযানের দিকে এগিয়ে যেতে পারি। এর জন্য আমরা খুব ভালভাবেই প্রস্তুত।'

বায়ুসেনার বহরে দ্রুতগতিতে দেশীয় যুদ্ধবিমান ও সরঞ্জাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এয়ার চিফ মার্শাল দীক্ষিত। তাঁর কথায়, 'এর ফলে আমাদের সংখ্যা বাড়বে এবং বিভিন্ন প্রান্তে অস্ত্র বহনের সক্ষমতাও বৃদ্ধি পাবে।' বলে রাখা ভালো, ভারতীয় বায়ুসেনার অনুমোদিত শক্তি ৪২.৫টি ফাইটার স্কোয়াড্রন হলেও, বর্তমানে বাহিনীর হাতে ২৯টি স্কোয়াড্রন রয়েছে। গত ৩১ অক্টোবর বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বাহিনীর ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরতে 'VAYU' (বায়ু) শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন দীক্ষিত—যেখানে ‘V’ মানে ভিজিল্যান্স বা সতর্কতা ও প্রস্তুতি, ‘A’ মানে আত্মনির্ভরতা, ‘Y’ মানে যুক্তি বা উদ্ভাবনী শক্তি এবং ‘U’ মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। সোমবার তিনি যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে পুরনো সরঞ্জাম ও বিমানগুলির আধুনিকীকরণের (Upgrade) প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, 'কিছু সরঞ্জাম আমরা ইতিমধ্যেই আপগ্রেড করেছি, কিছু আপগ্রেড করার প্রক্রিয়া চলছে। সুখোই-৩০ (Su-30)-এর আধুনিকীকরণও শীঘ্রই হতে চলেছে।'

এছাড়াও 'মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফ্ট' (MRFA) প্রকল্পের কাজও এগোচ্ছে বলে জানান বায়ুসেনা প্রধান। তাঁর কথায়, 'আমরা চাই এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক যাতে আমাদের স্কোয়াড্রন শক্তি বাড়ে। কারণ এতে সময় লাগবে। আর ততদিনে আমাদের স্কোয়াড্রন সংখ্যা আরও কিছুটা কমে যাবে।' প্রতিরক্ষা সূত্রে খবর, ২০২৬-২৭ অর্থবর্ষের শেষ নাগাদ বায়ুসেনা এই এমআরএফএ চুক্তি চূড়ান্ত করতে পারে। এই চুক্তির আওতায় ফ্রান্সের কাছ থেকে আনুমানিক ৩.২৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব রয়েছে। বিবেচনাধীন এমআরএফএ মডেল অনুযায়ী, ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন (Dassault Aviation) এবং একটি ভারতীয় অংশীদার সংস্থা যৌথভাবে ভারতেই এই রাফাল বিমানগুলো তৈরি করবে। চুক্তি অনুযায়ী, ফ্রান্স সরাসরি উড়ানের উপযোগী (fly-away condition) ১৮টি রাফাল সরবরাহ করবে এবং বাকি বিমানগুলি ভারতেই নির্মিত হবে। দুই দেশের সরকারের মধ্যে (government-to-government) এই চুক্তির অধীনে ভারতে প্রতি বছর ১২টি করে রাফাল যুদ্ধবিমান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।