Tata Sons Chairman Row: ‘অবৈধ!' চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে টাটা ট্রাস্টে চরম বিবাদ, কী বললেন নোয়েল টাটা
Tata Sons Chairman Row: বৃহস্পতিবার একটি বৈঠকে টাটা সন্সের তরফে এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে রেখে দেওয়ার সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয়।
Tata Sons Chairman Row: বিরোধিতা করেছিলেন আগেই। এবার প্রকাশ্যে প্রতিবাদ। টাটা সন্সের চেয়ারম্যান পদে নটরাজন চন্দ্রশেখরনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তকে অবৈধ বলল নোয়েল টাটার নিয়ন্ত্রণে থাকা টাটা ট্রাস্ট। ১৭ সেপ্টেম্বরের বোর্ড বৈঠকে ৪:১ ভোটে এন চন্দ্রশেখরণের পুনর্নিয়োগ অনুমোদিত হলেও, সংস্থার আর্টিকেল অব অ্যাসোসিয়েশন (AoA)-এ থাকা আলাদা একটি শর্ত পূরণ হয়নি বলে দাবি টাটা ট্রাস্টের।
বৃহস্পতিবার একটি বৈঠকে টাটা সন্সের তরফে এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে রেখে দেওয়ার সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয়। কিন্তু টাটা ট্রাস্টের দাবি, মেয়াদ বৃদ্ধি আইন মেনে হয়নি। নোয়েল টাটার বক্তব্য, টাটা ট্রাস্টের মনোনীত দুই পরিচালকের সমর্থন না থাকলে শুধু বোর্ডের সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। টাটা ট্রাস্টের তরফে বৈঠকে হাজির ছিলেন নোয়েল টাটা এবং ভেনু শ্রীনিবাসন। নোয়েল প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ভেনু-সহ চারজন ভোট দেন পক্ষে। ভেনুকে বাদ দিয়ে বাকি তিনজন টাটা সন্সের সদস্য। কিন্তু টাটা ট্রাস্ট মনে করছে চারজনের সমর্থন পাওয়া এখানে কোনও ব্যাপার নয়। কারণ শর্ত পূরণ হয়নি। শর্ত হল ট্রাস্টের ডিরেক্টরদের দু'জনকেই প্রস্তাবটিকে সমর্থন করতে হবে। এখানে সেটাই হয়নি।
বৃহস্পতিবারের বৈঠকের পর পাঠানো দুটি চিঠিতে নোয়েল টাটা বোর্ডের এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁর 'গভীর হতাশা' এবং 'তীব্র আপত্তি' প্রকাশ করেছেন। টাটা সন্সের গ্রুপ কোম্পানি সেক্রেটারি সুপ্রকাশ মুখোপাধ্যায়কে লেখা চিঠিতে নোয়েল লেখেন, 'এই ধরনের আচরণ বোর্ডের প্রতি এবং যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আমি-সহ অন্য সদস্যরা আজকের কার্যধারায় অংশ নিয়েছিলেন, তার প্রতি এক চরম অবমাননা। যখন সংস্থার পরিচালকদের আশ্বস্ত করা হয়েছিল যে বিষয়টি শর্তাধীন এবং অমীমাংসিত রয়েছে, তখন একটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জনগণ এবং বাজারের কাছে বার্তা দেওয়া চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা এবং এর ফলে শেয়ারহোল্ডার, কর্মী, ঋণদাতা ও সামগ্রিক বাজার স্পষ্টতই বিভ্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।'
