Modi-Trump Meet: 'কঠিন পেশা...,' ভারতীয় নাবিকদের মৃত্যুতে উদ্বিগ্ন PM মোদী, প্রশ্নের মুখে কী বললেন ট্রাম্প?

Narendra Modi-Donald Trump Meet: জি-৭ শীর্ষ সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে ফ্রান্সে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দ্বিপাক্ষিক বৈঠকের আগে এভিয়ঁ-লে-বাঁ শহরে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। 

Published on: Jun 18, 2026, 12:14:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Narendra Modi-Donald Trump Meet: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচই শুধু গায়ে লাগেনি, ওমান সাগরে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ভারতীয়রাও। গত সপ্তাহেই বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ, ওমান উপসাগরে মার্কিন নৌসেনার হামলায় মৃত্যু হয়েছে তিন ভারতীয় নাবিকের। যাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফের টাল খেয়েছে দুই দেশের সম্পর্ক। এই আবহে ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের সমান্তরালে ভারতীয় সময় বুধবার সন্ধ্যায় এক হাই-প্রোফাইল বৈঠকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, বৈঠকে ওমান সাগরে ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় মার্কিন প্রেসিডেন্টকে। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাঁকে কার্যত গা বাঁচাতেই দেখা গেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জি-৭ শীর্ষ সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে ফ্রান্সে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দ্বিপাক্ষিক বৈঠকের আগে এভিয়ঁ-লে-বাঁ শহরে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেখানেই প্রশ্নোত্তর পর্বে ওমান সাগরে ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ ওঠে। ওমান সাগরে ভারতীয় নাবিকদের জাহাজে যেভাবে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাতে মৃতদের পরিবারকে সমবেদনা জানাবেন কিনা, বলে জানতে চান এক সাংবাদিক। উত্তরে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আমি শুনেছি। এটি অত্যন্ত কঠিন পেশা। যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ওই সকলকে ভালোবাসি আমি।' বুধবার জি-৭ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটাই দুই রাষ্ট্রনেতার প্রথম সাক্ষাৎ। অপারেশন সিঁদুর, পশ্চিম এশিয়ার যুদ্ধের পর এই প্রথম দুই নেতার বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন বাহিনী ‘সেট্টেবেল্লো’ সহ তিনটি জাহাজে হামলা চালায়, যাতে তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। মার্কিন সেন্টকমের দাবি ছিল, ওই জাহাজগুলি ইরানের ওপর জারি করা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। ওই হামলায় আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাসিয়া এবং পি সুরেশ নামের তিন ভারতীয় নাবিক মারা যান। বাকিদের কোনও রকমে উদ্ধার করা সম্ভব হয়। নিহতদের মধ্যে দু’জনের দেহ ফেরানো গিয়েছে। সেই নিয়ে দেশের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশ্বমঞ্চে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে মার্কিন সামরিক হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় বিশ্বমঞ্চে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বলেন, 'অবাধ নৌ-চলাচল নিশ্চিত হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় নাবিকেরা পরিষেবা দিয়ে থাকেন। তাঁদের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। আমি মনে করি ইরানের সঙ্গে সমঝোতায় নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, 'আমি আশাবাদী যে, (ইরানের সঙ্গে) চুক্তিতে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত ও অগ্রাধিকার দেওয়া হবে।' তিনি এ-ও বলেন, 'হরমুজে কর্মরত লক্ষ লক্ষ নাবিকের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ।' একই সঙ্গে মধ্য প্রাচ্যে শান্তিস্থাপনের যে উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের তরফেই দেখা গিয়েছে সেটা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'মধ্যপ্রাচ্যে শান্তিস্থাপনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই সংঘাতের জেরে আমাদের বন্ধু দেশগুলিতে জীবন এবং সম্পদহানি হয়েছে। তাছাড়া হরমুজের মাধ্যমে জলপথ বাণিজ্য বাধাপ্রাপ্ত হওয়ায় গটা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে।'