PM মোদীর চোখে এআই স্মার্টগ্লাস! চ্যাটজিপিটি-জেমিনিকেও হার মানাবে তাঁর মডেল, কে এই প্রত্যুষ কুমার?

এআই ইমপ্যাক্ট সামিটে অন্যতম আকর্ষণ ছিল 'সারভম কাজে' নামে এআই চালিত ওয়্যারেবল ডিভাইস।

Published on: Feb 18, 2026, 14:41:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লির ভারত মণ্ডপমে এআই ইম্প্যাক্ট সামিট ২০২৬-এর সূচনা করেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এই বিশেষ এআই সামিটের সূচনা হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ১৬ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে প্রযুক্তি নিয়ে নানান আলোচনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রদর্শনীর সাক্ষী থাকবেন অংশগ্রহণকারীরা। তবে প্রথম দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্যাক্ট সামিট বা সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর চোখে ধরা পড়ল এক বিশেষ চশমা। যা বাইরে থেকে আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এই চশমা একেবারেই সাধারণ চশমা নয়। এই চশমাটি আসলে একটি এআই স্মার্টগ্লাস। যা তৈরি করেছে দেশেরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ 'সারভম এআই।'

চ্যাটজিপিটি-জেমিনিকেও হার মানাবে প্রত্যুষ কুমারের মডেল (সৌজন্যে টুইটার)
চ্যাটজিপিটি-জেমিনিকেও হার মানাবে প্রত্যুষ কুমারের মডেল (সৌজন্যে টুইটার)

এআই স্মার্টগ্লাস

সোমবার দিল্লিতে এআই সামিটের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছেন বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সিইওরা। ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সম্মেলনে যোগ দিয়েছে গুগল, অ্যাডবি, ডিপমাইন্ড, কোয়ালকম, আনথ্রপিকের মতো একাধিক সংস্থা। এই তালিকায় নাম ছিল ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা 'সারভম এআই'-এরও। এই সংস্থার সহপ্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার এআই সামিট ২০২৬-এ বিশেষ নজর কেড়েছেন। তাঁর বানানো এআই স্মার্টগ্লাস পরেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তিনিই দাবি করেছেন, তাঁর এআই প্রযুক্তি চ্যাটজিপিটি, জেমিনির মতো মডেলকেও পিছনে ফেলে দেবে।

এআই ইমপ্যাক্ট সামিটে অন্যতম আকর্ষণ ছিল 'সারভম কাজে' নামে এআই চালিত ওয়্যারেবল ডিভাইস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চোখে নিয়ে পরীক্ষা করে দেখেন সেটি। দেখতে সাধারণ চশমার মতো হলেও এটি আসলে এআই ডিভাইস, যা তৈরি করেছে বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্টআপ 'সারভম এআই।' এটি একটি বিশেষ 'স্মার্ট চশমা'- যা শুধু দেখা নয়, শুনতে এবং বুঝতে সাহায্য করবে এবং সঙ্গে সঙ্গে উত্তরও দিতে পারবে। সারভম-এর নিজস্ব এআই স্ট্যাক এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে এটি ভারতীয় ভাষা ও আঞ্চলিক প্রেক্ষাপট বুঝতে পারবে। এতে রয়েছে 'Edge AI' প্রযুক্তি, যার ফলে-

১. ডেটা সরাসরি ডিভাইসে জমা হয়

২. দ্রুত উত্তর পাওয়া যায়

৩. ব্যক্তিগত তথ্য বেশি সুরক্ষিত থাকে

৪. অনেক ক্ষেত্রে ইন্টারনেট ছাড়াও কাজ করা সম্ভব

বিশ্ববাজারে ইতিমধ্যেই স্মার্ট গ্লাস জনপ্রিয় হয়েছে, বিশেষ করে Meta-র তৈরি ওয়্যারেবলগুলির মতো ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করতেই 'সারভম কাজে'-কে ভারতীয় বিকল্প হিসেবে তুলে ধরা হচ্ছে।

কে এই প্রত্যুষ কুমার?

২০০৯ সালে আইআইটি বম্বে থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং–এ বি-টেক করেন প্রত্যুষ কুমার। পরে ২০১৪-তে ETH Zurich থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পূর্ণ করেন। এক বছর পরই অর্থাৎ ২০১৫ সালে IBM Research-এ গবেষক হিসেবে কাজ শুরু করেন। এরপর মাইক্রোসফট রিসার্চে দু'বছর গবেষণা করেছেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আইআইটি মাদ্রাজে অধ্যাপনা করেছিলেন। বর্তমানে তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

উদ্যোক্তা হিসেবে ভূমিকা

বিবেক রাঘবনের সঙ্গে মিলে 'সারভম এআই' তৈরি করেছেন প্রত্যুষ কুমার। এই সংস্থা দাবি করেছে, তাদের তৈরি মডেল চ্যাটজিপিটি ও গুগল জেমিনির থেকেও এগিয়ে। ভারতীয় ভাষার জন্য এআই টুল নির্মাণকারী AI4Bharat-কেও নেতৃত্ব দিয়েছেন। অনলাইন প্ল্যাটফর্ম PadhAI চালু করেছেন, যেখানে অল্প খরচে প্রযুক্তি সংক্রান্ত বহু বিষয়ে শেখা যাবে। এছাড়াও One Fourth Labs-এর সহপ্রতিষ্ঠাটাও তিনি, যা এআই সংক্রান্ত শিক্ষা ও পরামর্শ দেওয়ার কাজ করে।

এআই সামিটে প্রত্যুষ বলেন, ভারতের এআই-এ শুধু ইংরেজি নয়, স্থানীয় ভাষা ও প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়াই ভবিষ্যতের মূল লক্ষ্য হওয়া উচিত। তাঁর কথায়, 'একজন মহারাষ্ট্রের গ্রামের মানুষের যা অনুভূতি হয়, সেটি ইউরোপের মানুষের নাও হতে পারে। তাই ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে নতুন মানদণ্ড তৈরি করতে হবে- যেখানে সকলের নিজেদের ভাষা, কণ্ঠস্বর, আচরণ প্রাধান্য পাবে।' সীমাবদ্ধতা থাকলে এআই তাঁর প্রকৃত উদ্দেশে সফল হতে পারে না, তাই সকলের জন্য প্রযুক্তি উন্মুক্ত রাখার বার্তাও দিয়েছেন প্রত্যুষ কুমার। তিনি জানিয়েছেন, ডিভাইসটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের মে মাসের মধ্যে এটিকে বাজারে লঞ্চ করা হতে পারে। তবে এর দাম কত হতে পারে, তা এখনও ঠিক ক্ররা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি প্রমাণ করছে যে ভারত আর শুধু এআই ব্যবহারকারী দেশ নয় বরং নিজস্ব প্রযুক্তি, ভাষা-কেন্দ্রিক মডেল ও হার্ডওয়্যার তৈরি করে এআই নির্মাতা দেশ হিসেবেও উঠে আসছে। দেশীয় গবেষণা, স্টার্টআপ ও সরকারি উদ্যোগ মিলিয়ে ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এই ধরনের এআই ওয়্যারেবল বড় ভূমিকা নিতে পারে।