ভারতের অনূর্ধ্ব ১৯ দলের আগ্রাসী উদ্‌যাপন নিয়ে কী বললেন শোয়েব আখতার? পাকিস্তানকে নিয়ে করলেন বড় স্বীকারোক্তি

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উদ্‌যাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মাঠের লড়াই শেষ হওয়ার পরেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার রেশ দেখা যায়। এই পরিস্থিতিতে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার।

Published on: Nov 16, 2026, 08:28:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উদ্‌যাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মাঠের লড়াই শেষ হওয়ার পরেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার রেশ দেখা যায়। এই পরিস্থিতিতে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী মানসিকতার প্রশংসা করলেও খেলার মাঠে মূল্যবোধ ও পারস্পরিক সম্মান বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেট নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর দাবি, পুরো টুর্নামেন্টে পাকিস্তান দল ভারতের তুলনায় ভালো খেললেও আসল সময়ে চাপ সামলাতে পারেনি।

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উদ্‌যাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উদ্‌যাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

গত ১৪ নভেম্বর ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। জবাবে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালো খেললেও মাঝের দিকে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একটা সময় ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে কার্যত পরাজয়ের মুখে দাঁড়িয়েছিল দল।

কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় ভারতীয় যুব দল। মানাল চৌহান ও মহিত উলভা নবম উইকেটে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মানাল ৩২ বলে ৪৭ রান করেন। অন্যদিকে, মহিত ২৬ বলে অপরাজিত ৪৯ রান করে পাকিস্তানের হাত থেকে জয় ছিনিয়ে নেন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল তিন রান। পাকিস্তানের বোলার আহমেদ হুসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে এক উইকেটে জয় এনে দেন মহিত। এই জয়ের ফলে রেকর্ড নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত।

তবে ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের উদ্‌যাপন ঘিরে বিতর্ক তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটারদের সামনে ভারতীয় দলের কয়েকজন সদস্যকে আগ্রাসী অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এমনকী পাকিস্তানের উইকেটকিপার হামজা জাহুরের সামনেও উত্তপ্ত আচরণের ছবি প্রকাশ্যে আসে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের কয়েকজন ক্রিকেটারকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। এই ঘটনা নিয়ে দুই দেশের ক্রিকেট মহলেই আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে পিটিভি স্পোর্টসের সঙ্গে আলোচনায় নিজের মতামত জানান শোয়েব আখতার। তিনি বলেন, ভারতীয় দলের ছেলেদের উদ্দেশে তাঁর বার্তা, আগ্রাসন দেখাতে কোনও অসুবিধা নেই, বরং তাঁদের লড়াকু মানসিকতা তাঁর ভালো লেগেছে। তবে ক্রিকেট শুধু খেলা নয়, এর সঙ্গে মূল্যবোধও জড়িয়ে রয়েছে। আখতারের কথায়, ক্রিকেটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রয়োজন।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে আনেন প্রাক্তন পাক পেসার। তাঁর দাবি, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একে অপরের প্রতি সম্মান হারাননি তাঁরা।

এরপরই পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বড় মন্তব্য করেন আখতার। তাঁর মতে, পুরো টুর্নামেন্টে পাকিস্তান অনেক ভালো দল ছিল। কিন্তু ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ সামলাতে পারেনি তারা। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটাররা কঠিন পরিস্থিতিতেও নিজেদের স্নায়ু ধরে রাখতে পেরেছেন। আখতারের কথায়, গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলানোর ক্ষেত্রে ভারত সবসময়ই পাকিস্তানের চেয়ে এগিয়ে।

ভারতের দুরন্ত প্রত্যাবর্তনের প্রশংসা করে তিনি আরও বলেন, ফাইনালে ভারত অসাধারণ ক্রিকেট খেলেছে। দলের মধ্যে আত্মবিশ্বাস, শক্তি এবং ম্যাচ শেষ করার মতো ক্রিকেটার—সবই ছিল।

সব মিলিয়ে শোয়েব আখতারের মন্তব্যে উঠে এসেছে ভারতীয় যুব দলের সাহসী ক্রিকেটের প্রশংসা এবং একই সঙ্গে মাঠের আচরণে সংযম বজায় রাখার বার্তা। পাকিস্তানের হারের কারণ হিসেবেও তিনি সরাসরি চাপ সামলাতে না পারাকেই দায়ী করেছেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More