Rahul Gandhi on Pakistan: 'সন্ত্রাসবাদ বন্ধ হলেই আলোচনা সম্ভব!' পাকিস্তানি পড়ুয়াকে ইঙ্গিতবাহী বার্তা রাহুল গান্ধীর

Rahul Gandhi on Pakistan: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বারবার স্পষ্ট করা হয়েছে যে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সরকারি অবস্থানের অনুরূপ বার্তা দিয়ে রাহুল গান্ধীও সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের কার্যকরী পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Published on: Nov 20, 2026, 19:17:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Rahul Gandhi on Pakistan: পাকিস্তানে সন্ত্রাসবাদের মদত বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা সম্ভব নয়। এমনই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শিকাগো বিশ্ববিদ্যালয়ের (University of Chicago) শিক্ষার্থীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে তিনি এ কথা জানান। পাকিস্তানের এক পড়ুয়ার প্রশ্নের জবাবে রাহুল গন্ধী বলেন, ভারতে নিরপরাধ মানুষের ওপর হামলা ও হত্যাকাণ্ড চলতে থাকলে একই সময়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা চালানো সম্ভব নয়। পাকিস্তান সন্ত্রাসবাদে সহায়তা বন্ধ করলেই কেবল পুনরায় আলোচনার পরিবেশ তৈরি হতে পারে।

লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী (AICC)
লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী (AICC)

বুধবার শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। সেই অনুষ্ঠানে পাকিস্তানের খুশ নামে এক পড়ুয়া তাঁকে প্রশ্ন করেন, ‘ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কি কখনও গলবে? দুই প্রতিবেশী দেশ কি পারস্পরিক দোষারোপের রাজনীতি সরিয়ে রেখে আলোচনার টেবিলে বসতে পারবে?’ জবাবে কংগ্রেস নেতা বলেন, ‘সম্ভাবনা অবশ্যই রয়েছে। কিন্তু একটা বড় সমস্যা আছে। আর সেটা হলো, আমাদের দেশে সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন ও উৎসাহ।’ কংগ্রেস সাংসদের সংযোজন, ‘আমাদের নিরীহ মানুষ খুন হবেন, আর আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসব, এটা মেনে নেওয়া অসম্ভব। এই ধরনের ঘটনা বন্ধ হলেই আলোচনার সম্ভাবনা তৈরি হতে পারে।’ জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক জঙ্গি হামলার ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বারবার স্পষ্ট করা হয়েছে যে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সরকারি অবস্থানের অনুরূপ বার্তা দিয়ে রাহুল গান্ধীও সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের কার্যকরী পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এদিকে, সিন্ধু জলবণ্টন চুক্তি (IWT) স্থগিত করার পর থেকেই ভারত জল আটকে দিয়ে পাকিস্তানকে শুকিয়ে মারার চেষ্টা করছে বলে আন্তর্জাতিক মহলে ক্রমাগত অভিযোগ করে চলেছে ইসলামাবাদ। কিন্তু পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী, জলবিজ্ঞানী এবং অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিকরাই এবার সম্পূর্ণ ভিন্ন এক বাস্তব চিত্র তুলে ধরলেন। তাঁদের সাফ কথা—চুক্তি স্থগিত হওয়া নয়, বরং চরম অব্যবস্থা, জলের অপচয়, অবহেলা এবং প্রদেশগুলির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বই পাকিস্তানকে জলশূন্য করে তুলছে।

সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮ ২০১৭ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানি লেখকদের লেখা ২৫টি প্রবন্ধ পর্যালোচনা করেছে। প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রদূত, জলবিজ্ঞানী এবং পাকিস্তান বায়ুসেনার (PAF) অবসরপ্রাপ্ত আধিকারিকদের লেখা এই প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে 'ডন' (Dawn), 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন', 'দ্য নিউজ', 'দ্য ফ্রাইডে টাইমস' এবং 'বিজনেস রেকর্ডার'-এর মতো প্রথম সারির পাকিস্তানি সংবাদপত্রে। প্রায় প্রত্যেকেই সহমত হয়েছেন যে, পাকিস্তানের এই জলসংকট সম্পূর্ণভাবে তাদের নিজেদেরই সৃষ্টি। 'বিজনেস রেকর্ডার'-এ পাকিস্তানের অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এস.এম. হালি লিখেছেন, 'না, ভারত করেনি। আমরাই নিজেরা এটা করেছি।' ভারত কী পাকিস্তানকে প্লাবনভূমিতে আবাসন তৈরি করতে, বাঁধ নির্মাণ এড়িয়ে যেতে কিংবা বনভূমি উজাড় করতে বলেছিল—সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন তিনি।

কৃষিকাজেই খরচ হচ্ছে প্রায় সব জল

পাকিস্তানের বিশেষজ্ঞদের পরিসংখ্যানই ভয়াবহ চিত্র সামনে আনছে। জলসম্পদ বিশেষজ্ঞ ড. ইমরান আজিজ তুনিও লিখেছেন, পাকিস্তানের মোট স্বাদু জলের ৯০ শতাংশেরও বেশি ব্যবহৃত হয় কৃষিকাজে, অথচ সেচ ব্যবস্থার কার্যকারিতা ৪০ শতাংশেরও নিচে। পাঞ্জাবের প্রাক্তন সেচমন্ত্রী মহসিন লেঘারির মতে, খালের মুখ থেকে ছাড়া জলের প্রায় অর্ধেকই জমিতে পৌঁছানোর আগেই চুঁইয়ে নষ্ট হয়ে যায়। 'ডন'-এ নাসির মেমন লিখেছেন, খালের মুখে থাকা ১৪৩ বিলিয়ন কিউবিক মিটার (BCM) জলের মধ্যে মাত্র ৫৫ বিসিএম জল ফসলের কাজে সঠিকভাবে ব্যবহৃত হয়।

এক নজরে পরিসংখ্যান:

পাকিস্তানের স্বাদু জলের ৯০ শতাংশের বেশি কৃষিকাজে ব্যয় হয়, কিন্তু সেচ ব্যবস্থার দক্ষতা ৪০ শতাংশেরও কম।

চাল, গম, আখ এবং তুলো—এই চারটি প্রধান ফসল দেশের মোট জলের ৮০ শতাংশেরও বেশি ব্যবহার করে, অথচ দেশের জিডিপি-তে (GDP) এদের সম্মিলিত অবদান মাত্র ৫ শতাংশ।

২০১৮ সালের জানুয়ারি থেকে পাকিস্তানে কোনও পূর্ণ সময়ের 'ইন্ডাস ওয়াটারস কমিশনার' নেই এবং ২০১৮ সালের অক্টোবরের পর থেকে ন্যাশনাল ওয়াটার কাউন্সিলের কোনও বৈঠকই বসেনি।

জলবিজ্ঞানী ড. হাসান আব্বাস উল্লেখ করেছেন যে, পাকিস্তানের বার্ষিক আনুমানিক চাহিদা ৭৭ মিলিয়ন একর-ফুটেরও কম হওয়ার বিপরীতে দেশটির নদীগুলিতে প্রতি বছর প্রায় ১৪৫ মিলিয়ন একর-ফুট জল প্রবাহিত হয়।

শীর্ষ পদ শূন্য, বছরের পর বছর বৈঠক নেই কাউন্সিলের

প্রশাসনিক স্তরের চরম গাফিলতির কথাও তুলে ধরেছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী লেঘারি। চুক্তির শর্তানুযায়ী সৃষ্ট 'ইন্ডাস ওয়াটারস কমিশনার' পদটি ২০১৮ সালের জানুয়ারি থেকে পূর্ণ সময়ের জন্য শূন্য পড়ে আছে। জলসম্পদ মন্ত্রকের জন্য কোনও পৃথক ফেডারেল সেক্রেটারিও নেই। এমনকী ২০১৮ সালের অক্টোবরের পর থেকে 'ন্যাশনাল ওয়াটার কাউন্সিল'-এর একটিও বৈঠক হয়নি। লেঘারির কটাক্ষ, 'নিজেদের ঘরে অস্বচ্ছতা জিইয়ে রেখে পাকিস্তান অন্যের কাছে স্বচ্ছতা দাবি করতে পারে না।'

