Mallikarjun Kharge: 'ইচ্ছাকৃতভাবে ভুলভাবে...,' গুজরাটের অপমান, বিতর্কের মুখে কী বললেন কংগ্রেস সভাপতি?

Mallikarjun Kharge: ঘটনাটি শুরু হয়েছিল গত রবিবার কেরলের ইদুক্কিতে একটি নির্বাচনী জনসভায়। কংগ্রেস সভাপতি সেখানে কেরলের মানুষের প্রশংসা করতে গিয়ে গুজরাট ও উত্তর ভারতের কিছু অংশের মানুষকে তুলনামূলকভাবে 'অশিক্ষিত' বলে উল্লেখ করেন।

Published on: Apr 8, 2026, 23:10:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mallikarjun Kharge: বিধানসভা নির্বাচন যে দোরগোড়ায় তা বেশ বোঝা যাচ্ছে বঙ্গের রাজনীতির হাওয়ায়। হাতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। তাই ভোটমুখী কেরলে তুঙ্গে চলছে প্রচার। কোনও রাজনৈতিক দলই খামতি রাখছে না প্রচারে। রোদ বৃষ্টির উপেক্ষা করে সাধারণের দরজায় দরজায় উন্নয়নের বার্তা দিয়ে চলেছেন সকলে। এই আবহে কেরলে এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার দুঃখপ্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্য 'ইচ্ছাকৃতভাবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে' এবং কারও অনুভূতিতে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।

বিতর্কের মুখে কী বললেন কংগ্রেস সভাপতি? (PTI)
বিতর্কের মুখে কী বললেন কংগ্রেস সভাপতি? (PTI)

বুধবার এক্স বার্তায় মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, 'কেরলে আমার সাম্প্রতিক ভাষণের কিছু মন্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবুও আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। গুজরাটের মানুষের অনুভূতিতে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তাঁদের প্রতি আমার সর্বদা গভীর শ্রদ্ধা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।' ঘটনাটি শুরু হয়েছিল গত রবিবার কেরলের ইদুক্কিতে একটি নির্বাচনী জনসভায়। কংগ্রেস সভাপতি সেখানে কেরলের মানুষের প্রশংসা করতে গিয়ে গুজরাট ও উত্তর ভারতের কিছু অংশের মানুষকে তুলনামূলকভাবে 'অশিক্ষিত' বলে উল্লেখ করেন। তিনি বলেন, কেরলের মানুষ 'শিক্ষিত ও বুদ্ধিমান' এবং তাঁদের বিভ্রান্ত করা যায় না, 'গুজরাট বা অন্য জায়গার অশিক্ষিত মানুষের মতো নয়।' তাঁর এই মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। এই বক্তব্য ভাইরাল হতেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।বিজেপি এই মন্তব্যকে 'লজ্জাজনক ও অশোভন' বলে আখ্যায়িত করেছে।

বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, 'মল্লিকার্জুন খাড়গে দেশের কাছে ক্ষমা চাইবেন। গুজরাটের সাক্ষরতার হার ৮২ শতাংশেরও বেশি। এছাড়াও গুজরাট শিল্প, কর্মসংস্থান ও উন্নয়নে এগিয়ে আছে। এমন একটি রাজ্যের মানুষকে অপমান করা মানে গোটা দেশের একটি অংশকে অপমান করা।' গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল-সহ অন্যান্য বিজেপি নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এই মন্তব্যকে 'অত্যন্ত আপত্তিকর ও দুর্ভাগ্যজনক' বলে আখ্যা দেন। তিনি বলেন, 'এতে গুজরাটের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং এটি মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেল-এর প্রতি অপমান।' তিনি আরও দাবি করেন, 'কংগ্রেসের গুজরাট-বিরোধী মানসিকতা নতুন নয়, বহুদিনের।' রাজ্যের উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্ঘভি-ও খাড়গের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, এই মন্তব্য ৬.৫ কোটি গুজরাটবাসীর আত্মসম্মানে আঘাত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে, বিশেষত আসন্ন নির্বাচনের প্রাক্কালে।