Oracle layoffs 2026: ‘আজই আপনার কাজের শেষ দিন!’ ভোর ৬টার ইমেলে মাথায় হাত টেক জায়ান্ট সংস্থার কর্মীদের

Oracle layoffs 2026: কিছু কর্মী প্রথমে বুঝতে পারেন তাঁদের ওরাকল সিস্টেম লগইন আর কাজ করছে না। এরপর স্ল্যাক-এর মতো যোগাযোগ ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন হয়ে যান অনেকে। তার কিছুক্ষণ পরেই আসে ওরাকল লিডারশিপ-এর ইমেল।

Published on: Sep 15, 2026, 13:07:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Oracle layoffs 2026: টেক দুনিয়ায় ফের বড়সড় চাকরি হারানোর খবর। এআই ও ক্লাউড ব্যবসায় বিপুল বিনিয়োগের মধ্যেই ফের কর্মী ছাঁটাই (Layoff) শুরু করল মার্কিন প্রযুক্তি সংস্থা ওরাকল। বেশ কিছু কর্মীকে মঙ্গলবার ভোরের দিকে ইমেল করে জানানো হয়েছে, তাঁদের পদ আর রাখা হচ্ছে না। সবচেয়ে চমকপ্রদ বিষয়, কর্মীদের অনেকেই অফিসের সিস্টেমে ঢুকতে না পারার পর পান সেই ‘৬টা’র ইমেল।

ভোর ৬টার ইমেলে মাথায় হাত টেক জায়ান্ট সংস্থার কর্মীদের REUTERS/Robert Galbraith/File Photo
ভোর ৬টার ইমেলে মাথায় হাত টেক জায়ান্ট সংস্থার কর্মীদের REUTERS/Robert Galbraith/File Photo

কর্মীদের পাঠানো ইমেইটিতে শুরুতেই জানানো হয়েছে যে সংস্থার বর্তমান ব্যবসায়িক কৌশল ও সাংগঠনিক পরিবর্তনের কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মেলবক্সে আসা বার্তায় লেখা ছিল, 'সংস্থার পুনর্গঠনের জন্য সংশ্লিষ্ট পদটি তুলে নেওয়া হচ্ছে এবং আজই উক্ত কর্মীর শেষ কর্মদিবস।' তবে এই সিদ্ধান্তের ফলে ঠিক কতসংখ্যক কর্মী প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে ওরাকলের পক্ষ থেকে সরকারিভাবে কোনও স্পষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

জানা গেছে, কিছু কর্মী প্রথমে বুঝতে পারেন তাঁদের ওরাকল সিস্টেম লগইন আর কাজ করছে না। এরপর স্ল্যাক-এর মতো যোগাযোগ ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন হয়ে যান অনেকে। তার কিছুক্ষণ পরেই আসে ওরাকল লিডারশিপ-এর ইমেল। সেই মেলে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মীর পদ বাতিল করা হয়েছে এবং সেদিনই তাঁর শেষ কর্মদিবস। এই পদ্ধতি ওরাকল-এর আগের ছাঁটাইয়ের সঙ্গেও অনেকটা মিলে যাচ্ছে। ফলে কর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

কর্মীদের জরুরি নির্দেশ

ইমেলের মাধ্যমে প্রভাবিত কর্মীদের কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে:

ব্যক্তিগত ইমেল: ছাড়পত্র সংক্রান্ত নথি, সেভারেন্স সংক্রান্ত তথ্যাবলি (FAQs) এবং ভবিষ্যৎ যোগাযোগের জন্য কর্মীদের অবিলম্বে তাঁদের ব্যক্তিগত ইমেল আইডি জমা দিতে বলা হয়েছে।

সিস্টেম অ্যাক্সেস বন্ধ: মেলে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে খুব শীঘ্রই কর্মীদের কম্পিউটার, অফিসিয়াল ইমেল, ফাইল এবং ভয়েসমেইলের অ্যাক্সেস নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

তথ্য সুরক্ষার নিয়ম: অফিসের কোনও গোপনীয় বা গুরুত্বপূর্ণ তথ্য নিজেদের ব্যক্তিগত মেইলে পাঠানো, ডাউনলোড করা বা কপি করে নিজের কাছে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যম 'বিজনেস ইনসাইডার'-এর প্রতিবেদন অনুযায়ী, ওরাকল-এর তরফ থেকে জানানো হয়েছে যে, নিয়ম অনুযায়ী ছাঁটাই হওয়া কর্মীরা একটি নির্দিষ্ট ক্ষতিপূরণ বা 'সেভারেন্স প্যাকেজ' (Severance Package) পাবেন। এই প্যাকেজ এবং চূড়ান্ত অব্যাহতির তারিখ সম্পর্কিত বিস্তারিত নথি পৃথকভাবে 'ডকুসাইন'-এর মাধ্যমে তাঁদের অফিসের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে।

কেন এই সময়ে ওরাকল-এ ফের ছাঁটাই?

এআই-নির্ভর ক্লাউড পরিষেবার চাহিদা মেটাতে ওরাকল পরিকাঠামোয় বিপুল অর্থ বিনিয়োগ করছে। এআই পরিষেবার চাহিদা মেটাতে সংস্থাটি ডেটা সেন্টার সম্প্রসারণে প্রচুর অর্থ ঢালছে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার মূলধনী ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৮.৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের ৮.৫ বিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি। সমগ্র অর্থবর্ষে মূলধন খরচের পূর্বাভাস ৯০ থেকে ৯৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে। তবে বিপুল বিনিয়োগের পাশাপাশি খরচ কমানোর চাপও রয়েছে। ২০২৬ অর্থবর্ষে ওরাকলের কর্মীসংখ্যা প্রায় ২১ হাজার কমেছে, অর্থাৎ প্রায় ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। মে ২০২৬-এর শেষে সংস্থায় কর্মী সংখ্যা ছিল প্রায় ১.৪১ লক্ষ, যা এক বছর আগে প্রায় ১.৬২ লক্ষ ছিল। ওই অর্থবর্ষে কর্মী ছাঁটাই ও পুনর্গঠন বাবদ সংস্থার খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শুধু তাই নয়, পুনর্গঠন কর্মসূচির সম্ভাব্য খরচ আরও প্রায় ৭০০ মিলিয়ন ডলার বাড়ানোর কথা সম্প্রতি জানিয়েছে ওরাকল। ফলে এআই ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি কর্মী ও পরিচালন ব্যয় কমানোর কৌশলও জোরদার করছে সংস্থা।