বাঁধ জলে টইটম্বুর, তবু শুকনো সিন্ধু প্রদেশ

'দ্য ফ্রাইডে টাইমস'-এ বিশ্লেষিত ২০২৬ সালের জুনের একটি নদী বুলেটিনে দেখা গেছে, সিন্ধু প্রদেশের কোটরি ব্যারেজের ভাটিতে জল নির্গমনের পরিমাণ শূন্য। অথচ ঠিক সেই সময়েই তারবেলা বাঁধে জল মজুত ছিল এবং লিঙ্ক ক্যানেলগুলির মাধ্যমে উজানের দিকে জল ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। লেখকের সোজাসাপ্টা সিদ্ধান্ত ছিল: 'ব্যবস্থার মধ্যে জল মজুত রয়েছে।' আসল ফাটলটা আসলে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের মধ্যে। ভূগর্ভস্থ জলের ছবিটাও সমান উদ্বেগজনক। কোনও নিয়ন্ত্রণ ছাড়াই নলকূপ বা টিউবওয়েল চালিয়ে জল তোলা হচ্ছে, যার ফলে পাঞ্জাব ও সিন্ধু জুড়ে ভূগর্ভস্থ জলস্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।

অভাব নয়, আসল সমস্যা জলের অপব্যবহার

বেশ কয়েকজন বিশেষজ্ঞ তো জলের অভাবের তত্ত্বই পুরোপুরি নাকচ করে দিয়েছেন। জলবিজ্ঞানী ড. হাসান আব্বাস ২০১৮ সালে লিখেছিলেন, গৃহস্থালি, শিল্প এবং খাদ্য উৎপাদনের জন্য পাকিস্তানের বছরে ৭৭ মিলিয়ন একর-ফুট (MAF)-এরও কম জলের প্রয়োজন, যেখানে দেশটির নদীগুলিতে প্রায় ১৪৫ এমএএফ জল প্রবাহিত হয়। তাঁর কথায়, 'আমাদের দেশে জলের ঘাটতি বা অভাব কোনওটাই নেই।'

মূল কারণ নয়, স্রেফ 'অনুঘটক'

কয়েকজন লেখক ভারতের সিদ্ধান্তের সমালোচনা করলেও আঙুল তুলেছেন ইসলামাবাদের দিকেই। 'বিজনেস রেকর্ডার'-এ ফাজিল আসিফ চুক্তি স্থগিত হওয়াকে অভ্যন্তরীণ সংস্কারের বিকল্প হিসেবে না দেখে একটি 'গুণক বা মাল্টিপ্লায়ার' (Multiplier) হিসেবে অভিহিত করেছেন। তাঁর উপসংহার: 'এই ব্যবস্থা তৃষ্ণায় মরছে না; বরং সমস্যা এড়িয়ে চলার মানসিকতাতেই এর মৃত্যু ঘটছে।'

চুক্তি স্থগিত হওয়ার বহু বছর আগেই বিশ্বব্যাঙ্কের প্রাক্তন উপদেষ্টা আবিদ হাসান পাকিস্তানের জলসংকটের জন্য ভারতকে দায়ী করাকে 'সুবিধাজনক অজুহাত' বলে অভিহিত করেছিলেন। পাকিস্তানের নিজস্ব বিশেষজ্ঞদের রায় একদম স্পষ্ট—ফুটো খাল, অনিয়ন্ত্রিত নলকূপ, শূন্য প্রশাসনিক পদ এবং প্রদেশগুলির পারস্পরিক বিবাদ নয়াদিল্লির পদক্ষেপ নেওয়ার বহু আগে থেকেই বিদ্যমান ছিল।