Sonia Gandhi: স্বামীকে রাজনীতিতে চাননি সনিয়া, বাধা দেননি রাহুলকে! আত্মজীবনীতে বিস্ফোরক কংগ্রেস নেত্রী
Sonia Gandhi: সনিয়া গান্ধী লিখছেন, রাহুল গান্ধীর রাজনীতির প্রতি অগ্রহ অনেক দিনের। তিনি এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী বাবার সঙ্গে নিয়মিত আমেঠী যেতেন। রাজীব গান্ধী চাইতেন ভারতের গ্রামীণ জীবন সম্পর্কে ছেলে-মেয়ের অভিজ্ঞতা হোক।
Sonia Gandhi: কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী চাননি স্বামী রাজীব গান্ধী রাজনীতির ‘জঘন্য জগতে’ পা রাখুন। কিন্তু তাঁর সেই বাধায় কাজ হয়নি। রাজীব গান্ধী আমেঠী থেকে জয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পুত্র রাহুল গান্ধীকে অবশ্য এ ব্যাপারে বাধা দেননি সনিয়া গান্ধী। ওই একই কেন্দ্র থেকে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সনিয়া গান্ধীর এই সমস্ত কিছু লিখেছেন নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ। মঙ্গলবার বইটি ভারতের বাজারে এসেছে।

সনিয়া গান্ধী লিখছেন, রাহুল গান্ধীর রাজনীতির প্রতি অগ্রহ অনেক দিনের। তিনি এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী বাবার সঙ্গে নিয়মিত আমেঠী যেতেন। রাজীব গান্ধী চাইতেন ভারতের গ্রামীণ জীবন সম্পর্কে ছেলে-মেয়ের অভিজ্ঞতা হোক। আমেঠী ছিল তাঁদের বাবা-মায়ের রাজনৈতিক নির্বাচনী এলাকা। উত্তরপ্রদেশ দেশের গুরুত্বপূর্ণ হিন্দিভাষী রাজ্যগুলোর একটি। পরে রাহুল গান্ধী বিদেশে পড়তে চলে যান। তবে দেশে ফিরলেই তিনি আমেঠী যেতেন। পরে সনিয়া গান্ধী নিজে ওই কেন্দ্রের সাংসদ হয়েছিলেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী তাঁর বাবা-মায়ের প্রতিটি নির্বাচনের সময় আমেঠীতে উপস্থিত হতেন। এভাবে তিনি দলীয় কর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তবে সেই সময় তাঁর প্রধান অগ্রাধিকার ছিল সন্তানদের লালন-পালন এবং বৌদ্ধ অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা করা। সনিয়া গান্ধী লিখেছেন, ‘রাহুল যখনই ভারতে ফিরত, আমার সঙ্গে কিংবা তাঁর বোনের সঙ্গে আমেঠীতে যেত। ফলে নির্বাচনী এলাকার মানুষের কাছে তাঁরা দুজনই পরিচিত মুখ ছিল। শেষ পর্যন্ত ভারতে ফিরে আসার পর এসব সফরের সময়ই রাহুল সেখানকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।’
সনিয়া গান্ধী আরও জানান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর এমফিল-এর বিষয় ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন। বিদেশে চাকরি করার সময়ও তিনি ভারতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর ঘনিষ্ঠ নজর রাখতেন। স্মৃতিকথায় সনিয়া গান্ধী লিখেছেন, ‘দল দীর্ঘদিন ধরেই তাঁকে সক্রিয় রাজনৈতিক ভূমিকা নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছিল। এর অর্থ ছিল তাঁর জীবনে সম্পূর্ণ পরিবর্তন আসা। তাঁকে একজন জনপরিচিত ব্যক্তিত্বে পরিণত হতে হতো, যার প্রতিটি পদক্ষেপ মানুষের নজরদারি ও বিচার-বিশ্লেষণের মুখে পড়বে।’ প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর সঙ্গে আলোচনা এবং নিজের গভীর চিন্তাভাবনার পর রাহুল গান্ধী রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান সনিয়া গান্ধী। ২০০৪ সালের মার্চে রাহুল গান্ধী ঘোষণা করেন, তিনি আমেঠী থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, সনিয়া গান্ধী পাশের রায়বরেলী আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। রাজীব গান্ধী ও রাহুল গান্ধীর রাজনীতিতে প্রবেশের বিষয়ে নিজের অবস্থানের পার্থক্য তুলে ধরে সনিয়া গান্ধী লিখেছেন, ‘দু’দশক আগে আমি রাজীবকে রাজনীতিতে না আসার অনুরোধ করেছিলাম। নিজেকে এবং আমাদের সকলকে সেই ভয়ঙ্কর জগতে ঠেলে না দেওয়ার জন্য মিনতি করেছিলাম। এখন আমার ছেলের পালা। এ বার আমি আর বাধা দিইনি। রাহুল তাঁর বাবার শেষ পরিণতি আগে থেকেই আঁচ করতে পেরেছিল। এ নিয়ে তাঁর সঙ্গে তর্কও করেছিল। তবুও সে তাঁর বাবার মূল্যবোধের প্রতি শ্রদ্ধা পোষণ করত। রাজীব আসন্ন বিপদ সত্ত্বেও সাহসের সঙ্গে নিজের পথে অবিচল ছিল। এর প্রতিও শ্রদ্ধা ছিল রাহুলের।’
সনিয়া গান্ধীর স্মৃতিকথা অনুযায়ী, প্রথম নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন রাহুল গান্ধী। এর পর নতুন দায়িত্ব নিয়ে উৎসাহের সঙ্গে কাজ শুরু করেন তিনি। রাজীব গান্ধীর উদ্যোগের ধারাবাহিকতায় রাহুল গান্ধীও গ্রামীণ আমেঠীতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। এদিকে, প্রিয়াঙ্কা গান্ধী নিজেকে দক্ষ ব্যবস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেন। আমেঠীতে তিনি স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) গড়ে তোলেন। এসব গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নিজেদের সমাজ পরিবর্তনের সক্রিয় শক্তি হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা হয়। সনিয়া গান্ধী লিখেছেন, ‘শুরুতে গোষ্ঠীগুলি ছিল ছোট, কিন্তু সেগুলোর মধ্যে বিপুল সম্ভাবনা ছিল। রাহুলের সম্পৃক্ততায় আমেঠীর স্বনির্ভর গোষ্ঠীগুলি উত্তর ভারতের সবচেয়ে বড় স্বনির্ভর গোষ্ঠীতে পরিণত হয়।’ এ ছাড়া রাহুল গান্ধী আমেঠীতে একটি প্রয়োজনীয় চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে হাসপাতালটির কার্যক্রম সম্প্রসারিত হয়ে লখনউ ও হরিয়ানাতেও শাখা চালু হয় বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন সনিয়া গান্ধী।
E-Paper

