...
...
Next Story

Brazil National Football Team: কলকাতায় সাম্বা-ঝড়! ভারতে খেলতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল? কবে এই ম্যাচ?

Brazil National Football Team: ২০২৬-২৭ মরশুমের আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করার আগে সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে দু’টি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Published on: Jul 30, 2026, 23:16:16 IST
Advertisement

Brazil National Football Team: কেপ ভের্দে, কুরাসাওয়ের মতো ছোট দেশগুলি বাজিমাত করলেও ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া এখনও স্বপ্নই থেকে গিয়েছে ভারতীয় ফুটবল দলের কাছে। তবে বিশ্বকাপ শেষ হতে না হতেই এবার ভারতীয় ফুটবল অনুরাগীদের জন্য দারুণ এক খবর সামনে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের অন্যতম জনপ্রিয় দল তথা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ফুটবল টিম আগামী অক্টোবরে ভারত সফরে আসতে পারে। শুনতে অবিশ্বাস্য শোনালেও অন্তত ব্রাজিলীয় সংবাদমাধ্যমের দাবি এমনটাই। সব ঠিক থাকলে, ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবেন ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরো, রাফিনিয়ারা। আর সেই ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে পারে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন।

চলতি বছরেই কলকাতায় খেলতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল?

ভারতে খেলতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল?
ভারতে খেলতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল?

ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যম 'জিই গ্লোবো'-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ মরশুমের আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করার আগে সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে দু’টি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সেলেকাওরা। এর পরে ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে তৃতীয় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল। সব কিছু ঠিক থাকলে ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম বড় আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে এটি। কারণ, এই প্রথম ব্রাজিলের সিনিয়র টিম ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধেই খেলতে নামবে। এই খবর প্রকাশ্যে আসার পরেই জোর চর্চা চলছে ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে। বাড়তি খুশি কলকাতার বাসিন্দারা। ম্যাচটি শেষ পর্যন্ত আয়োজিত হলে কলকাতার সঙ্গে ব্রাজিলের ঐতিহাসিক সম্পর্কের নতুন অধ্যায় যোগ হবে।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

১. আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত ও ব্রাজিলের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হতে পারে।

৩. কলকাতায় ম্যাচের আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল।

৪. ম্যাচটি হলে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ব্রাজিলের সিনিয়র দলের প্রথম ম্যাচ হবে।

৫. ১৯৭৭ সালে পেলের কলকাতা সফরের পর আবারও ব্রাজিলকে ঘিরে ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভারতীয় ফুটবলপ্রেমীরা।

গত কয়েকদিন ধরেই ব্রাজিলের ভারত সফর নিয়ে জোর জল্পনা চলছিল। এর আগে ইএসপিএন ব্রাজিল-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, কলকাতায় একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আলোচনা চালাচ্ছে। যদিও তখন প্রতিপক্ষের নাম জানানো হয়নি। এবার 'জিই গ্লোবো'-র দাবি, ৩ অক্টোবর কলকাতায় সন্দেশ-শুভাশিসদের বিরুদ্ধে খেলতে পারে কার্লো আন্সেলোত্তির ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন কলকাতায় ব্রাজিলকে ঘিরে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তা নাকি নজর কেড়েছে সিবিএফ-এর। শহরের বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা, ফুটবলারদের কাট-আউট এবং ছবিতে দেওয়াল ভরে গিয়েছিল। হাজার হাজার সমর্থকের সেই আবেগই ব্রাজিলকে ভারতে আনার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

ব্রাজিলের সঙ্গে কলকাতার দীর্ঘদিনের সম্পর্ক

ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে কলকাতার এক দীর্ঘ ইতিহাস রয়েছে। কিংবদন্তি ফুটবল তারকা পেলে ১৯৭৭ সালে ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমসের হয়ে একটি ঐতিহাসিক ম্যাচে খেলেছিলেন। তিনি পরে ২০১৫ সালে কলকাতা সফর করেন। সেই ম্যাচ আজও ভারতীয় ফুটবলের ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা। এমতাবস্থায়, আগামী অক্টোবরে ব্রাজিল দলের এই সফরটি সত্যিই সম্পন্ন হলে, কলকাতার ফুটবল অনুরাগীরা ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবল কিংবদন্তিদের নিজেদের চোখের সামনে মাঠে খেলতে দেখার এক সুবর্ণ সুযোগ পেতে পারেন।

তবে ব্রাজিলের সাম্প্রতিক বিশ্বকাপ অভিযান সুখকর ছিল না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রের দুরন্ত পারফরম্যান্সও দলকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেলেও, নতুন করে দল গঠনের লক্ষ্যেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলিকে গুরুত্ব দিচ্ছে সিবিএফ। এখন নজর চূড়ান্ত ঘোষণার দিকে। সবুজ সংকেত মিললে বহু দশক পর আবারও কলকাতার মাটিতে ব্রাজিল জাতীয় দলের খেলা দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe