Madhya Pradesh News: যাত্রীবাহী বাসে তরুণীকে যৌন হেনস্থা! অভিযুক্ত যুবককে সপাটে চড়, ভাইরাল ভিডিও

Madhya Pradesh News: এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেওরি পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছে। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হওয়ায় এ ঘটনায় এখনও কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি। অন্যদিকে, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Published on: Jul 13, 2026, 21:58:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Madhya Pradesh News: মধ্যপ্রদেশের সাগর জেলায় একটি যাত্রীবাহী বাসের মধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে দুই তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যার জেরে ওই হেনস্তাকারীকে সপাটে চড় মারলেন এক তরুণী। আর সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

যাত্রীবাহী বাসে তরুণীকে যৌন হেনস্থা! অভিযুক্ত যুবককে সপাটে চড় (সৌজন্যে টুইটার)
যাত্রীবাহী বাসে তরুণীকে যৌন হেনস্থা! অভিযুক্ত যুবককে সপাটে চড় (সৌজন্যে টুইটার)

জানা গেছে, এই ঘটনাটি ঘটেছে দেওরি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে। সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বাসে বসে থাকা দুই তরুণীর মধ্যে গিয়ে একজনের কাছে অস্বস্তিকরভাবে দাঁড়ান। এরপর তিনি নিজের প্যান্টের চেইন খুলে অশালীন আচরণ করেন এবং বাসে অন্য যাত্রী উপস্থিত থাকা সত্ত্বেও নিজেকে বিবস্ত্র করার চেষ্টা করেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যক্তি তার গোপনাঙ্গ দিয়ে তরুণীর কাঁধ স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ। আর সঙ্গে সঙ্গে ওই তরুণী তাকে সপাটে চড় মারেন। ওই তরুণীর এহেন প্রতিবাদের মুখে অভিযুক্ত ব্যক্তি দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়। এই ঘটনায় বাসে থাকা অন্যান্য যাত্রীরাও হতবাক হয়ে পড়েন।

এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেওরি পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছে। তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হওয়ায় এ ঘটনায় এখনও কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি। অন্যদিকে, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই জনসমক্ষে যৌন হেনস্থার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করায় ওই তরুণীর প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'অসাধারণ। আপনার সাহসকে ধন্যবাদ।' আরেকজন আবার মন্তব্য করেন, 'মেয়েটি অত্যন্ত সাহসী। এ ধরনের বিকৃত মানসিকতার লোকদের কখনও ভয় পাবেন না। নিজের অবস্থানে অটল থাকুন এবং তাদের উপযুক্ত জবাব দিন।' তৃতীয় একজন বললেন, 'মেয়েটি সাহসী। আশা করি, লোকটি এমন শাস্তি পাবে যে অন্যরাও এমন জঘন্য কাজ করার আগে দুবার ভাববে।' চতুর্থ একজন আবার বলেছেন, 'সঠিক সময়ে সঠিক পদক্ষেপ, তার জেলে থাকা উচিত ছিল।'

ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণপরিবহণে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যৌন হেনস্থার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।