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে টাটা সন্সের আর্টিক্যালস অফ অ্যাসোসিয়েশনের দুটি ধারা। চিঠিতে নোয়েল শুরু থেকেই গোটা পুনর্নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে নিন্দা করেছেন। চিঠিতে তিনি আরও স্মরণ করিয়ে দেন যে বোর্ড বৈঠকে তিনি উল্লেখ করেছিলেন ধারা ১১৮ হলো সঠিক প্রক্রিয়া, যা ২০২২ সালে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল; যদিও মুখোপাধ্যায় দাবি করেছিলেন যে এটি ধারা ১২১-এর অধীনে ছিল। নোয়েল বলেন, 'শুরুতেই আমি নথিভুক্ত করতে চাই যে, উল্লিখিত বিষয়ে নেওয়া ভোট এবং এ সংক্রান্ত বিষয়ে সংস্থার অনুসৃত সামগ্রিক প্রক্রিয়াটি সংস্থার আর্টিক্যালস অফ অ্যাসোসিয়েশনের পরিপন্থী ছিল। এবং যে প্রস্তাব পাস হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা শুরু থেকেই বাতিল ও অকার্যকর এবং এর কোনও আইনি প্রাসঙ্গিকতা, কার্যকারিতা বা কোনও প্রভাব নেই।'
চিঠিতে নোয়েল জানান, চার বছর আগে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগ করতে টাটা সন্স ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিল। বৈঠকে কোম্পানি সেক্রেটারি এই দাবি অস্বীকার করলে, নিজের যুক্তি প্রমাণের জন্য নোয়েল ১১ ফেব্রুয়ারি, ২০২২ সালের বৈঠকের কার্যবিবরণী (minutes) সংযুক্ত করেন। সেই কার্যবিবরণী শেয়ার করে নোয়েল লেখেন, 'সেই কার্যবিবরণীতে যেমনটি নথিভুক্ত রয়েছে, চেয়ারম্যানের পুনর্নিয়োগ আর্টিক্যালস অফ অ্যাসোসিয়েশনের ধারা ১১৮-এর অধীনে কার্যকর করা হয়েছিল।' তিনি আরও লেখেন, '১৭ সেপ্টেম্বর, ২০২৬-এর বৈঠকে আমি বারবার ঠিক এই অবস্থানের কথাই বলেছিলাম, যা আপনার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল।' শুক্রবার প্রথম চিঠির পর পাঠানো নোয়েলের দ্বিতীয় চিঠিটিতে মূলত দুটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। প্রথমত, তিনি জানান যে তিনটি প্রশ্নের উত্তরের জন্য একটি আইনি মতামত নিতে সম্মত হয়েছিল টাটা সন্সের বোর্ড: ধারা ১১৮ কী চেয়ারম্যানের পুনর্নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য, তাঁর (নোয়েলের) বিরোধিতা সত্ত্বেও কী এই সিদ্ধান্ত অনুমোদন করা সম্ভব, এবং চেয়ারম্যানের নির্ণায়ক ভোট (deciding vote) কোনও অমীমাংসিত ভোটাভুটিতে সমতা ভাঙতে পারে কিনা।
চন্দ্রশেখরন, নোয়েল এবং শ্রীনিবাসন ছাড়াও টাটা সন্সের ছয় সদস্যের বোর্ডে রয়েছেন গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সৌরভ আগরওয়াল এবং দুই স্বতন্ত্র পরিচালক হরিশ মনওয়ানি ও অনিতা মারানগোলি জর্জ। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের যে আইনি মতামত বা লিগ্যাল অপিনিয়ন নোয়েল পেশ করেছিলেন, তা বিবেচনা করেনি টাটা সন্সের বোর্ড। বিচারপতি চন্দ্রচূড়ের মতে, টাটা সনসের 'আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন' (Articles of Association) অনুযায়ী, চন্দ্রশেখরনের মতো পদে নিয়োগের ক্ষেত্রে ট্রাস্টের সংখ্যাগরিষ্ঠ মনোনীত ডিরেক্টরের সমর্থন থাকা বাধ্যতামূলক ও এটি একটি পৃথক স্বতন্ত্র শর্ত। টাটা সন্সের বোর্ড অবশ্য এর পরিবর্তে অপর এক আইনজীবী সুদীপ্ত সরকারের শরণাপন্ন হয়।
E-Paper

