DMK to Support NDA: বিজেপির হাত ধরবে ডিএমকে! বিজয়ের টিভিকে-র বিস্ফোরক দাবি ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা

টিভিকে-র আইটি সেলের দাবি, বিজেপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথে এগোচ্ছে স্ট্যালিনের দল। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরের বৈঠককেও এই সম্ভাবনার ইঙ্গিত হিসাবে তুলে ধরেছে তারা।

Published on: Nov 27, 2026, 08:21:02 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত! এত দিন বিজেপির কট্টর বিরোধিতা করে আসা এম কে স্ট্যালিনের দল ডিএমকে কি এ বার নরেন্দ্র মোদীর দলের হাত ধরতে চলেছে? এমনই বিস্ফোরক দাবি করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজ়াগম (টিভিকে)। সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হতেই এই জল্পনা সামনে এসেছে। যদিও বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা সরাসরি খারিজ করেছে ডিএমকে। তবে সংসদে ডিলিমিটেশন নিয়ে তাদের অবস্থান কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

বিজেপির হাত ধরবে ডিএমকে! বিজয়ের টিভিকে-র বিস্ফোরক দাবি ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা (PTI)
বিজেপির হাত ধরবে ডিএমকে! বিজয়ের টিভিকে-র বিস্ফোরক দাবি ঘিরে তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা (PTI)

আগামী ৩০ নভেম্বর থেকে ফের বসতে চলেছে লোকসভা। ২ ডিসেম্বর বসবে রাজ্যসভা। কেন্দ্রীয় সরকারের তরফে সংসদের বিশেষ অধিবেশন ডাকার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। চলতি বছরের এপ্রিল মাসে সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বিলটি পাশ করানো যায়নি। এ বার নতুন করে বিলটি আনার প্রস্তুতি শুরু হতেই বিরোধী শিবিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এই পরিস্থিতিতেই ডিএমকে-বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে টিভিকে।

টিভিকে-র আইটি সেলের দাবি, বিজেপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথে এগোচ্ছে স্ট্যালিনের দল। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরের বৈঠককেও এই সম্ভাবনার ইঙ্গিত হিসাবে তুলে ধরেছে তারা।

এ ছাড়া ডিএমকে-র মুখপত্র 'মুরাসোলি'তে তামিলনাড়ু বিজেপির সভাপতি নাইনার নাগেন্দ্রনের বক্তব্য প্রকাশ নিয়েও প্রশ্ন তুলেছে টিভিকে। তাদের অভিযোগ, যে দল এত দিন রাজ্যপালের ভূমিকার বিরোধিতা করেছে, তারাই এখন রাজ্যপালের সঙ্গে বৈঠক করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের একটি বিখ্যাত মন্তব্য উদ্ধৃত করে ডিএমকে-র আদর্শগত অবস্থান নিয়েও কটাক্ষ করেছে টিভিকে। তাদের দাবি, ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। অতীতে বিজেপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিল ডিএমকের। আবারও সেই পথে হাঁটতে পারে স্ট্যালিনের দল।

তবে এই অভিযোগ মানতে নারাজ ডিএমকে। দলের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লাহ এনডিটিভিকে জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোট বাঁধার কোনও পরিকল্পনা নেই তাঁদের। 'মুরাসোলি'তে নাগেন্দ্রনের কোনও পূর্ণাঙ্গ সাক্ষাৎকারও প্রকাশ করা হয়নি। বিজেপি নেতার বক্তব্যের ভিত্তিতে টিভিকে সরকারের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল মাত্র।

রাজ্যপালের সঙ্গে উদয়নিধির বৈঠক নিয়েও ব্যাখ্যা দিয়েছে ডিএমকে। হাফিজুল্লাহর বক্তব্য, বিরোধী দল হিসাবে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপালের কাছেই যেতে হয়। এর সঙ্গে দলের আদর্শগত অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

ডিলিমিটেশনেই কি বিজেপির সঙ্গে বোঝাপড়া?

তবে ডিএমকের অবস্থানে কিছুটা রাজনৈতিক নমনীয়তার ইঙ্গিত মিলেছে। দলের অন্যতম দাবি, আসন পুনর্বিন্যাসের পরেও সংসদে তামিলনাড়ুর বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখতে হবে। ডিএমকের বক্তব্য, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে দক্ষিণের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যাওয়া উচিত নয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য এর আগে আশ্বাস দিয়েছিলেন, ডিলিমিটেশনের পরে সব রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ করে বাড়ানো হবে। বর্তমানে লোকসভার ৫৪৩টি নির্বাচিত আসনের মধ্যে তামিলনাড়ুর আসন ৩৯টি। এই সংখ্যা বাড়িয়ে ৫৯ করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। তবে শুধু মৌখিক আশ্বাস নয়, আইনি নিশ্চয়তা চাইছে ডিএমকে।

কংগ্রেসের সঙ্গে ডিএমকের সম্পর্কেও সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস বিজয়ের টিভিকে-কে সরকার গঠনে সমর্থন করেছিল। তাতে অসন্তুষ্ট ডিএমকে। ফলে সংসদে ডিলিমিটেশন নিয়ে কংগ্রেসের বিরোধিতার মধ্যেও স্ট্যালিনের দল কী অবস্থান নেয়, তা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

সব মিলিয়ে বিজেপির সঙ্গে ডিএমকের সরাসরি জোটের কোনও ঘোষণা এখনও নেই। তবে ডিলিমিটেশন প্রশ্নে কেন্দ্রের প্রস্তাবের প্রতি তাদের অবস্থান এবং কংগ্রেস থেকে দূরত্ব দক্ষিণের রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। আগামী সপ্তাহে সংসদে স্ট্যালিনের দল কোন পথে হাঁটে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।