Yunus Govt on Mustafiz Row: বাংলাদেশে দেখানো হবে না IPL! মুস্তাফিজ বাদ পড়তেই তেলে বেগুনে জ্বলল ইউনুস সরকার

আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মুখ খুললেন। সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসানকে তিনি বলেছেন, যাতে বাংলাদেশে আইপিএল সম্প্রচারিত না হয়।

Published on: Jan 4, 2026, 06:46:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বর্তমান পরিপ্রেক্ষিতে বিসিসিআই এই মর্মে নির্দেশ দিয়েছিল কেকেআরকে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে মহম্মদ ইউনুস সরকারের উপদেষ্টারা। এই পরিস্থিতিতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মুখ খুললেন। সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসানকে তিনি বলেছেন, যাতে বাংলাদেশে আইপিএল সম্প্রচারিত না হয়। বাংলাদেশের যে পরিস্থিতির জেরে মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়লেন, সেই সংখ্যালঘু অত্যাচারের ইস্যুতে অবশ্য 'ঠুটো জগন্নাথ' হয়েই বসে আছে ইউনুসের সরকার। বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন চলছে। সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার।

আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। (PTI)
আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। (PTI)

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর খোকন দাস নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে কোপ মেরে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই ব্যবসায়ী ৩ জানুয়ারি মারা যান। কাকতালীয় ভাবে, এই খবর সামনে আসার কিছু পরই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয়।

নিলামে ৯ কোটি টাকারও বেশি দাম উঠেছিল মুস্তাফিজের। তাঁকে কিনেছিল কেকেআর। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বলে বিসিসিআই। এর আগে সিএসকে, হায়দরাবাদের মতো দলের হয়ে আইপিএল খেলে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। এদিকে একদিকে ভারত বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশ। অপরদিকে মুস্তাফিজ বাদ পড়ায় কার্যত রাতের ঘুম হাওয়া হয়েছে বাংলাদেশিদের।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের আবহে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ডানপন্থীরা। এমনকী শাহরুখকে 'বিশ্বাসঘাতক' আখ্যা দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সঙ্গীত সোম। শুধু রাজনৈতিক নেতা নন, আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে তুলোধোনা করেছিলেন। এদিকে বিজেপির সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রসন্ন করতে নাকি মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

এদিকে মুস্তাফিজ বিতর্কের মাঝেই বাংলাদেশ-ভারত সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। এর আগে ২০২৫ সালে রাজনৈতিক অশান্তির জেরে বাতিল হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। তবে নয়া বছরে বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত বাংলাদেশে যাবে। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে টি২০ সিরিজ। তবে বর্তমান পরিপ্রেক্ষিতে সেই সফরও হবে কি না, বলা কঠিন। তবে ততদিনে বাংলাদেশে নির্বাচিত সরকার চলে আসবে। তবে বর্তমান পরিপ্রেক্ষিত দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যা সহ হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনার আবহে মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই সিদ্ধান্তের পর অবশ্য দুই দেশের সম্পর্কে আরও তিক্ততা বাড়তে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More