NEET UG Result 2026: 'প্রতিদিন ১৬-১৭ ঘণ্টা পড়তাম!' NEET UG টপার আরিয়ান গুপ্তার সাফল্যের নেপথ্যে রহস্য কী?
NEET UG Result 2026: পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা আরিয়ান গুপ্তা চিকিৎসক পরিবারে বড় হয়েছেন। তাঁর বাবা-মা দু’জনেই চিকিৎসক। ফল প্রকাশের পর তিনি জানান, ৭২০-র মধ্যে ৭১৫ নম্বর পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
NEET UG Result 2026: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৬ সালের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্রাজুয়েট (নিট ইউজি) পরীক্ষার ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এ বছর দেশজুড়ে রেকর্ড সংখ্যক ১১.২১ লক্ষ পরীক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল, ডেন্টাল, আয়ুষ এবং অন্যান্য সমমানের কোর্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন। এবারের পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে দেশের শীর্ষে জায়গা করে নিয়েছেন পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পাংশুল বানসাল।

এনটিএ-র প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের অধিকাংশের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। এবার নিট ইউজি পরীক্ষা ৭২০-র মধ্যে ৬৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭০০-এর বেশি নম্বর পেয়েছেন ১৯ জন। শীর্ষস্থানাধিকারী ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ শতাংশেরও বেশি ছিলেন প্রথমবার পরীক্ষা দেওয়া ছাত্র-ছাত্রী, যাদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।
নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি
পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা আরিয়ান গুপ্তা চিকিৎসক পরিবারে বড় হয়েছেন। তাঁর বাবা-মা দু’জনেই চিকিৎসক। ফল প্রকাশের পর তিনি জানান, ৭২০-র মধ্যে ৭১৫ নম্বর পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রস্তুতির সময় তিনি প্রতিদিন ১৬ থেকে ১৭ ঘণ্টা পড়াশোনা করতেন বলে জানিয়েছেন। ভবিষ্যতে অনকোলজিস্ট (ক্যানসার বিশেষজ্ঞ) হওয়ার স্বপ্ন দেখেন আরিয়ান। তিনি জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তাঁর ঠাকুমার ক্যানসারে মৃত্যু হয়। সেই ঘটনাই তাঁকে চিকিৎসক হওয়ার অনুপ্রেরণা দেয়। সংবাদ সংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে আরিয়ান গুপ্তা বলেন, 'আমার শিক্ষক এবং কোচিং ইনস্টিটিউটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে শেষ পর্যন্ত সময়কে সঠিকভাবে কাজে লাগানোই সবচেয়ে বড় বিষয়। প্রস্তুতির শেষ পর্যায়ে আমি প্রতিদিন ১৬-১৭ ঘণ্টা পড়তাম। তবে মাঝেমধ্যে বিরতিও নিতাম। মানসিক চাপ কমাতে নেটফ্লিক্স দেখতাম এবং সোশ্যাল মিডিয়াও ব্যবহার করতাম।'
রাজ্যভিত্তিক নিট টপারদের তালিকা
পিটিআই-র প্রতিবেদন অনুসারে, এবারের পরীক্ষায় দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন। রাজ্যভিত্তিক হিসেবে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি, ১.৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী যোগ্যতা অর্জন করেছেন। অন্যদিকে, লক্ষদ্বীপ থেকে ৪৩ জন পরীক্ষায় সফল হয়েছেন। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৩৮ জন পরীক্ষার্থী দেশের ৬৬টি শহর থেকে এসেছেন, যা দেশের বিভিন্ন প্রান্তে মেধার বিস্তারকে তুলে ধরেছে। ৭০৫-এর বেশি নম্বর পাওয়া শীর্ষ ১৭ জন পরীক্ষার্থী এসেছেন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলাঙ্গানা-এই আটটি রাজ্য থেকে।
নিট ইউজি পরীক্ষা
নিট ইউজি হল দেশের বৃহত্তম মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে এমবিবিএস , বিডিএস, আয়ুষ এবং একাধিক সহযোগী স্বাস্থ্যবিজ্ঞান কোর্সে ভর্তি নেওয়া হয়। প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে প্রথম দফার পরীক্ষা বাতিল করা হয়েছিল। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পুনঃপরীক্ষার এক মাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করল এনটিএ।
E-Paper

